বিএসএফের হাতে বাংলাদেশি নিহতের ঘটনায় মানবাধিকার কমিশন উদ্বিগ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান উদ্বেগ প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিডিআরের মহাপরিচালকের সঙ্গে বৈঠকে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, বৈঠকে তা জানতে চাওয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মানবাধিকার কমিশনের সদস্য এরোমা দত্ত। তিনি আজ পিলখানার চার নম্বর ফটকে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেন, ‘সীমান্তে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় বিডিআরের মহাপরিচালক খুবই আন্তরিক। ভারতীয় কর্তৃপক্ষকে তিনি কড়াভাবেই বলেছেন কোনো অজুহাতেই এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। তিনি ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছেন যদি কোনো বাংলাদেশি অপরাধী হয় তাহলে দেশের আইনে বিচার হবে।’বিডিআর বিদ্রোহের বিচার সুষ্ঠুভাবে হচ্ছে কি না, সে প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, ‘বিচারাধীন বিষয় কমিশনের এখতিয়ারভুক্ত নয়। তবুও বিডিআরের মহাপরিচালক এ বিষয়ে আমাদের অবহিত করেছেন।’ তিনি বলেছেন, এই বিচার স্বচ্ছ। এখানে কোনো লুকোচুরি করা হচ্ছে না। সাংবাদিকদের এখানে আসার সুযোগ দেওয়া হচ্ছে। বিডিআর বিদ্রোহের বিচার দ্রুত করতে পরিবর্তন হওয়ায় তিনি সরকার ও বিডিআরের প্রশংসা করেন।এ বিদ্রোহের বিচারে অভিযুক্তরা কেউ কোনো অভিযোগ করেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিযুক্তরা সবাই কারাগারে। তবুও আমাদের কাছে আসামিদের দু-একজনের স্বজন অভিযোগ করেছেন, আসামিদের যে আইনি সহায়তা পাওয়ার কথা তাদের কয়েকজন সেগুলো পাচ্ছে না। এ বিষয়টি যাচাইয়ের জন্য কমিশন খুব শিগগিরই দেশের দু-একটি কারাগার পরিদর্শন করবে। এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্তণালয়ে সুপারিশ করা হবে। আগামী মাসে ভারতীয় মানবাধিকার কমিশনের প্রধান বাংলাদেশে আসবেন। তখন সীমান্তে মৃত্যুর বিষয়ে অভিযোগ তুলে ধরা হবে।’ বিডিআরের হেফাজতে মৃত্য ও নির্যাতন সম্পর্কে জানতে চাইলে বলেন, ওটা অতীত বিষয়। আসামিরা এখন সবাই কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আছে।