বিএসএমএমইউতে সামান্য আগুনে ব্যাপক আতঙ্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) আজ মঙ্গলবার সন্ধ্যায় সামান্য আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের সি ব্লকের নিচতলায় আগুন লাগলে আতঙ্কে ১০ তলা ভবনটির কয়েক শত রোগী রাস্তায় নেমে আসে। কাউকে কোলে-পিঠে করে, আবার কাউকে টেনে-হিঁচড়ে নামিয়ে আনেন স্বজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।হাসপাতালের কর্মী ও নিরাপত্তাকর্মীরা কয়েক মিনিটের মধ্যেই আগুন নেভানোর যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সি ব্লকের নিচতলায় নিউরো সার্জারির জরুরি বিভাগ-সংলগ্ন খাবার গরম করার রান্না ঘরের উল্টোদিকের অক্সিজেন পাইপে আগুন লাগে। পরে হাসপাতালের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেছেন।ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক শেখ মিজানুর রহমান বলেন, ‘অক্সিজেন পাইপের জোড়া ঢিলা হয়ে সেখান থেকে অক্সিজেন বের হতে শুরু করে। তবে অক্সিজেন নিজে জ্বলে না, আগুন জ্বলতে সাহায্য করে। তাই রান্না ঘরের আগুনের সংস্পর্শে এসে সেখানে একটা বড় শিখা তৈরি হয়। এটা তেমন কিছু নয়। তবে আতঙ্ক ছড়িয়েছে মারাত্মকভাবে।’সন্ধ্যায় গিয়ে দেখা যায়, সি ব্লকের সামনের ফুটপাত ও রাস্তায় রোগী নিয়ে বসে রয়েছেন স্বজনরা। সেখানেই কথা হয় অনেক রোগী ও স্বজনের সঙ্গে। সদ্য অস্ত্রোপচার হওয়া কিডনি রোগী জাহাঙ্গীর আলমকে চার তলা থেকে টেনেহিঁচড়ে নামিয়েছেন তাঁর স্ত্রী। চার বছরের ছেলে শাহীনকে নিয়ে কক্ষের জানালা ভেঙে বের হয়েছেন মা শাহিনূর। গতকাল সোমবার শাহীনের মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। তিন তলা থেকে হামিদা বেগমকে একরকম কোলে করে নামিয়েছেন মেয়ে সাদিয়া লাইজু। মাথায় টিউমার নিয়ে হামিদা হাসপাতালে এসেছেন।সাদিয়া প্রথম আলো অনলাইনকে বলেন, ‘হঠাত্ শুনি আগুন আগুন চিত্কার, আনসাররা সমানে হুইসেল বাজাচ্ছে। এমন সময় বিদ্যুত্ চলে যায়। চারদিক অন্ধকার। তখন শুধু দরজা খুঁজে বের করে মাকে নিয়ে নেমে যাই।’এমন অনেক রোগী ছিলেন যাঁরা নড়তে চড়তে পারেন না। তাঁদের স্বজনেরা আঁঁকড়ে ধরে শুধু কেঁদেছেন। নিচতলায় ভর্তি জিন্নাতুন্নেসার শরীর ব্রেইন স্ট্রোকে অবশ হয়ে গেছে। ছেলে আবু তালেব মাকে ধরেই বসে ছিলেন।বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, রোগীরা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। সবাইকে আবার নিরাপদে বিছানায় ফিরিয়ে নেওয়া হয়েছে।হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া বলেন, হাসপাতালের কর্মীরা যথাসময়ে আগুন নিভিয়ে ফেলেছেন। গত দেড় বছরে হাসপাতালে এ ধরনের তিনটি অগ্নিকাণ্ড ঘটল বলে তিনি জানান।