বিএসটিআই ভেজালবিরোধী অভিযানের কর্মকর্তাদের হুমকি
বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভেজালবিরোধী অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে অভিযোগ করা হয়েছে। সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে হুমকিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়েছে। তবে সংসদীয় কমিটি হুমকিদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেনি। বৈঠক শেষে কমিটির সদস্য মুহিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে সারা দেশে সারের সরবরাহ, বিতরণ ও আমদানির বাস্তব অবস্থা নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয় কমিটিকে জানিয়েছে, বর্তমানে দেশে সারের কোনো সংকট নেই। সাত লাখ মেট্রিক টনের বেশি সার মজুদ রয়েছে। কমিটি সার কেনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সার সংরক্ষণের জন্য প্রয়োজনীয় গুদাম নির্মাণে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে। এ ছাড়া বিসিআইসির মাধ্যমে চীন থেকে থেকে প্রায় ২৫ হাজার টন সার কেনার বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়।বৈঠকে কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং বর্তমানে মাগুরা পেপার মিলে এমডি জহিরুল হককে ওএসডি করার সুপারিশ করা হয়। কারণ সংসদীয় কমিটির তদন্তের পরিপ্রেক্ষিতে কেপিএমএর ১৮১ কোটি টাকার একটি প্রকল্পে ব্যাপক দুর্নীতির সন্ধান পাওয়া যায়। এই দুর্নীতির সঙ্গে জহিরুল হক জড়িত। এ বিষয়ে কমিটির সদস্য মেরাজ উদ্দিন বলেন, ‘যারা দুর্নীতি করে, তাদের ক্ষমতা অনেক বেশি। কেপিএম থেকে অপসারণের পরে তাঁকে আবার মাগুরায় নিয়োগ দেওয়া হলো। সংসদীয় কমিটির সুপারিশের পরও একজন দুর্নীতিবাজ কর্মকর্তাকে কেন আবার নিয়োগ দেওয়া হলো তা বোঝা যাচ্ছে না। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অধীনে কর্মরত কারখানা শ্রমিকদের ২০০৯ সালে সরকারি বেতন স্কেল ঘোষণার তারিখ থেকে ওয়েজ বোর্ড বাস্তবায়নের সুপারিশ করা হয়। কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুহিবুর রহমান, মেরাজ উদ্দিন মোল্লা, আনোয়ারুল আশরাফ খান, জাহিদ মালেক, আলী আজগার ও সুলতানা বুলবুল অংশ নেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।