বিএসসির ৬২ লাখ ৭৪ হাজার শেয়ার ছাড়ার প্রক্রিয়া শুরু
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ১০০ টাকা অভিহিত মূল্যের ৬২ লাখ ৭৪ হাজার শেয়ার বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এসব শেয়ার বাজারে ছাড়া হবে।আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামে বিএসসির প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানান বিএসসির সচিব গোলাম হোসেন। বিএসসির ক্রেডিট রেটিংয়ের জন্য ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (সিআরআইএসএল) সঙ্গে এই চুক্তি সই হয়। এতে সিআরআইএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মুজাফফর আহমেদ এবং বিএসসির সচিব গোলাম হোসেন নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসসির নির্বাহী পরিচালক (বাণিজ্য) মোস্তফা কামাল উদ্দিন, নির্বাহী পরিচালক (অর্থ) মো. গোলাম মাওলা, নির্বাহী পরিচালক (প্রযুক্তি) মো. সাঈদ উল্লাহ প্রমুখ।অনুষ্ঠানে বিএসসির সচিব বলেন, শেয়ার বিক্রির আয় থেকে তেল পরিবহনের জন্য একটি মাদার ট্যাংকার কেনার পরিকল্পনা আছে বিএসসির। বর্তমান বাজারে একটি মাদার ট্যাংকারের দাম পড়ে ৪৫০ থেকে ৫০০ কোটি টাকা।বিএসসির ২০ লাখ শেয়ার বাজারে আছে। এর মধ্যে ৮৭ দশমিক পাঁচ শতাংশ সরকারের এবং ১২ দশমিক ৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের। বর্তমানে বিএসসির পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা এবং অনুমোদিত মূলধন ২৫ কোটি টাকা।