সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত কমিটির বৈঠক
বিও হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করার সুপারিশ
১৯৯৬ সালে শেয়ারবাজারে ধসের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে এবং দোষীদের বিরুদ্ধে মামলা পরিচালনার জন্য নতুন আইনজীবী নিয়োগের সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ সংক্রান্ত সার্বিক কাজ তদন্তের জন্য তিন সদস্যের একটি উপকমিটিও গঠন করা হয়েছে।একই সঙ্গে কমিটি পুঁজিবাজারে এক বছরের কম সময়ের বিনিয়োগকারীদের লাভের ওপর পাঁচ শতাংশ হারে কর আরোপ এবং বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট খোলার জন্য করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার সুপারিশ করেছে। গতকাল সোমবার সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফা, সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, এস কে বাকের, মইনুদ্দিন খান বাদল, বজলুল হক হারুন ও আমিনা আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা বলেন, পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের নিরাপত্তার জন্য বেশ কিছু সুপারিশ করা হয়েছে। বাজারে যাতে হঠাৎ করে ধস না নামে, সে জন্য যাঁরা কোনো কোম্পানিতে এক বছরের কম সময়ের জন্য বিনিয়োগ করবেন, তাঁদের লাভের ওপর পাঁচ শতাংশ হারে কর আরোপ করার কথা বলা হয়েছে। অর্থাৎ সেকেন্ডারি বাজারে কেনাবেচা করে যাঁরা লাভবান হবেন, তাঁদের মুনাফার ওপর পাঁচ শতাংশ হারে করা আরোপের সুপারিশ করা হয়েছে। তিনি আরও বলেন, বিও হিসাবধারীদের টিআইএন নম্বর বাধ্যতামূলক করার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকেও (এসইসি) বলা হয়েছে।কমিটির সভাপতি আরও জানান, ১৯৯৬ সালে শেয়ারবাজারের ধসকে কেন্দ্র করে ১৫টি মামলা হয়েছিল। সেসব মামলার এখনো নিষ্পত্তি হয়নি। কেন এসব মামলার নিষ্পত্তি হয়নি, তা তদন্তের জন্য কমিটির সভাপতির নেতৃত্বে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটির অপর দুই সদস্য হলেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও বজলুল হক হারুন। কমিটির সুপারিশ অনুযায়ী, এসব মামলার নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে এসব মামলা পরিচালনার জন্য নতুন আইনজীবী নিয়োগ করা হবে।১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫টি প্রতিষ্ঠানের মোট ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তবে বিভিন্ন সময় আদালত পরিবর্তন, অভিযোগ গঠন ও মামলা পরিচালনার ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় এ পর্যন্ত একটি মামলারও নিষ্পত্তি হয়নি।গতকাল সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত কমিটি আরও জানায়, বর্তমান সরকার যেসব পরিকল্পনা গ্রহণ করেছে তাতে ২০১৫ সাল পর্যন্ত জাতীয় গ্রিডে সাড়ে নয় হাজার মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ যোগ হবে। এর মধ্যে চলতি বছরে ৭৯২ মেগাওয়াট, ২০১১ সালে ৯২০, ২০১২ সালে দুই হাজার ২৬৯, ২০১৩ সালে এক হাজার ৬৭৫, ২০১৪ সালে এক হাজার ১০০ এবং ২০১৫ সালে দুই হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।কমিটির সদস্য মইনুদ্দিন খান বাদল জানান, বর্তমানে বিদ্যুৎ ঘাটতির পরিমাণ এক হাজার ৫০০ মেগাওয়াট। ২০১৩ সাল নাগাদ চাহিদার তুলনায় ঘাটতির পরিমাণ অনেকাংশেই কমে যাবে। আর ২০১৫ সালে চাহিদার তুলনায় উৎপাদন বেড়ে যাবে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দীর্ঘমেয়াদি যেসব প্রকল্প গ্রহণ করেছে, তা তদারকির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করার কথাও কমিটির সুপারিশে বলা হয়েছে।