বিওন্সিকে এক্স ফ্যাক্টরের লোভনীয় প্রস্তাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকান আইডলকে টেক্কা দিতে ও ইউএস এক্স ফ্যাক্টর শোকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে সব রকম চেষ্টাই চালিয়ে যাচ্ছেন মিউজিক মোগল সিমন কোয়েল। এই প্রক্রিয়ার অংশ হিসেবে শোটির সঙ্গে বড় মাপের তারকাদের সম্পৃক্ততার বিষয়টিকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এ লক্ষ্যে সম্প্রতি মার্কিন পপগায়িকা ও অভিনেত্রী বিওন্সি নোলসকে চার হাজার কোটি টাকার লোভনীয় প্রস্তাব দিয়েছেন তিনি। আর এই বিশাল অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে শোটির পরবর্তী পাঁচ মৌসুমের বিচারকের দায়িত্ব পালন করবেন বিওন্সি—এমনটাই চাইছেন সিমন।৫২ বছর বয়সী সিমনের মতে, তারকাখ্যাতির দিক দিয়ে বিওন্সি এখন অনেকটাই এগিয়ে রয়েছেন। এক্স ফ্যাক্টরের সাবেক বিচারক নিকোলে শেরজিঙ্গার কিংবা পলা আবদুলের স্থলাভিষিক্ত হয়ে এই শোয়ের রেটিং বাড়াতে সহায়ক ভূমিকা রাখতে পারবেন বিওন্সি- এমনটাই মনে করছেন সিমন।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, ‘শোটির বিচারকের আসনে বড় মাপের একজন নারী তারকা চাইছেন সিমন। এ ক্ষেত্রে মারায়া ক্যারির চেয়ে বিওন্সিই তাঁর পছন্দের তালিকায় এগিয়ে আছেন। কারণ তিনি মনে করছেন, শোটিতে বিওন্সির অন্তর্ভুক্তি আমেরিকান আইডলের জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে অনেক বেশি সহায়ক হবে।’