বিকট শব্দের কবলে সৈয়দপুরবাসী
সৈয়দপুর ৫০ শয্যা সরকারি হাসপাতালের বেডে শুয়ে পেটের যন্ত্রণায় কাতরাচ্ছিলেন টগরা মামুদ (৬৫)। এমন সময় জানালা দিয়ে বিকট শব্দে মাইকের ঘোষণা তাঁর কানে আসে, ‘চলিতেছে, তামান্না সিনেমার রুপালি পর্দায় ফুল কালার ফাইটিং অ্যাকশন ড্রামা...।’ মাইকের শব্দে গোটা হাসপাতাল যেন কেঁপে ওঠে। যন্ত্রণার কথা ভুলে অশ্রাব্য ভাষায় মাইকের ঘোষককে গালিগালাজ করতে থাকেন টগরা মামুদ। ঘটনাটি ১১ আগস্ট সকালের। হাসপাতালে ওই সময় উপস্থিত থেকে মাইকের বিকট শব্দে বিরক্ত বৃদ্ধের ওই সব খিস্তি শোনা গেল।সৈয়দপুর শহরের একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার আজিজুল ইসলাম (৬০) অভিযোগ করেন, নাপিতের দোকান উদ্বোধন হচ্ছে—এমন তুচ্ছ খবর প্রচারের জন্যও এখন শহরে মাইক ব্যবহূত হচ্ছে। সামনে ঈদ। মাইকওয়ালাদের অত্যাচারও বেড়ে গেছে বহু গুণ। সব রকম ফ্যাশন, কসমেটিক, বিউটি পার্লার, শারীরিক ফিটনেসের জন্য জিমের প্রচার, কোন সিনেমা হলে কী ছবি চলছে সব বিষয়েই মাইকে চলছে প্রচার-প্রচারণা। প্রতিদিন ৩৪ বর্গকিলোমিটারের এই শহরে ট্যাম্পো বা রিকশায় বাঁধা ২০ থেকে ২৫টি মাইক শহর কাঁপিয়ে এসব প্রচার চালিয়ে বেড়ায়।সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বললেন, ‘শহরের মানুষের অধিকাংশ দিনই ঘুম ভাঙে মাইকে মৃত্যুর শোক সংবাদ শুনে। উর্দুভাষী-অধ্যুষিত শহরে কখনো বাংলা, কখনো উর্দুতে মাইকে সিনেমা থেকে শুরু করে মৃত্যুসংবাদের এ রকম প্রচার আমাদের কান ঝালাপালা করে দিচ্ছে। কিন্তু এ নিয়ে কর্তৃপক্ষের যেন কোনো মাথাব্যথা নেই।’এলাকাবাসী জানায়, নিয়মনীতির তোয়াক্কা করে না সৈয়দপুরের মাইক প্রচারকেরা। তারা অবাধে শহর প্রকম্পিত করে উচ্চশব্দে মাইক বাজিয়ে। শব্দদূষণ বিধিমালা ২০০৬-এ রয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসংলগ্ন ৩০০ মিটার এলাকায় মোটরগাড়ির হর্ন পর্যন্ত বাজানো নিষেধ। একই বিধিমালায় উল্লেখ রয়েছে, ভোর ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত জনবহুল এলাকায় ৫৫ ডেসিবল পর্যন্ত শব্দ করা যাবে। ওই বিধিমালায় শহরের আবাসিক এলাকাকে বলা হয়েছে ‘নীরব এলাকা’। নীরব এলাকায় সর্বোচ্চ ৫০ ডেসিবল মাত্রায় শব্দ করা চলবে। রাতে শব্দের মাত্রা নেমে আসবে মাত্র ৪৫ ডেসিবলে। বিধিমালা অমান্যকারীদের বিরুদ্ধে জেল-জরিমানারও বিধান রাখা হয়েছে। একই বিধিমালায় প্রচারণার ক্ষেত্রে সিটি করপোরেশন পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদের অনুমোদনের বিধান রাখা হয়েছে। কত মাত্রার শব্দ ব্যবহূত হবে তা নিয়ে মুচলেকা দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। কিন্তু সৈয়দপুরে মাইকে অসহনীয় মাত্রায় প্রচার-প্রচারণা চালানো হলেও কোনো মুচলেকা দেওয়া হয় না বলে পৌরসভা সূত্র জানায়। এদিকে সৈয়দপুরে রাজনৈতিক দলের জনসভা, ওয়াজ মাহফিল, কাওয়ালি, জলসা, বিচিত্রা অনুষ্ঠান সবই শুরু হয় গভীর রাতে। এসব অনুষ্ঠানে উচ্চমাত্রার মাইক ব্যবহূত হয়। শহরের বাসিন্দা মাহবুব আলম জানান, যত রাত বাড়ে এসব জনসভায় লোকসমাগমও বাড়তে থাকে। এসব সভায় ২০ থেকে ১০০টি পর্যন্ত মাইক ব্যবহূত হয়। এ রকম ভয়াবহ মাত্রার শব্দদূষণে কাতর এখন সৈয়দপুরবাসী।সৈয়দপুরের মাইক প্রচারক ইউনিয়নের সদস্য শুকারু স্বীকার করেন, তাঁরা যে মাইক ব্যবহার করেন তাতে উচ্চক্ষমতাসম্পন্ন হর্ন বাঁধা থাকে। এতে যে শব্দদূষণ ঘটছে, সে সম্পর্কেও জানেন তিনি। তবে তিনি বলেন, ‘যাঁরা আমাদের মাইকে প্রচারের জন্য বায়না করেন, তাঁরাই চান হাই পাওয়ারের মাইক ব্যবহার হোক। কাজেই কিছু করার থাকে না।’সূত্রমতে, সৈয়দপুরে এখন ২০০ ডেসিবল মাত্রায় মাইক ব্যবহূত হচ্ছে, যা ভয়াবহ শব্দ দূষণ সৃষ্টি করছে। এতে শ্রবণ-সংক্রান্ত নানা রোগ ছড়িয়ে পড়ছে শহরে। অন্যান্য রোগেও মৃত্যুর ঝুঁকি বাড়ছে।সৈয়দপুর ৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সিরাজুল ইসলাম জানান, মাইকে উচ্চমাত্রার শব্দদূষণের ফলে কেবল শ্রবণ নয়, মানুষের মেধাশক্তিও কমে যেতে পারে। এ ছাড়া হার্ট ও উচ্চ রক্তচাপের রোগীদের জন্য শব্দদূষণ মৃত্যুর কারণ হতে পারে। তিনি শব্দদূষণ কমাতে পৌরসভাকে নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানান। সৈয়দপুরের পৌর মেয়র আখতার হোসেন জানান, মাইকে প্রচার বিষয়ে পৌরবিধি অনুযায়ী নিয়ন্ত্রণ আরোপের সুযোগ রয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।