বিকল্প উৎসে পানির খোঁজ
বৃহত্তর মিরপুরের পল্লবীর সি-ব্লকের বায়তুল আমান জামে মসজিদ এলাকার বাসিন্দা আবিদা জামান। তিনি জানালেন, তাদের এলাকায় ঢাকা ওয়াসার লাইনে ঠিকমতো পানি থাকে না। ফলে ভাড়াটিয়াদের নিয়মিত পানি সরবরাহ করা সম্ভব হয়ে ওঠে না। এতে ভাড়াটে আর বাড়িওয়ালার দ্বন্দ্ব লেগেই থাকে। ভাড়াটেরা মনে করেন, ইচ্ছে করেই বাড়িওয়ালারা এমনটি করেন।তাই পল্লবীর অনেক বাসিন্দা ঢাকা ওয়াসার পানির গাড়ি থেকে পানি কিনে নেন। গরমের মৌসুমে পানির গাড়ির এমন পানি ক্রেতা বেশি থাকে বলে ঢাকা ওয়াসার মডস জোন-৪ সূত্রে জানা যায়।ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) কাজ হচ্ছে গ্রাহকের দোরগোড়ায় পানি সরবরাহ করা। অথচ নগরের অনেক এলাকায়ই ঢাকা ওয়াসার সরবরাহ পাইপে নিয়মিত পানি আসে না। আবার কোথাও পানি এলেও সেটা আসে ঘড়ির কাঁটা মেপে। কোথাও সেই মাপা পানিটুকুতে থাকে উৎকট দুর্গন্ধ। ফলে গ্রাহকেরা পানি সংগ্রহের জন্যে বিকল্প উপায় বের করেন। কেউ ঢাকা ওয়াসার পানির গাড়ির খোঁজ করেন। কেউবা অন্য কোনো উৎস থেকে পানি সংগ্রহ করেন।পুরান ঢাকার বনগ্রাম আর ওয়ারীর হেয়ার স্ট্রিটে ওয়াসার লাইনে ঠিকমতো পানি থাকে না। এখানটায় রিকশাভ্যানে করে পানি বেচাকিনির ব্যবসাটি বেশ জমজমাট। ড্রামে করে পানি বেচার কাজটি করেন মোহাম্মদ মিজান। তিনি জানান, সাপ্লাই পানিতে দুর্গন্ধ থাকায় শীতের সময়ও ড্রামের পানি ভালোই বেচাবিক্রি হয়।নগরের বেশির ভাগ গণশৌচাগার থেকেই পানি বিক্রি করা হয়। জিপিওর (জেনারেল পোস্ট অফিস) পাশে রয়েছে একটি গণশৌচাগার। সেখানে গিয়ে দেখা মেলে পানি বেচার মহাযজ্ঞের। একটি রিকশাভ্যানের ওপর বেশ কয়েকটি খালি ড্রাম। সেগুলো ভরা হচ্ছে শৌচাগারের কলের পানিতে। কাজটি করছিলেন মোহাম্মদ আরিফ। তিনি জানান, সকাল-বিকেল চারবার রিকশাভ্যানে করে তিনি পানি নিয়ে যান। এগুলো নিয়ে যাওয়া হয় পল্টন আর সেগুনবাগিচায়। ড্রামপ্রতি মেলে এক থেকে দেড় শ টাকা। পানিবাহী রিকশাভ্যানের চালক জাহির উদ্দিন বলেন, ‘একটা ভ্যানগাড়ি আর আটটা ড্রাম দিয়ে ব্যবসা শুরু করেছি। সকাল-বিকেল দুই বেলা পানি বেচে আয় ভালোই হয়। গণশৌচাগারের দায়িত্বে থাকা কর্মচারীকে ড্রামপ্রতি কিছু টাকা দিতে হয়।’নবাবপুর রোডের কাপ্তানবাজার এলাকায়ও রয়েছে পানি বেচাকিনির এমন রিকশাভ্যান। এখানে পানি আনা হয় গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পাশে থাকা গণশৌচাগার থেকে। এদিকে গেন্ডারিয়ার সাবেক শরাফতগঞ্জ লেনে পানি মেলে ঘড়ির কাঁটা মেপে। ফলে সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত পানির অভাব থাকে এখানটায়। এখানকার বাসিন্দা গোলাম নবী জানান, শরাফতগঞ্জ লেনের বাসিন্দাদের অনেকেই পানির জন্য বাইরে থেকে কেনা জারের পানির ওপর নির্ভরশীল।মালিবাগের সোনালীবাগের বাসিন্দা সুব্রত সাহা বলেন, ‘বাসার কলে নিয়মিত পানি মেলে না। বাইরে থেকে খাওয়ার পানি বয়ে আনতে হয়। এ জন্য একজন কাজের লোক রেখে দিয়েছি। তার কাজ সারা দিন পানি বয়ে আনা। এ জন্য মাসপ্রতি গুনতে হচ্ছে বেশ কিছু টাকা।’ঢাকা ওয়াসার লাইনে পানি স্বল্পতার কারণে গ্রাহকদের বিকল্প উৎস থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে— এ প্রসঙ্গে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, ওয়াসার আওতাভুক্ত এলাকায় ‘ঢাকা ওয়াটার সাপ্লাই সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট’ নামে একটি প্রকল্প নেয়া হয়েছে। এর আওতায় নগররের পানি সংযোগ পাইপগুলো পর্যাক্রমে বদলে ফেলা হবে। নতুন পাইপগুলোতে পূর্ন চাপে পানি সরবরাহ করা হবে। পাইপে চাপ থাকলে পানি সংকট কমে আসবে। এরইমধ্যে প্রকল্পটির কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।এ কালের ভিস্তিওয়ালা!একসময় পুরান ঢাকায় ভিস্তিতে করে পানি সরবরাহ করা হতো। যারা এই কাজটি করতো তাদের নাম ছিল ভিস্তিওয়ালা। এখন ভিস্তির ব্যবহার, নেই ভিস্তিওয়ালাও। তবে পানি সরবরাহের কাজটি কিন্তু ঠিকই আছে। সদরঘাট, ইসলামপুর, পাটুয়াটুলীর লোকজন পানি সরবরাহকারীদের ভারওয়ালা নামে চেনে। তারা পানি ভর্তি টিনের জার ভারে করে বহন করেন। ওয়াইজঘাটের বুলবুল ললিতকলা একাডেমির (বাফা) পাশে রয়েছে ছোট্ট একটি কল। এখান থেকে ভারওয়ালারা পানি নিয়ে বেচে পাটুয়াটুলী, ইসলামপুর আর সদরঘাটের দোকানে দোকানে।এখানে পাত্র ভেদে ভারওয়ালারা পানির দাম পান। আবার মাসিক চুক্তিতেও পানি সরবরাহ করে থাকেন তারা। সূত্রাপুরের হেমেন্দ্র দাস রোডের পানির কলে দেখা মিলবে কলসওয়ালাদের। সারি ধরে কলস রাখা হয়েছে কলের চারপাশে। অথচ আশপাশে কেউ নেই। খোঁজ নিয়ে জানা গেছে, সরবরাহ নলে পানি আসে দুপুর ১২টার পর। সে সময় একটা একটা করে কলস ভরা হয়। আর সেগুলো পৌঁছে দেওয়ার কাজ করেন কলসওয়ালারা। এদিকে নগরের বাজারগুলোয় রয়েছে পানি সরবরাহের হাঁড়িওয়ালা। তাঁদের কাজ বাজারের মাছ আর সবজি বিক্রেতাদের কাছে পানি সরবরাহ করা। কারওয়ান বাজারে হাঁড়ি দিয়ে পানি আনার কাজ করেন মাহমুদা বেগম। তিনি জানান, মাটির একেকটা হাঁড়ি দু-তিন টাকা করে বেচাকিনি হয়।