বাংলাদেশ থেকে সমুদ্রপথে অবৈধভাবে মানব পাচারের বিকল্প পথ হিসেবে চট্টগ্রামকে বেছে নিয়েছে পাচারকারীরা। সম্প্রতি কক্সবাজার ও টেকনাফ সীমান্তে টহল জোরদার হওয়ায় মানব পাচারকারী একাধিক চক্র চট্টগ্রামে সক্রিয় হয়ে উঠেছে বলে জানা গেছে।বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রামের বিশাল সমুদ্রসীমাকে ‘নিরাপদ’ মনে করছে পাচারকারীরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মনে করেন, উদ্যোগ নিলেও চট্টগ্রামের নৌপথ দিয়ে মানব পাচারে ‘সফল’ হতে পারছে না পাচারকারীরা। গত এক মাসের ব্যবধানে চট্টগ্রাম থেকে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে দুই দফায় মোট ৭৪ জনকে উদ্ধার করেছে র্যাব-৭। গ্রেপ্তার হয়েছে ছয় পাচারকারী।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও মানব পাচার প্রতিরোধ বিশেষজ্ঞ মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, মানব পাচারের পথ হিসেবে চট্টগ্রাম একেবারে নতুন নয়। অন্য সীমান্তে টহল জোরদার হওয়ায় পাচারকারীরা এই পথ বেছে নিচ্ছে। জাকির হোসেন আরও বলেন, ‘চট্টগ্রামের বিশাল সমুদ্রসীমাকে অপেক্ষাকৃত নিরাপদ বিবেচনা করছে পাচারকারীরা। পাচারের চেষ্টা এবং উদ্ধার হওয়া লোকসংখ্যা দেখে মনে হচ্ছে, চট্টগ্রামের স্থানীয় সিন্ডিকেটও এতে জড়িত।’এর আগে গত ৫ জুন নগরের পতেঙ্গা থানার নেভাল একাডেমির পাশে কর্ণফুলী নদীর পাড় থেকে ২৬ জনকে উদ্ধার করে র্যাব। তাঁরা মালয়েশিয়ায় যাওয়ার জন্য ইঞ্জিনচালিত নৌকায় ওঠার অপেক্ষায় ছিলেন।র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার লতিফ খান প্রথম আলোকে বলেন, গত এপ্রিল, মে ও জুন মাসে কক্সবাজার ও টেকনাফে বেশ কয়েকটি অভিযান চালিয়েও মানব পাচারের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। টেকনাফ দিয়ে মানব পাচার প্রায় বন্ধ হয়ে গেছে। এখন পাচারকারীরা চট্টগ্রাম দিয়ে মানব পাচারের চেষ্টা করছে। এখানে দুই দফায় ধরা পড়ার পর পাচারকারীরা হয়তো বিকল্পও ভাবতে পারে। চট্টগ্রামে একাধিক পাচারকারী চক্র সক্রিয় থাকার বিষয়টি স্বীকার করে আনোয়ার লতিফ বলেন, ‘চট্টগ্রাম থেকে সমুদ্রপথে মিয়ানমার ও থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় যেতে হয়। পাচারকারীরা নৌপথে মালয়েশিয়ায় যাওয়ার কথা বললেও আসলে কোথায় নিয়ে যায়, সেটা নিয়েও সন্দেহ আছে। আপাতদৃষ্টিতে চট্টগ্রাম থেকে নৌপথে মালয়েশিয়ায় পৌঁছানো খুবই কষ্টসাধ্য। এ প্রক্রিয়ায় কেউ সফল হয়েছে কি না, তা খতিয়ে দেখছি।’টেকনাফ সীমান্তে মানব পাচারের বিষয়ে জানতে চাইলে টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. বদরুদোজা প্রথম আলোকে বলেন, ‘গত শীত মৌসুমে পাচারের চেষ্টাকালে কয়েক দফায় অভিযান চালিয়ে বেশ কিছু লোককে উদ্ধার করেছিলাম। কিন্তু গত দুই-আড়াই মাসে মানব পাচারের তেমন কোনো ঘটনা টেকনাফ সীমান্ত দিয়ে হয়নি। মিয়ানমারের ঘটনার পর থেকে ২৪ ঘণ্টা সীমান্তে টহল চলছে।’ চট্টগ্রাম কোস্টগার্ডের গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কমান্ডার আতিকুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, পাচারকারীরা সহজ-সরল প্রকৃতির মানুষকে পাচার করবে বলে নিয়ে আসে। কিন্তু বর্ষায় সাগর খুবই উত্তাল থাকে। এ সময় নৌপথে মালয়েশিয়ায় নেওয়ার চেষ্টা করলেও তা সফল হওয়ার সম্ভাবনা খুব কম।সমুদ্রে নিয়মিত কোস্টগার্ডের টহল চলছে জানিয়ে আতিকুর রহমান ভূঁইয়া বলেন, অবৈধ ইঞ্জিনচালিত নৌকা চলাচল করছে কি না, সে বিষয়ে নিয়মিত নজরদারি আছে। পাচারকারীরা এখন উদ্যোগ নিলেও সফল হতে পারবে না। র্যাব-৭-এর অধিনায়ক মো. আনোয়ার লতিফ খান বলেন, ‘পাচারকারী চক্রের কোনো সদস্য ধরা পড়লেই অন্যরা গা-ঢাকা দেয়। তবে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। চট্টগ্রাম নগরে পাচারকারীরা তৎপর হলেও এখানে ধরা পড়ার সম্ভাবনাও বেশি।’