বিকল্প পথে ট্রেন চলছে, বিমান উড়বে বিকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের টানা রেকর্ড পরিমাণ বৃষ্টিতে চট্টগ্রামের সঙ্গে বিপর্যস্ত যোগাযোগব্যবস্থা আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বিকল্প ব্যবস্থায় চট্টগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু হয়েছে। আর বিকেলের পর থেকে বিমান চলাচল শুরু হতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।রেলওয়ে: আমাদের আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথে বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচল শুরু হয়েছে। আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে আজ দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, এই ট্রেনের যাত্রীরা কুমিরায় ক্ষতিগ্রস্ত রেল সেতুর অদূরে নেমে যাবে। সেখান থেকে হেঁটে সেতুর অপর পারে আগে থেকে দাঁড়িয়ে থাকা আন্তনগর তূর্ণা নিশিথা ট্রেনে করে ঢাকায় যাবে।পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী মোজাম্মেল হক প্রথম আলো ডটকমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত রেলসেতুটি মেরামতের কাজ চলছে। আবহাওয়া কাজের উপযোগী না থাকায় সময় লাগছে। তবে আজ সন্ধ্যা নাগাদ এই সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে দেখা হতে পারে। গতকাল বিকেল থেকে শুরু হওয়া ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সীতাকুণ্ডের কুমিরা ও ভাটিয়ারী এলাকায় রেললাইন তলিয়ে যায়। এতে কুমিরা ও ভাটিয়ারীর মাঝামাঝি জায়গায় ৩৪ নম্বর সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।বিমানবন্দর: চট্টগ্রাম থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অভিবাসন পুলিশের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান মুন্সি প্রথম আলো ডটকমকে বলেন, আজ বিকেল পাঁচটার আগে বিমানবন্দরের কার্যক্রম চালু হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, রানওয়ে থেকে পানি সরে গেলেও রানওয়ের বাতিগুলোর সংযোগে পানি ঢুকে গেছে। মেরামত করা হচ্ছে। এগুলো মেরামত করতে বিকেল পর্যন্ত সময় লেগে যাবে।রানওয়েতে পানি উঠে যাওয়ায় গতকাল বিকেল সাড়ে চারটা থেকে বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।