ভারতের পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রাংশ পরিবহনের জন্য বিদ্যমান সেতু ও কালভার্টের পাশে পানির প্রবাহ বাধাগ্রস্ত করে বিকল্প রাস্তা তৈরি করা হয়। এর কারণে বর্ষার শুরুতেই আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া সদরের বিভিন্ন স্থানের কৃষিজমিতে জলাবদ্ধতা তৈরি হয়। স্থানীয় লোকজনের চাষাবাদেও ব্যাঘাত ঘটে। সুলতানপুরের হিরণ মিয়া ও বাবুল চক্রবর্তী প্রথম আলোকে জানান, বিকল্প পথগুলোর কারণে সড়কের দুই পাশে পানির উচ্চতার তারতম্য তৈরি হয়েছে। তাই আসন্ন আমন মৌসুমে চাষাবাদে সমস্যা হতে পারে। আবার গত আগস্টে ত্রিপুরার পাহাড় থেকে নেমে আসা ঢল ও দেশে প্রচুর বৃষ্টি হয়। এ সময় আখাউড়া স্থলবন্দর সড়কের আবদুল্লাহপুর ও নূরপুর জাজি সেতুর নিচের বিকল্প পথে পানি আটকে যায়। এতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাহপুর, কালিকাপুর, বীরচন্দ্রপুর ও বঙ্গেরচর গ্রামের অনেক বাসিন্দা পানিবন্দী হয়ে পড়ে। এর মধ্যে ১০টি পরিবারের বসতঘরে পানি ওঠে। তিনটি পরিবার আশ্রয় নেয় গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। আকস্মিক পানি বেড়ে যাওয়ায় তলিয়ে যায় প্রায় ২০০ একরের রোপা আমন। ভেসে যায় ১৫টি পুকুরের মাছ। আবদুল্লাহপুর গ্রামের এরশাদ মিয়া বলেন, ‘আমার একটি পুকুর থেকে তিন লাখ টাকার মাছ ভেসে গেছে।’ ওই গ্রামের জাহাঙ্গীর বলেন, তাঁর বাড়িতে পানি ওঠার কারণে মাটির ঘর ধসে যায়। পুকুর তলিয়ে ভেসে যায় মাছ।আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ নোয়াজ খান প্রথম আলোকে বলেন, উজানের পানি যে পথ দিয়ে নামে, সেখানেই বিকল্প সড়ক তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এ কারণে তাঁর ইউনিয়নের চারটি গ্রাম প্লাবিত হয়েছে। তিনি বিকল্প এই সড়ক স্থায়ীভাবে কেটে দেওয়ার দাবি জানান। স্থানীয় লোকজন জানায়, পাহাড়ি ঢলে বাড়িঘর তলিয়ে যাওয়ার পর তারা জাজি সেতুর বিকল্প পথের একাংশ কেটে দেয়। নূরপুর সেতুর বিকল্প পথ বানের জলে ভেসে যায়। ফলে ডুবে যাওয়া বাড়িঘর জেগে উঠেছে। সম্প্রতি আবদুল্লাহপুর ও নূরপুরে কেটে দেওয়া দুটি বিকল্প পথ মেরামত করা হয়েছে। মেরামত করার পর আটকে থাকা কিছু বিদ্যুতের যন্ত্রাংশ পার করা হয়। স্থানীয় লোকজনের আশঙ্কা, আবার পাহাড়ি ঢল হলে পুনরায় ভেসে যাবে বাড়িঘর। এই মালামাল পরিবহনের দায়িত্ব পেয়েছে আসাম বেঙ্গল ক্যারিয়ার (এবিসি)। বাংলাদেশে তাদের এজেন্ট গালফ ওরিয়েন্ট সি-ওয়েজ। গালফ ওরিয়েন্ট সি-ওয়েজের প্রকৌশলী দিল হাফিজ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, সমস্যা হওয়ার পর কিছু পথ কেটে দেওয়া হয়েছে। এখন বিকল্প পথের ওপর দিয়েই পানি বয়ে যাচ্ছে।