বিকল্প প্রস্তাব নিয়ে সংসদে এসে মেয়াদ পর্যন্ত থাকুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধী দলকে কেবল এক দিন বা এক অধিবেশনের জন্য নয়, পুরো মেয়াদ পর্যন্ত সংসদে থাকার আহ্বান জানিয়েছেন।সৈয়দ আশরাফ বিরোধী দলকে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমরা তাদের অপেক্ষায় আছি। আশা করছি, তারা তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সংসদে বিকল্প প্রস্তাব নিয়ে আসবেন।’ আজ শনিবার সকালে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, ‘বিভিন্ন ব্লগ ও অনলাইনে আজ ও গতকাল (গত দুই দিন) নতুন প্রজন্ম যা লিখেছে, তা পড়েছি। তারা বলছে, বিএনপি কেবল তাদের সদস্যপদ রক্ষার জন্য সংসদে যাচ্ছে। তাঁরা নির্ধারিত সময়ের এক দিন আগে সংসদে আসছেন।’ তিনি বলেন, ‘বিরোধী দল আমাদের মতোই নির্বাচিত সংসদ সদস্য। কেবল সদস্যপদ রক্ষার জন্য সংসদে যোগ দেওয়ার বিষয়টি জাতি ভালোভাবে নেয়নি। বিশেষ করে নতুন প্রজন্ম বলছে, এত দিন তাঁরা সংসদে না আসলেও বেতন-ভাতা ভোগ করেছেন। এখন না এলে বেতন-ভাতা পাবেন না। তাই তাঁরা সংসদে আসতে চাচ্ছেন। কিন্তু আমরা বলতে চাই, দেরিতে হলেও তাঁরা সংসদে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আশা করি, তাঁরা থাকবেন। জাতি যে প্রত্যাশা নিয়ে তাঁদের নির্বাচিত করেছেন, সে প্রত্যাশা পূরণ করবেন। সংসদ বর্জনের সংস্কৃতি দূর হবে।’সৈয়দ আশরাফ বলেন, ‘জনগণ আমাদের বেতন-ভাতা দেয়, বাড়ি দেয়, ট্যাক্স ফ্রি গাড়ি দেয়, কিসের জন্য? জনগণের স্বার্থ রক্ষার জন্য। শুধু ৯০ দিনের মধ্যে সদস্যপদ রক্ষার জন্য একবার সংসদে আসলাম, সে জন্য ভোট দেয়নি। এটা জাতির কাছে প্রতারণামূলক।’ তিনি বলেন, ‘কেবল বিরোধী দল না, আমরা যারা সংসদ সদস্য আছি, আমাদের ওপর জাতির যে প্রত্যাশা, তা অক্ষরে অক্ষরে পূরণ করব বলে আশা করছি। বিভিন্ন দলের আলাদা মত থাকতে পারে। দলের ভেতর আলাদা মত থাকতে পারে। একেক দলের একেক কর্মপরিধি থাকতে পারে। কিন্তু সবার উদ্দেশ্য এক। তা হচ্ছে, জনগণের অধিকার নিশ্চিত করা।’সৈয়দ আশরাফ বিরোধীদলীয় নেত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘কেবল এক দিন বক্তৃতা দিয়ে চলে যাবেন না। এই সংসদের কার্যকাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এটা জাতির প্রত্যাশা। আমাদেরও প্রত্যাশা। আশা করি, বিরোধী দল সে প্রত্যাশা পূরণ করবে।’