বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধান বাধ্যতামূলক করা হচ্ছে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিচারপ্রার্থী জনগণের হয়রানি বন্ধ এবং দীর্ঘদিনের বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধান বাধ্যতামূলক করা হচ্ছে। তিনি আজ শনিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকদের জন্য এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। খবর বাসসের।আইনমন্ত্রী বলেন, বর্তমানে দেশের নিম্ন আদালতগুলোতে প্রায় আট লাখ মামলা বিচারাধীন। বিচারপ্রার্থী জনগণ এসব মামলা নিষ্পত্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রতাসহ নানা হয়রানির শিকার হচ্ছে। জনগণের এ দুর্ভোগ লাঘব এবং বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা অর্জনের লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধান বাধ্যতামূলক করতে আইন কমিশনের কাছে মতামত চাওয়া হয়েছে। মতামত পাওয়ার পর এ বিষয়ে আইন সংশোধন করা হবে। প্রচলিত আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধান থাকলেও তা বাধ্যতামূলক না হওয়ায় বিচারপ্রার্থীরা সুফল পাচ্ছে না।আইনমন্ত্রী আরও বলেন, এ বিধান কার্যকর করার ক্ষেত্রে আইনজীবীরা ব্যাপক অবদান রাখতে পারেন। বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধানে মামলা দ্রুত নিষ্পত্তিতে আইনজীবীরাও উপকৃত হবেন বলে তিনি উল্লেখ করেন। বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে যাঁরা মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করবেন, তাঁদের সরকার প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করবে।আইনমন্ত্রী প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া বিচারকদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ সব সময় ইতিবাচক এবং বিচারকেরা যুগোপযোগী আইন সম্পর্কে অবগত হয়।আইনমন্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনের ক্ষেত্রে আইনের অপপ্রয়োগ বেশি হয় উল্লেখ করে বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেষ্ট থাকতে হবে। তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা অর্জনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান।বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক আশরাফ উল ইসলাম।