তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে আপত্তি থাকলে বিএনপির কাছ থেকে বিকল্প প্রস্তাব চায় সরকার ও আওয়ামী লীগ। এ বিষয়ে সরকার কোনো বিতর্কে জড়াতে চায় না। এ নিয়ে বিরোধী দলের হাতে আন্দোলনের কোনো ইস্যু দেওয়ারও পক্ষে নয় সরকার।একাধিক জ্যেষ্ঠ মন্ত্রী ও সরকারি দলের নীতিনির্ধারকের সঙ্গে কথা বলে জানা যায়, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন, এখনো তা চূড়ান্ত হয়নি। সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটি এ বিষয়ে সবার মতামত নিয়েছে। বিরোধী দলের কোনো প্রস্তাব থাকলে তা বিশেষ কমিটির কাছে দিতে পারে।জানতে চাইলে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে নানা রকম প্রস্তাব আসছে। এটা কি শুধু বিচার বিভাগের হাতে থাকবে, না কোনো বিকল্প রাখা হবে, তা নিয়ে নানা আলোচনা হচ্ছে। এ ক্ষেত্রে বাইরে আগাম মন্তব্য না করে বিএনপির কোনো প্রস্তাব থাকলে তা কমিটিতে দিতে পারে।একইভাবে বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতি আওয়ামী লীগ করেনি। বিএনপি মধ্যরাতে একটি বিতর্কিত সংসদে এককভাবে এটি পাস করেছে। তার পরও বিএনপি কমিটিতে এসে বলুক, প্রধান উপদেষ্টা নিয়োগ বিচার বিভাগ থেকে হবে, নাকি প্রশাসন থেকে হবে, না রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে হবে।আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলে জানা যায়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কিছুটা সংশোধনীর পক্ষে দলটির অবস্থান আছে। গত ২৭ এপ্রিল দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা বিশেষ কমিটির সঙ্গে বৈঠক করে সংবিধান সংশোধনে দলীয় অবস্থান তুলে ধরেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টি শুধু বিচার বিভাগের হাতে না রেখে বিকল্প হিসেবে রাজনৈতিক মতৈক্যের মাধ্যমেও হতে পারে। এটা একক কোনো বিভাগের মধ্যে না রেখে উন্মুক্ত করা যায়।সূত্র জানায়, প্রধান উপদেষ্টা নিয়োগে বিচার বিভাগের বিকল্প ভাবনা থাকলেও আওয়ামী লীগ এককভাবে তা করতে চায় না। এ ক্ষেত্রে বিএনপির মতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিএনপি কোনো প্রস্তাব বা মত না দিলে আওয়ামী লীগ এককভাবে কিছু করবে না। আওয়ামী লীগ এ নিয়ে বিএনপিকে আন্দোলন করার সুযোগ করে দেবে না।নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী প্রথম আলোকে বলেন, প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে দল ও সরকার কোনো বিতর্কে যাবে না। আর বিদ্যমান আইন অনুযায়ী এ বি এম খায়রুল হকই যে প্রধান উপদেষ্টা হবেন, তারও নিশ্চয়তা নেই। নির্বাচনের এখনো আড়াই বছর বাকি। খায়রুল হক অসুস্থ থাকতে পারেন অথবা দায়িত্ব নিতে অস্বীকৃতিও জানাতে পারেন। সুতরাং কে প্রধান উপদেষ্টা হচ্ছেন, এখনই বলা যাচ্ছে না।একইভাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, এ ক্ষেত্রে বিএনপির বিকল্প প্রস্তাব থাকলে তারা দিক। তারা কীভাবে বুঝল যে তাদের যৌক্তিক প্রস্তাব মানা হবে না। বরং তারা দূরে থাকার কারণেই জটিলতা সৃষ্টি হচ্ছে। তাঁর মতে, দলগুলোর অভিন্ন বিপদ মোকাবিলায় অভিন্ন অবস্থান নেওয়া দরকার।এদিকে প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারে বিএনপির অবস্থান বা বক্তব্যকে উদ্দেশ্যমূলক বলে মনে করেন আওয়ামী লীগ ও সরকারের নীতিনির্ধারকেরা। তাঁরা বলেন, জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগের যে দাবি বিএনপি করছে, তা তাদের সরকারের সময়েও হয়নি। সংবিধান অনুসারে রাষ্ট্রপতি পছন্দ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন। এ ধারা গত বিএনপি সরকারের সময়েও ছিল। সে সময় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে কে এম হাসান, জে আর মোদাচ্ছির এবং মো. রুহুল আমিনকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়।এ প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, প্রধান বিচারপতির পদটি পদোন্নতিমূলক নয়, এটি নতুন নিয়োগ। এ পদে বিচারপতিদের জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, এমন কোনো কথা নেই। অতীতেও এভাবে নিয়োগ হয়েছে। রাষ্ট্রপতি ইচ্ছা করলে কোনো জ্যেষ্ঠ আইনজীবীকেও প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, প্রধান বিচারপতি রাষ্ট্রপতির পছন্দেই নিয়োগ হন। এটা এ দেশে অতীতেও হয়েছে, ভারতবর্ষেও হচ্ছে। রাষ্ট্র পরিচালনার সুবিধার্থেই সংবিধানে এ নমনীয়তা রাখা হয়েছে। জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতির নিয়োগ চাইলে বিএনপি সংবিধান সংশোধন কমিটির কাছে প্রস্তাব দিতে পারে।জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ পাওয়া কে এম হাসানকে কেন আওয়ামী লীগ প্রধান উপদেষ্টা হিসেবে মানতে চায়নি, জানতে চাইলে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘তৎকালীন বিএনপি সরকার বিচারপতিদের বয়স দুই বছর বাড়িয়ে কে এম হাসানকে প্রধান উপদেষ্টা করার ব্যবস্থা করেছিল। এটা ছিল রাজনৈতিক উদ্দেশ্যমূলক। তাই আমরা কে এম হাসানকে প্রধান উপদেষ্টা নিয়োগের বিরোধিতা করেছিলাম। কিন্তু বর্তমান সরকার বয়স বাড়িয়ে কাউকে প্রধান উপদেষ্টা করার চেষ্টা করেনি।’জ্যেষ্ঠ বিচারপতি শাহ আবু নঈম মোমিনুর রহমানকে প্রধান বিচারপতি করার ব্যাপারে বিএনপির দাবি সম্পর্কে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার করতে বিব্রত বোধ করেছিলেন। জাতির পিতার হত্যার বিচার করতে যাঁর বিবেক সাড়া দেয় না, তাঁর বিচারের মানদণ্ড সম্পর্কে দেশবাসী সহজেই অনুমান করতে পারে।’বিচারপতি এ বি এম খায়রুল হকের প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে বিএনপির আপত্তি হচ্ছে, পঞ্চম সংশোধনীসহ তাঁর কিছু রায় নিয়ে। বিএনপির নেতা মওদুদ আহমদের মতে, এসব রায় আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সম্পর্কযুক্ত। এ প্রসঙ্গে জানতে চাইলে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, পঞ্চম সংশোধনীর বিষয়ে খায়রুল হকের রায় আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে বহাল রেখেছেন। আপিল বিভাগে তখন খায়রুল হক ছিলেন না।