বিকল্প শক্তি গড়ার আহ্বান বাসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি ছাড়া জনগণের মুক্তি সম্ভব নয়। সভায় বাসদের নেতারা চারদলীয় জোট আর মহাজোটের লুটপাটের রাজনীতি প্রত্যাখ্যান করে বিকল্পশক্তি গড়ার আহ্বান জানান। আজ শনিবার বাসদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ৯৫তম বার্ষিকী উপলক্ষে সিলেটে আয়োজিত জনসভায় এ আহ্বান জানানো হয়। বাসদের নেতা খালেকুজ্জামান বলেন, দেশের ধনিক শ্রেণি বড় দুই দলের রাজনীতির নিয়ন্ত্রণকারী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এখন সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে আছে দেশের লাখ লাখ শ্রমজীবী মানুষ। মুনাফা লোভী এইসব ব্যবসায়ী মালিকদের কাছে শ্রমিকদের জীবনের কোনো মূল্যই নেই। তাঁদের কাছে শত শত শ্রমিকের পুড়ে যাওয়ার চেয়েও বড় হচ্ছে মুনাফা। সিলেট নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। জেলা বাসদের আহ্বায়ক উজ্জ্বল রায়ের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ, কমিউনিস্ট পার্টি সিলেট জেলা সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগরের সভাপতি জয়দীপ ভট্টাচার্য, হুমায়ূন রশীদ প্রমুখ।