বিকল্প শিশুখাদ্য বিষয়ে কঠোর আইন ও তার বাস্তবায়ন চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়েই ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর হার এখনো ৩০ শতাংশের বেশি নয়। বুকের দুধ ও সঠিক সম্পূরক খাবার খাওয়া নিশ্চিত করতে প্রতিটি দেশে বিকল্প শিশুখাদ্যের ব্যাপারে শক্তিশালী আইন ও নীতি এবং তার বাস্তবায়ন প্রয়োজন। গতকাল শনিবার ভারতের নয়াদিল্লিতে চলমান প্রথম বিশ্ব মাতৃদুগ্ধ সম্মেলনের তৃতীয় দিনে আলোচকেরা এ অভিমত দেন। নয়াদিল্লির হ্যাবিটেট সেন্টারে গত বৃহস্পতিবার থেকে চার দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ৮৬টি দেশের প্রায় এক হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। দি ইন্টারন্যাশনাল বেবি ফুড অ্যাকশন নেটওয়ার্ক (আইবিএফএএন) এশিয়া এবং ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্টফিডিং অ্যাকশন (ডব্লিউএবিএ) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।গতকাল হ্যাবিটেট সেন্টারের বিভিন্ন মিলনায়তনে অনুষ্ঠিত অধিবেশনে প্রতিনিধিরা সংশ্লিষ্ট বিষয়ে নিজ নিজ দেশের অবস্থান, আইন ও নীতি এবং বাস্তবতা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে চ্যালেঞ্জগুলোও চিহ্নিত করেন তাঁরা। প্রতিনিধিরা কঠোর আইন ও নীতির তাগিদের পাশাপাশি মাতৃত্বকালীন সুরক্ষা, মা ও পরিবারের জন্য পরামর্শের ব্যবস্থা, সরকারের নজরদারি বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ করেন। আজ রোববার তাঁদের সুপারিশের ভিত্তিতেই তৈরি হবে দিল্লি ঘোষণা।গতকালের আলোচনায় বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক এম কিউ কে তালুকদার বলেন, ‘জন্মের প্রথম ঘণ্টায় শিশুকে বুকের দুধ খাওয়ানো শুরু করা, ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়ানো এবং দুই বছর পর্যন্ত বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরি খাবার খাওয়ানোর জন্য বিশ্বের প্রতিটি দেশে বিকল্প শিশুখাদ্যের বিরুদ্ধে শক্তিশালী আইন ও নীতি তৈরির বিকল্প নেই। এ ক্ষেত্রে বিশ্বকে একসঙ্গে অগ্রসর হতে হবে।’ যুক্তরাষ্ট্রের একাডেমি অব পেডিয়াট্রিক্সের জোয়ান মিক বলেন, তাঁর দেশে শিশুকে বুকের দুধ খাওয়ানোর জন্য নীতি বা সরকারি আদেশের কমতি না থাকলেও শিশুরা বুকের দুধ থেকে বঞ্চিত হচ্ছে। শিশুদের স্থূলতা এর অন্যতম কুফল। এটি ক্রমান্বয়ে দেশটির জন্য একটি ভয়াবহ সমস্যায় পরিণত হচ্ছে। তানজানিয়ার আরবান জনসন জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফসহ বিভিন্ন দাতা সংস্থার তৈরি মায়ের দুধের পক্ষে বিভিন্ন ফ্রেমওয়ার্ক ও নীতি তুলে ধরেন। তবে সংস্থাগুলো এসব বাস্তবে কতটুকু মানছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।ইউনিসেফের পুষ্টি তথ্য অফিসার ফারহানা শারমীন বাংলাদেশের পোশাকশিল্প কারখানার নারী শ্রমিকের সন্তানদের বুকের দুধ খাওয়ানো নিয়ে একটি গবেষণার ফলাফল উপস্থাপন করেন। এতে তিনি দেখান, যেসব মা চাকরি করেন না, তাঁদের শিশুদের তুলনায় পোশাকশিল্পে কর্মরত মায়ের শিশুরা ১০ ভাগের ১ ভাগ বুকের দুধ খায়।গতকাল বাংলাদেশের এখলাছুর রহমান, ইকবাল কবীর, কুন্তল কে সাহা, শামীম তালুকদারসহ আরও কয়েকজন নিজ দেশের বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।ইউনিসেফের সদর দপ্তরের প্রতিনিধি নুনে ম্যাঙ্গাসারিয়ান বাংলাদেশ, ফিলিপাইন, শ্রীলঙ্কা, উগান্ডা, বেনিন ও উজবেকিস্তানের ওপর করা একটি প্রতিবেদন নিয়ে আলোচনা করেন।