বিকল্প ‘রেশনিং’
চাহিদার চেয়ে উত্পাদন কম থাকায় লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুত্ সরবরাহের ঘাটতি সামাল দেওয়া হয়। গ্যাসের সংকট অসহনীয় অবস্থায় চলে যাওয়ায় গ্যাস সরবরাহ ব্যবস্থায়ও লোডশেডিংয়ের মতো ব্যবস্থা চালু করার কথা উঠে আসছে বিভিন্ন মহলে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ খান বলেন, সুইচ চাপলেই অল্প সময়ের মধ্যেই বিদ্যুত্ সরবরাহ চালু বা বন্ধ করা সম্ভব। কিন্তু গ্যাস সরবরাহের ক্ষেত্রে এমন সুযোগ নেই। কারণ সরবরাহ বন্ধ করলেও নলে কিছু গ্যাস থেকে যাবে। ওই গ্যাস গ্রাহকদের নলে গেলেও তা তেমন কাজে আসবে না। ফলে ওই গ্যাস অপচয় হবে। আবার সরবরাহ চালুর পর গ্যাস গ্রাহকদের নলে যেতে অনেক সময় লাগবে। এ জন্য গ্যাস সরবরাহে লোডশেডিং ব্যবস্থা প্রবর্তনের কোনো সুযোগ নেই। তবে গ্যাসের সংকট সামাল দিতে সরকারের সিদ্ধান্তে একেক এলাকায় একেক দিন শিল্প-কারখানায় গ্যাস ব্যবহার বন্ধ রাখা হচ্ছে।তিতাস গ্যাস সূত্রে জানা যায়, ২৭ জানুয়ারি থেকে তাঁদের আওতাধীন এলাকাগুলোয় গ্যাস রেশনিং করা হচ্ছে। তবে যেসব প্রক্রিয়াকরণ (প্রসেস) শিল্পপ্রতিষ্ঠানে ২৪ ঘণ্টাই গ্যাস প্রয়োজন এমন প্রতিষ্ঠান রেশনিংয়ের আওতার বাইরে থাকছে। সিএনজি স্টেশনগুলো রেশনিংয়ের আওতায় আসবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ জন্য স্টেশনগুলোর মালিকদের সঙ্গে সরকারপক্ষের আলোচনা চলছে বলে তিতাস গ্যাস সূত্রে জানা যায়।তিতাস গ্যাস থেকে পাওয়া তালিকা অনুযায়ী, রেশনিংয়ের ফলে প্রতি রোববার সাভার, ধামরাই, তেজগাঁও শিল্প এলাকা, মগবাজার, রাজারবাগ, মালিবাগ, খিলগাঁও, সেগুনবাগিচা ও মাণ্ডা এলাকার শিল্প-কারখানাগুলোয় গ্যাস ব্যবহার বন্ধ রাখার কথা। সোমবার গ্যাস ব্যবহার হবে না গাজীপুর, জয়দেবপুর, কোনাবাড়ী, চন্দ্রা, মাওনা, ধানমন্ডি, সাতমসজিদ রোড, লালমাটিয়া, হাজারীবাগ, লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকার শিল্প প্রতিষ্ঠানে। টঙ্গী, চেরাগআলী, টঙ্গী বিসিক, পাগাড়, পূবাইলের শিল্পপ্রতিষ্ঠানে মঙ্গলবার গ্যাস ব্যবহার হবে না। বুধবার গ্যাস ব্যবহার করবে না কেরানীগঞ্জ, গুলশান, বনানী, বাড্ডা, উত্তরা, কাফরুল, বিমানবন্দর, দক্ষিণখান, জোয়ারসাহারা এলাকার শিল্পপ্রতিষ্ঠানে। বৃহস্পতিবার কল্যাণপুর ও মিরপুর এলাকার শিল্প-কারখানায় গ্যাস ব্যবহার বন্ধ থাকার কথা। ডেমরা, সারুলিয়া, পোস্তগোলা, শ্যামপুর, জুরাইন, নারিন্দা, সায়েদাবাদ, ওয়ারী, চকবাজার, বংশাল, নবাবপুর, বাংলাবাজার, পলাশী এলাকার শিল্প-কারখানা গ্যাস ব্যবহার করবে না শনিবার।শিল্পপ্রতিষ্ঠান এই রেশনিংপ্রথা মানছে কি না তা তদারকি করা হয় কীভাবে? এমন প্রশ্নে আবদুল আজিজ খান বলেন, তদারকির জন্য পাঁচটি পরিদর্শক দল করা হয়েছে। তারা ঘুরে ঘুরে তদারকির কাজ করছে।