বিকল্পধারা গোপনে গোপনে কাজ করছে
বিকল্পধারার চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস একজন ব্যক্তি আর গ্রামীণ ব্যাংক একটি প্রতিষ্ঠান। একজন ব্যক্তি আর প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি একটি সরকার লেগে যায়, এর মতো লজ্জার আর কিছু নেই।তিনি বলেন, ড. ইউনূস একজন নোবেলজয়ী সম্মানিত ব্যক্তি। আমাদেরও তাঁকে সম্মান করা উচিত, যাতে করে দেশের আরও মানুষ নোবেলজয়ী হওয়ার চেষ্টা চালায়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিকল্পধারা গোপনে গোপনে কাজ করছে এবং আগামী দিনে বোঝা যাবে বিকল্পধারার কী অবস্থান।আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর গড়ের টেলকী এলাকায় আঞ্জুমানে হেদায়াতুল উম্মত বাংলাদেশের দাতব্য চিকিত্সালয় উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বি চৌধুরী এসব কথা বলেন।দেশে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে দাবি করে বি চৌধুরী বলেন, নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনকে কেন্দ্র করে দেশের দুই প্রধান নেত্রী একে অপরের সঙ্গে কথা বলেন না, দেখা করেন না—এটা ভালো লক্ষণ নয়। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তাঁর অবস্থান থেকে সরে গিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের কথা বলেছেন। আর একটু সরে গিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আঞ্জুমানের চেয়ারম্যান মো. শামসুল আলম জোয়ার্দারের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন সংগঠনের মহাসচিব এম এ সাত্তার মোল্লা, মধুপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মীর ফরহাদুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক প্রমুখ।