বিকল্পধারা জনগণের পক্ষে থাকবে: বি চৌধুরী
সরকার বা বিরোধী দল নয়, বিকল্পধারা জনগণের পক্ষে থাকবে। বিকল্পধারার দর্শন হলো জনগণের সঙ্গে থাকা। আজ মঙ্গলবার রাজধানীর র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এক ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন। রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে দলটি এ ইফতারের আয়োজন করে। বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এতে উপস্থিত ছিলেন।বি চৌধুরী বলেন, ‘জনগণের অবস্থান কী, তা বুঝতে হবে। জনগণ মুক্তি চায়, আরও ভালো থাকতে চায়, রাস্তাঘাট চায়। শান্তি চায়। তারা হরতাল পছন্দ করে না।’ তিনি বলেন, ‘সরকারের সমর্থনকারী দলের কাছে অনুরোধ, জনগণ যেন ভালো থাকতে পারে, সে জন্য কাজ করুন। বিরোধী দলের সমর্থক দলকে বলব, আপনারা জনগণের কাছে থাকুন, আমরাও আপনাদের সঙ্গে আছি।’সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘রাজনীতিবিদদের অনেক ওয়াদা দিতে হয়। আবার অনেক ওয়াদা তাঁরা পালন করতে পারেন না। তবে আমার অনুরোধ থাকবে, তাঁরা যেন ওয়াদা ভঙ্গ না করেন।’বিকল্পধারার ইফতারে বিএনপির শরিক জামায়াতে ইসলামী এবং অলি আহমদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) আমন্ত্রণ জানানো হয়নি।ইফতারে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব, কল্যাণ পার্টির চেয়ারম্যান মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রমুখ।