বিকল্পধারার চলচ্চিত্রের ২৫ বছর পূর্তি
‘চলচ্চিত্রশিল্পের সুষ্ঠু বিকাশের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন অত্যাবশ্যক। একই সঙ্গে চলচ্চিত্রের বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও প্রচার-প্রসার বৃদ্ধির জন্য জাতীয় চলচ্চিত্র কেন্দ্র নির্মাণ করতে হবে।’ গতকাল ঢাকার বেঙ্গল শিল্পালয়ে বিকল্পধারার চলচ্চিত্রের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম এবং মাসিক সাহিত্য পত্রিকা কালি ও কলম-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে চলচ্চিত্রনির্মাতা, কলাকুশলী ও বিকল্পধারার চলচ্চিত্র নির্মাণ আন্দোলনে যুক্ত ব্যক্তিদের সম্মিলন ঘটেছিল। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল শর্ট ফিল্ম ফোরাম। এবার সংগঠনটির ২৫ বছর পূর্ণ হলো।অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কালি ও কলম পত্রিকার সম্পাদক আবুল হাসনাত, অধ্যাপক মুনতাসীর মামুন, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, লেখক হাসনাত আবদুল হাই, সৈয়দ সামসুল হক, নাসির উদ্দীন ইউসুফ, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, চলচ্চিত্রনির্মাতা আবু সাইয়ীদ প্রমুখ উপস্থিত ছিলেন।