বিকাশ আইন অনুযায়ী মুক্তি পেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বিকাশ কুমার বিশ্বাসকে আইন অনুযায়ী মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। বিজয় দিবস উপলক্ষে আজ রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইনে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সন্ত্রাসী বিকাশের মুক্তি পাওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে ব্যক্তির কথা বলেছেন, তিনি আদালতের নির্দেশেই বের হয়েছেন। এখানে আমাদের করার কিছু নেই।’বিকাশকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের কোনো দুর্বলতা ছিল কি না—এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি সেটা মনে করি না। এ ক্ষেত্রে প্রশাসন আইন অনুযায়ী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছে।’ এদিকে কারাগার থেকে মুক্তির পর বিকাশ কোথায় রয়েছেন, এ ব্যাপারে নানা গুঞ্জন রয়েছে। বিকাশকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তত্পরতা আজ পর্যন্ত দেখা যায়নি। গত শুক্রবার কাশিমপুর-২ কারাগার থেকে বিকাশ ছাড়া পান। অভিযোগ উঠেছে, এ ধরনের দুর্ধর্ষ সন্ত্রাসীদের জেলখানা থেকে ছাড়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়। কিন্তু বিকাশকে ছাড়ার ক্ষেত্রে এ রীতি মানা হয়নি।