বিকাশকে আইনি প্রক্রিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর আবারও বললেন, সন্ত্রাসী বিকাশকে আইনি প্রক্রিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।আজ বুধবার রাজধানীর একটি হোটেলে পুলিশের তিন বছরমেয়াদি কৃৎকৌশল (স্ট্র্যাটেজিক প্ল্যান) প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।বিকাশ গত ১৫ বছর বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন। ২০০৯ সালে সব মামলায় জামিন পেলেও বিকাশ কারাগার থেকে বের হননি। সর্বশেষ তেজগাঁও থানার একটি মামলায় হাজতি পরোয়ানা প্রত্যাহার হলে গত শুক্রবার তিনি কারাগার থেকে বেরিয়ে যান।স্বরাষ্ট্রমন্ত্রী গত সোমবার প্রথম আলোকে বলেছিলেন, ‘বিকাশের জেল থেকে বের হওয়ার একমাত্র কারণ হচ্ছে, সংশ্লিষ্ট আদালত তাঁকে জামিন দিয়েছেন। যখন আদালত জামিন দিয়ে দেন এবং তাঁর বিরুদ্ধে ভিন্নতর কোনো অভিযোগ না থাকে, তবে তাঁকে এক মিনিটও জেলে রাখার ক্ষমতা কারও নেই।’হরতাল-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী আজ সাংবাদিকদের বলেন, ‘হরতাল বেআইনি। যারা এসব করছে, ধ্বংসাত্মক কাজ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ বিশ্বজিৎ হত্যা প্রসঙ্গে মহীউদ্দীন খান বলেন, ‘চারজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হলে তাদের ছেড়ে দেওয়া হবে।’এ হত্যার ঘটনায় কীভাবে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে প্রথম আলো অনুসন্ধান চালায়। এতে দেখা যায়, এ ঘটনায় প্রথমে যে আটজনকে গ্রেপ্তার করার কথা বলা হয়েছিল, তাদের কোনো নাম-ছবি গণমাধ্যমে আসেনি। এদের কেউ ছাত্রও নয়; বরং প্রথমে পুলিশ তাদের ‘সন্দেহজনক ঘোরাঘুরির’ অভিযোগে গ্রেপ্তার করে। দুই দিন পর এদের চারজনকে বিশ্বজিৎ হত্যা মামলার আসামি করা হয়। মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় অন্য চারজনকে।