বিকাশকে খুঁজে পায়নি পুলিশ
সন্ত্রাসী বিকাশ কুমার বিশ্বাসকে খুঁজে পায়নি পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেন। তাতে বলা হয়, রাজধানী মুগদার বাসার ঠিকানায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পাঁচ বছর আগেই বিকাশের মা-বাবা ওই বাসা ছেড়ে অন্যত্র চলে গেছেন। তাই পরোয়ানা বিনা জারিতে আদালতে ফেরত দেওয়া হলো।গত বছরের ১১ ডিসেম্বর কারাগার থেকে হাজির করা-সংক্রান্ত পরোয়ানা (প্রডাকশন ওয়ারেন্ট-পিডব্লিউ) প্রত্যাহার করায় কাশিমপুর কারাগার থেকে বের হয়ে যান বিকাশ। গত ৮ জানুয়ারি জোড়া খুনের ওই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। ওই দিন আদালতে হাজির হননি বিকাশ। তাঁর আইনজীবী মুসলেম উদ্দিন ভূইয়া আদালতে সময়ের আবেদন করেন। তাতে বলা হয়, আসামি বিকাশ নিরাপত্তা ও অসুস্থতার কারণে হাজির হতে পারেননি। তবে বিকাশ অসুস্থ এই মর্মে আদালতে চিকিত্সকের কোনো ব্যবস্থাপত্র দেওয়া হয়নি। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।১৯৯৭ সালের ২ এপ্রিল শেরেবাংলা নগর পিডব্লিউডি অফিসে খালিদ হোসেন মামুন এবং শামীমকে হত্যা করা হয়। ১৯৯৮ সালের ৭ জুলাই বিকাশসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তত্কালীন ঢাকার সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আকরাম হোসেন। অন্য আসামিরা হলেন: আবদুল জব্বার ওরফে মুন্না, মুরাদ হোসেন, কামাল পাশা ওরফে পাশা, রাশেদ মোস্তফা ও মোহাম্মদ ইসহাক। মামলাটি বর্তমানে সাক্ষ্য পর্যায়ে রয়েছে। প্রায় ১৬ বছর কারাবাসের পর রাজধানীর মিরপুর, কল্যাণপুর, গাবতলী, তেজগাঁও এলাকার একসময়ের সন্ত্রাসী বিকাশ জামিনে মুক্তি পান।