বিকাশের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা
সন্ত্রাসী বিকাশ কুমার সাহার জামিনের আবেদন নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মোজাম্মেল হোসেন এই আদেশ দেন। আজ রোববার এই আদেশ প্রকাশ করা হয়।গত মঙ্গলবার নিরাপত্তাহীনতা ও অসুস্থতার কারণ দেখিয়ে তাঁর আইনজীবী সময়ের আবেদন করেন। ওইদিন ছিল তেজগাঁও থানায় করা একটি জোড়া খুনের মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। বিকাশ গত ১৪ ডিসেম্বর কারাগার থেকে মুক্তি পেয়ে বের হন। কারাগারে থেকে মুক্তি পাওয়ার পর ওইদিন ছিল ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ হাজির হওয়ার প্রথম তারিখ। আইনজীবী মুসলেম উদ্দিন ভূঁইয়া আবেদনে বলেছিলেন, নিরাপত্তা ও অসুস্থতার কারণে বিকাশ আদালতে হাজির হতে পারেননি। তবে বিকাশ অসুস্থ, এই মর্মে আদালতে চিকিত্সকের কোনো ব্যবস্থাপত্র জমা দেওয়া হয়নি।গত ১৪ ডিসেম্বর কারাগার থেকে মুক্তি পেয়ে বের হন বিকাশ। এরপর গত মঙ্গলবার ছিল ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ হাজির হওয়ার প্রথম তারিখ। সেদিন আদালতে সময় চেয়ে আবেদন করা হয়, আজ তা নাকচ করে আদেশটি প্রকাশ করা হয়। পুলিশ জানায়, জামিন পাওয়ার পর থেকে বিকাশ গা ঢাকা দিয়েছেন। তাঁর অবস্থান সম্পর্কে পুলিশের কাছে তথ্য নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী বিকাশকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এই মুক্তি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যরাও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তেজগাঁও থানায় দায়ের করা জোড়া খুনের মামলায় জামিনে থাকা আসামি বিকাশের কারাগার থেকে হাজির করাসংক্রান্ত পরোয়ানা (প্রডাকশন ওয়ারেন্ট-পিডব্লিউ) গত ১১ ডিসেম্বর প্রত্যাহার করা হয়। ১৯৯৯ সালের ২০ জুন এ মামলায় হাইকোর্ট থেকে বিকাশ জামিন পান। ১৯৯৭ সালের ২ এপ্রিল শেরেবাংলা নগর গণপূর্ত কার্যালয়ে খালিদ হোসেন মামুন ও শামীমকে হত্যা করা হয়। ১৯৯৮ সালের ৭ জুলাই বিকাশসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আকরাম হোসেন। অন্য আসামিরা হলেন: আবদুল জব্বার ওরফে মুন্না, মুরাদ হোসেন, কামাল পাশা ওরফে পাশা, রাশেদ মোস্তফা ও মোহাম্মদ ইসহাক। মামলাটি বর্তমানে সাক্ষ্য পর্যায়ে রয়েছে। আদালত সূত্র জানায়, এর আগে আরও চারটি মামলায় পর্যায়ক্রমে পিডব্লিউ প্রত্যাহারের আবেদন করেন বিকাশের আইনজীবী। তেজগাঁও থানার জোড়া খুনের মামলায় হাইকোর্টের তত্কালীন বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী ও বিচারপতি লতিফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন। সম্প্রতি পাঁচটি মামলায় পিডব্লিউ প্রত্যাহারের আবেদন করা হয়।