বিকিনিকে চীনের ‘হ্যাঁ’!
চীনের নারীরা কেমন? যাঁদের মাথায় এখনো দেশটির বিপ্লবী নেতা মাও সেতুংয়ের যুগ চেপে আছে, তাঁরা বলবেন, ‘চীনের নারী মানে—পায়ে সামরিক জুতো, পরনে লাল রঙের মিনি স্কার্ট, মাথায় লাল রঙের গোলাকার টুপি আর হাতে স্বয়ংক্রিয় অস্ত্র।’সত্যিই চীনে আর সে দিন নেই। মাও সেতুং যুগ থেকে চীন এখন অনেক দূরে। দশক দুই আগেও চীনে বিকিনি ছিল অকল্পনীয়। কিন্তু এখন চীনের নারীরাই বিকিনি পরে সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ মাতাচ্ছেন। এমনকি ২০১১ সালে ব্রাজিলে অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতার বিশ্ব আসরেও অংশ নিয়েছে চীন।১৯৯৩ সালের কথা। বিশ্বের কোটি কোটি দর্শক টেলিভিশনের পর্দায় উপভোগ করছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার জমকালো আয়োজন। আর তখন চীন চোখ ফিরিয়ে রেখেছে টেলিভিশনের পর্দা থেকে। পরের দিন চীনের রাষ্ট্রীয় সংবাদপত্রে ফলাও করে প্রচার করা হলো ‘পিকিং বিশ্ববিদ্যালয়ের নারীরা সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠান বর্জন করেছে’। চীনের সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।কিন্তু সেই ঘটনার প্রায় দুই দশক পর চীনে সুন্দরী প্রতিযোগিতাবিরোধী মনোভাব আর আগের মতো নেই। চীনে এখন স্থানীয় পর্যায়েই এ ধরনের ছোটখাটো প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। দেশটিতে বিকিনিকে সুস্বাগত জানানো না হলেও এ সুন্দরী প্রতিযোগিতার আসরে এ পোশাকের ঘোর বিরোধিতা করা হচ্ছে না।চীনের এই বদলে যাওয়া সংস্কৃতি সম্পর্কে হংকং বিশ্ববিদ্যালয়ের আধুনিক চীন স্টাডিজ প্রোগ্রামের পরিচালক লুইস অ্যাডওয়ার্ড বলেন, ‘বিশ্বাঙ্গনের সব ক্ষেত্রে স্বর্ণ পদক পেতে চায় চীন। পেতে চায় নোবেল। তাহলে কেন মিস ওয়ার্ল্ড অথবা মিস ইউনিভার্সের পদক নয় !’চীনে শিশুসহ উল্লেখযোগ্যসংখ্যক প্রাপ্ত বয়স্ক নারী বর্তমানে মডেলিং, স্থানীয় সুন্দরী প্রতিযোগিতায় আগ্রহভরে অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার প্রয়োজনে নারীদের বিকিনি পরতে হচ্ছে।বিষয়টিকে এখনো সহজভাবে মেনে নেয়নি সব পর্যায়ের চীনা নাগরিক। তবে চীনের স্থানীয় প্রশাসন এ ধরনের সুন্দরী প্রতিযোগিতার আসর আয়োজনে বেশ উদ্যমী। তাদের লক্ষ্য দেশটির পর্যটন খাতকে সমৃদ্ধ করা। বিদেশি পর্যটকদের টানতে চীনের স্থানীয় প্রশাসন তাদের সংস্কৃতিকে একটি বিশ্বজনীন পর্যায়ে নিয়ে যেতে চায়। এ লক্ষ্যে তারা বিভিন্ন পরিকল্পনাও গ্রহণ করেছে। আর এ জন্য বিকিনিকে ‘হ্যাঁ’ বলতেও তাদের আপত্তি নেই। সিএনএন অনলাইন অবলম্বনে।