কয়েক দিনের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছে নিট পোশাক মালিক সমিতি (বিকেএমইএ)। নির্বাচনের ওপর আরোপিত স্থগিতাদেশ গতকাল রোববার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয় প্রত্যাহার করে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই এ ঘোষণা দেওয়া হয়।এদিকে গতকাল দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এ কে এম সেলিম ওসমান এক সভায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিকেএমইএর নির্বাচনের তফসিল ঘোষণার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন। তিনি এ সময় বলেন, ‘আমাদের পরিবারকে সন্ত্রাসী বলা হয়। আমরা সন্ত্রাস করে নারায়ণগঞ্জের ৪০০ বছরের পুরোনো পতিতালয় উচ্ছেদ করেছি। বিরোধীদের হরতাল আন্দোলন প্রতিহত করেছি। এতে যদি আমরা সন্ত্রাসী হয়ে যাই, তাহলে আমরা সন্ত্রাস করে যাব। বিকেএমইএ আমাদের।’গত ২৭ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালক (ডিটিও) ও উপসচিব তানকিন হক সিদ্দিকী এক অফিস-আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিকেএমইএর নির্বাচনের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে পরামর্শ দেন। তিনি বাণিজ্য সংগঠন অধ্যাদেশ-১৯৬১ এর ৮(ক) ধারা উল্লেখ করে এই আদেশ জারি করেন। জানা গেছে, সে সময় বাণিজ্য সংগঠনের সংঘবিধিতে কিছু পরিবর্তন আনার উদ্যোগ নেয় সরকার, যে কারণে বিকেএমইএর নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণার ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়।গতকাল বিকেলে বাণিজ্য সংগঠনের পরিচালকের দপ্তর থেকে পুনরায় চিঠি দিয়ে বিকেএমইএ নির্বাচনী কার্যক্রমের ওপর এর আগে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করা হয়। সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকেএমইএ বলেছে, আগামী কয়েক দিনের মধ্যে সংগঠনের পরিচালনা পর্ষদের সভা করে নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে। তারা আশা করছে, এর মাধ্যমে নির্বাচন-সংক্রান্ত সব ধরনের বিভ্রান্তির নিষ্পত্তি হবে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্বাচন বন্ধ বা বিলম্বিত করার পেছনে বিকেএমইএর সভাপতি বা কমিটির কোনো অভিপ্রায় ছিল না এবং এখনো নেই। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই পদক্ষেপ নেওয়া হয়েছে।’খোঁজ নিয়ে জানা যায়, একটি গোষ্ঠী রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিকেএমইএর নেতৃত্বে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। এরই অংশ হিসেবে নির্বাচনের তফসিল ঘোষণা না করার প্রতিবাদে গত শনিবার সংগঠনের পরিচালনা পর্ষদের ছয়জন সদস্য পদত্যাগ করেন।গতকাল সেলিম ওসমান চাষাঢ়ার রাইফেল ক্লাবে আয়োজিত সভায় ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে বলেন, এ সময়ে তফসিল ঘোষণা না করা হলে আরও সাতজন পরিচালক পদত্যাগ করবেন এবং বিকেএমইএর অফিস ঘেরাও ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হবে। সভায় বিকেএমইএর সাবেক সভাপতি মঞ্জুরুল্রহক, মোহাম্মদ হাতেম, আসলাম সানি, নাঈমুর খন্দকার প্রমুখ বক্তব্য দেন। সেলিম ওসমান বলেন, ‘নির্বাচন বোর্ড কাদের নিয়ে গঠন করা হবে, তা আমাদের সঙ্গে পরামর্শ করে ঠিক করতে হবে।’জানা যায়, এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বিকেএমইএর পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়, ১৫ দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্বাচনের ছাড়পত্র নেওয়ার যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে। সে অনুযায়ী রবি অথবা সোমবার নির্বাচনের তফসিল ঘোষণার ছাড়পত্র পাওয়ার কথা ছিল। সেই সভায় পদত্যাগী ছয়জনের মধ্যে চারজন উপস্থিতও ছিলেন। হঠাত্ করে ছাড়পত্র পাওয়ার আগ মুহূর্তে একটি বিশেষ মহলের ইন্ধনে পদত্যাগ করা হয়েছে বলে জানা গেছে।উল্লেখ্য, রাইফেল ক্লাবে অনুষ্ঠিত সভায় পদত্যাগকারী বিকেএমইএর ছয় পরিচালকের কাউকেই গতকাল দেখা যায়নি। সেলিম ওসমান বক্তৃতায় আরও সাতজনের পদত্যাগপত্র তাঁর হাতে আছে দাবি করলেও তাঁদের নাম উল্লেখ করেননি তিনি।