বিকেএসপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছুই নতুন। নতুন বিছানা, এক রঙা চাদর। নতুন মশারি। রাতটা ঘুমিয়ে সকালে যে ড্রেস পরে কলেজে গেলাম, সেটাতেও ভাঁজ খোলার দাগ। ক্লাস শেষ হওয়ার পরই ঘটল ঘটনাটা। বৃষ্টির মৌসুম ছিল, মাঠে কাদা। কী একটা ভুলের জন্য এর মধ্যেই শাস্তি পেলাম। ফ্রন্ট রোল। মাঠের এপাশ থেকে ওপাশে যাও-আসো। গেলাম-এলাম...নতুন ড্রেস প্রথম দিনেই শেষ! এই হলো বিকেএসপিতে আমার শুরু।ভাববেন না আবার বিকেএসপির ছয় বছর আমি ফ্রন্ট রোল দিয়েই পার করেছি। শাস্তিটাস্তি খুবই তুচ্ছ ব্যাপার। সত্যি বলতে, জীবনের সেরা সময়টাই কাটিয়েছি সেখানে।বিকেএসপিতে আমি ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হইনি। মাঝেমধ্যে তারা প্রতিভা অন্বেষণ ক্যাম্প করত। সে রকমই এক ক্যাম্পের জন্য খেলোয়াড় বাছাই হবে মাগুরায়। ছয়-সাত জেলা থেকে ২৫ জন ছেলেকে বাছাই করে নড়াইলে এক মাসের ক্যাম্পের জন্য নেওয়া হলো। ক্যাম্পের বেশির ভাগ দিনই আমি অসুস্থ থাকতাম। তবে যে কয় দিন প্র্যাকটিস করেছি, তাতেই কাজ হয়ে গেল। যে সাত-আটজন বিকেএসপিতে সুযোগ পেল, আমি তাদের একজন। এর আগে জানতামও না বিকেএসপি বলে কিছু একটা আছে।ভর্তি হয়ে গেলাম বিকেএসপিতে। ২০০২-এর সেই দিনটাতেই ঘুরে গেল জীবনের মোড়।বিকেএসপিতে ক্লাস সেভেনে ভর্তি হওয়ার নিয়ম। আমি ভর্তি হয়েছিলাম এইটে। প্রতিভা অন্বেষণ থেকে এলে এই এক সুবিধা, যে ক্লাসে থাকবেন সেই ক্লাসেই ভর্তি।হোম সিকনেস আমার একদমই ছিল না। দেড়-দুই মাস লেগেছিল সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে। সকালে প্র্যাকটিস শেষ হলে রুমে গিয়ে গোসল করতাম। ময়লা কাপড় ধুতাম। রেডি হয়ে নাশতা খেতে নিচে নামতাম। বিকেলে প্র্যাকটিস, সন্ধ্যার পর পড়তে বসা—অন্য কিছু ভাবার সময় কই? বিকেএসপিতে আসার আগে নিজের কাজ নিজে করার অভ্যাস ছিল না। এখানে সেটা হয়ে গেল।সকালে দুবার বাঁশি বাজায় ডিউটি ক্যাডেট। ওয়ার্নিং আর ফাইনাল। ওয়ার্নিং দিলে সবাই রেডি হয়, ফাইনাল দিলে লাইন ধরে নিচে নামে নাশতা করতে।সকালে ঘুম ভাঙতে দেরি হয়ে যেতে পারে এই ভয়ে অনেকে রাতেই প্র্যাকটিসের পোশাক পরে ঘুমাত। শীতের সময় এটা বেশি হতো। বাড়তি সতর্কতার কারণ, সকালে একটু দেরি করলেই শাস্তি। ১০টা পুশ আপ, ২০টা পুশ আপ, কিংবা গোটা দুই চক্কর দিয়ে আসো।ডিউটি ক্যাডেটদের অনেক কষ্ট। দুই-আড়াই মাসে একবার করে ক্লাস এইটের সবাইকে এই দায়িত্ব পালন করতে হতো। ক্যাডেট নম্বর অনুযায়ী একেক দিন একেকজনের পালা। যেদিন আমি ডিউটি ক্যাডেট, সেদিন সবাইকে সময়মতো সবকিছু করানোর দায়িত্ব আমার। শীতের সময় কষ্টটা বেশি হতো। ডিউটি ক্যাডেটের ফাঁকি দেওয়ার সুযোগ নেই। তার ফাঁকি দেওয়া মানে পুরো বিকেএসপিকে ফাঁকি দেওয়া। আমি তো একবার সে রকমই এক বিপদে পড়ে যাচ্ছিলাম! সকালে অ্যালার্ম শুনে ঘুম ভেঙেছে, দেখি ওয়ার্নিং দেওয়ার আরও ২০-২৫ মিনিট বাকি। ভাবলাম আরেকটু শুয়ে থাকি। শুয়ে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল, ফাইনাল বাঁশি বাজানোর আর বাকি ১০ মিনিট। মানে ওয়ার্নিংয়ের সময়ও পাঁচ-সাত মিনিট পার হয়ে গেছে। দৌড়ে গিয়ে বাঁশি বাজাব, এক-দুই ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু করল। বাঁচিয়ে দিল ওই বৃষ্টিটাই। একজন প্রিফেক্ট এসে বললেন, ‘এই, বাঁশি বাজিয়ে সবাইকে বলে দে, আজ প্র্যাকটিস হবে না। বৃষ্টি পড়ছে।’ সবচেয়ে সিনিয়র ব্যাচের কয়েকজনকে প্রিফেক্ট করা হয়। হাউস প্রিফেক্ট, কলেজ প্রিফেক্ট—এই রকম। গাছপালার কারণে ওখানে শীত একটু বেশি পড়ে। শীতকালে শোয়া থেকে উঠতে ইচ্ছা করত না। কিন্তু ডিউটি ক্যাডেটদের টেনশনে আগের রাতে ঘুমও হতো না ঠিকভাবে। বাঁশিতে তিন-চারবার ফুঁ দিয়ে ‘প্র্যাকটিসে যাওয়ার ওয়ার্নিং...প্র্যাকটিসে যাওয়ার ওয়ার্নিং’ বলতে হতো।শুক্রবার বন্ধ, শনিবার সকালে প্র্যাকটিস হতো না। বন্ধের দিনটা মজার ছিল অনেক। বৃহস্পতিবার রাত জাগা হতো বলে শুক্রবার নামাজের আগে কেউ ঘুম থেকে উঠত না। দুপুরের দিকে সবাই সাদা পায়জামা-পাঞ্জাবি, সাদা টুপি পরে মসজিদে যেতাম। বিকেলে সাদা পায়জামা-পাঞ্জাবি পরেই বিকেএসপির ভেতরে ঘুরে বেড়াতাম। তার মানে প্রতি শুক্রবারেই ঈদ ঈদ ভাব, ছোট ঈদ।এর আগে বৃহস্পতিবার ভালো মানের খাবার দেওয়া হতো। পোলাও, মুরগির রোস্ট, খাসি বা গরুর মাংস। কোক, মিষ্টি এসবও থাকত। বিরাট প্রস্তুতি থাকত এটার জন্য। সপ্তাহজুড়ে অপেক্ষা। এমনও হয়েছে, খেতে যাওয়ার আগে সিট আপ, পুশ আপ দিয়ে গেছি খিদে বাড়ানোর জন্য। মাসে একবার হতো প্যারেন্টস ডে, সবার প্যারেন্টস আসতেন। ওই দিন হলো বিকেএসপির পুরো ঈদ। প্র্যাকটিস করে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেত। খুব হালকা একটা নাশতা পেতাম এসেই। রাতে খাওয়ার আগ পর্যন্ত ছিল ‘প্রেপ টাইম’, পড়েন আর যা-ই করেন, ওই সময় পড়ার টেবিলে বসে থাকতেই হবে। না হলে শাস্তি। ‘প্রেপ টাইম’ শেষে ডিনার, এরপর ঘণ্টা খানেকের জন্য টেলিভিশন দেখার সুযোগ। আমি অবশ্য টেলিভিশন খুব কমই দেখতাম। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েই সময় কেটে যেত। তবে বইয়ের প্রতি কখনোই কোনো আগ্রহ ছিল না আমার। আড্ডাটাই ছিল। এই গল্প, ওই গল্প—কত যে কাহিনি! সবই নিজেদের দুঃখকষ্টের কাহিনি। মাঝেমধ্যে ক্লাস পালাতাম। সেটার জন্যও ছিল আলাদা টেকনিক। হোস্টেল রুমের পর্দা টেনে দিতাম। স্যাররা এলে চট করে খাটের নিচে বা অন্য কোথাও লুকিয়ে যেতাম। তবে এ রকম নিয়মিত করা সম্ভব ছিল না। ক্লাস পালালে কোথাও না কোথাও ধরা পড়তেই হবে।তবে নিয়মকানুন ভাঙার চেষ্টা করে যখন সফল হতাম, এর চেয়ে মজার কিছু ছিল না। সকালে প্র্যাকটিসে যেতে হয়নি—এটাই হলো সারা দিনের বড় ‘অর্জন’।হোস্টেল, ক্লাস আর মাঠের জীবন বিকেএসপির প্রতিটা ছাত্রকেই তৈরি করে একজন স্বয়ংসম্পূর্ণ খেলোয়াড়ের মতো। ঠিক বলে বোঝাতে পারব না এই প্রক্রিয়াটা কীভাবে কাউকে তৈরি করে। একটা ছেলে যদি বিকেএসপিতে ভর্তি হয়ে কিছু না-ও করে, তবু সে কিছু শিখবে। সকালে ঘুম থেকে উঠছে সময়মতো। গোসল করছে সময়মতো। ঘণ্টা দিলে বিসমিল্লাহ বলে খাবার টেবিলে বসে যেতে হবে, ঘণ্টা দিলে উঠেও যেতে হবে। রাত ১০টার মধ্যে বাতি নিভিয়ে শুয়ে পড়া—এভাবে চললে কেউ না চাইলেও তাকে সুশৃঙ্খল হতে হবে। আত্মনির্ভরশীল হয়ে ওঠার কারখানা বলতে পারেন বিকেএসপিকে। বিকেএসপিতে ছয় বছর কাটিয়েছি। ওই জীবনের কিছু এখনো বদলেছে মনে হয় না। অবশ্য বিকেএসপি থেকে বের হয়েছি অনেক দিন হলো। ইদানীং কিছু পরিবর্তন এলেও আসতে পারে। তবে ২০০৭-০৮ পর্যন্ত আমার কোনো পরিবর্তন হয়নি। সাড়ে ১০টা-১১টার মধ্যে ঘুম, সকালবেলা ওঠা, সময়মতো খাওয়া—এসব তো এখনো মানতে চেষ্টা করি।খেলোয়াড় না হয়ে কারও অন্য কিছু করার ইচ্ছা থাকলেও সেই সাহস সে বিকেএসপি থেকেই নিয়ে আসে। নিজেই কিছু করতে পারার আত্মবিশ্বাস তৈরি হয়। আমরা বন্ধুরা যখন কথা বলতাম, কেউ কখনো বলত না যে আমার বাবার এটা আছে, ওটা আছে। সবার চিন্তাই ছিল, বিকেএসপি থেকে বের হয়ে আমি এটা করব, ওটা হব। চিন্তাভাবনার বিরাটা ওলট-পালট ঘটে যায় ওখানে থাকতে থাকতে। বিকেএসপির ছাত্র হিসেবে আমি বোধ হয় খুবই সফল। এখনো সেখানে গেলে সবার যে রকম শ্রদ্ধা-ভালোবাসা পাই, এর তুলনা নেই। বিকেএসপিতে গেলে যে রকম ভালো লাগে, সেই ভালো লাগাটা আর কোথাও গেলে পাই না। বিকেএসপিতে পা রাখলেই ভুলে যাই আমি একজন তারকা। জুনিয়র ছেলেরা দেখলে হয়তো বলে, ‘আরে! সাকিব ভাই...!’ স্যারদের স্নেহ-ভালোবাসাও আগের মতোই আছে। এক স্যার তো তাঁর ছেলের নামই রেখেছেন সাকিব!আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা বিকেএসপির কারণেই জন্মেছে। বিকেএসপি থেকে পাওয়া আরেকটা জিনিস হলো—মানসিক দৃঢ়তা। নিজেকে খুব শক্ত মনের মানুষ দাবি করছি না, তবে যেটুকু মানসিক শক্তি আমার আছে, সেটা বিকেএসপির অভিজ্ঞতা থেকেই। আগে ওরকম ছিলাম না। এটা আমার জন্য ভালোই হয়েছে। মাসের পর মাস পরিবার ছাড়া থাকছি, বাইরে যাচ্ছি। এখন আর এসব কোনো সমস্যা মনে হয় না। মানসিক শক্তিটা খারাপ সময়ে টনিকের মতো কাজ করে। মনে হয়, ছোটবেলা থেকেই একা একা সব করতাম, এখন কেন পারব না? যখন ব্যাটিং করেন সেটাও নিজের, যখন বোলিং করছেন সেটাও নিজের। ফিল্ডিংও নিজের। ক্রিকেট টিম গেম হলেও ব্যক্তিগত কাজগুলোই তো আগে।টিম স্পিরিট কী জিনিস, সেটাও বিকেএসপি থেকেই শেখা। অন্য স্কুলগুলোতে কী হয়? পরীক্ষার হলে দেখা যায়, একটা ভালো ছাত্র আরেকটা ভালো ছাত্রকে দেখায় না। বিকেএসপিতে ব্যাপারটা উল্টো। যদি একটা ছেলেও কোনো প্রশ্নের উত্তর জানে, সেটা পুরো হলের সবাই জানবে। বলছি না যে স্যাররা ওখানে গার্ডটার্ড দেন না। তবে যদি কেউ জানে ওটার উত্তর কী, পুরো রুম জানতে পারবে। সবাইকে নিয়ে একসঙ্গে ওপরে ওঠার এই মানসিকতা বিকেএসপির ছাত্রদের একটা বৈশিষ্ট্য বলতে পারেন। কেউ যেন পিছিয়ে না পড়ে। এমনও হয়েছে, একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন ফেঁসে গেছে। আর পেছনে লাগার তো প্রশ্নই ওঠে না। ওসব করার সময়ই পাওয়া যায় না।বিকেএসপি আমাকে অনেক দিয়েছে, দিয়েছে জীবনের সবচেয়ে বড় লজ্জাও—হা হা হা! আমি তখন ক্লাস নাইনে পড়ি। হকি মাঠে ফাইনাল খেলা হবে। খেলবে বিকেএসপির হকি দল আর ভারতের একটা দল।্রপুরো বিকেএসপি খেলা দেখবে। মাঠের পাশে চেয়ার-টেয়ার আছে। স্যাররা আসবেন, অনেকে চলেও এসেছেন। সম্পর্ক ভালো এমন এক স্যারকে গিয়ে বললাম, ‘স্যার, চেয়ারগুলো তো ফাঁকাই পড়ে আছে। তিনটা চেয়ার নিয়ে আমরা এক সাইডে গিয়ে বসি।’ স্যার বললেন, ‘না না, দেওয়া যাবে না।’ এরপর জানতে চাইলেন কয়টা চেয়ার লাগবে। বললাম, ‘তিনটা। আমরা তিনজন আছি।’ উনি বলেন, ‘নে। কিন্তু মাথায় নিবি।’ আমিও নিলাম, ভেবেছি স্যার মাথায় করে চেয়ার নিয়ে যেতে বলছেন। কিন্তু এরপর তিনি বললেন, ‘চেয়ার তিনটা মাথায় নিয়ে হকি মাঠের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে থাক।’ আর কিছু করার থাকল না। পুরো বিকেএসপি আমাকে দেখছে! এর চেয়ে বিব্রতকর দিন জীবনে আসেনি।বেশি টেনশনে ছিলাম, ক্রিকেটের কোচরা না দেখে ফেলেন। দোয়া করছিলাম, তাঁরা আসার আগেই যেন মাপ পেয়ে যাই। রোদও ছিল, কিন্তু তখন কি রোদের টেনশন আছে! বিকেএসপির সব মেয়ে দেখছে আমি মাথায় চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছি। বন্ধুরা দেখছে; বড় ভাইরা, ছোট ভাইরা দেখছে। পাক্কা ১০ মিনিট ওভাবেই দাঁড়িয়ে থাকলাম। আমার মাথার ওপর তিনটা প্লাস্টিকের চেয়ার! এখন অবশ্য ওই ঘটনার জন্যও আর দুঃখ হয় না। বিকেএসপির সবই ভালো, খারাপ শুধু বিকেএসপিকে ছেড়ে আসা।