বিকেবি মৌলভীবাজারে ৯১ কোটি ২০ লাখ টাকা ঋণ বিতরণ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) মৌলভীবাজার জেলায় চলতি ২০১০-১১ অর্থবছরে ৯১ কোটি ২০ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করবে। একই সময়ে জেলার ১৫টি শাখার মাধ্যমে ২২ কোটি টাকা আমানত সংগ্রহেরও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৫ আগস্ট মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিক ইউনিয়ন কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মৌলভীবাজার অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলনে এ তথ্য জানানো হয়।বিকেবি মৌলভীবাজার অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিলেট বিভাগের মহাব্যবস্থাপক নিতাই চাঁদ দাস। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগের উপ-মহাব্যবস্থাপক এইচ এম আবদুল অদুদ এবং মৌলভীবাজার অঞ্চলের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. ছোলায়মান। মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন জানান, সম্মেলনে গত অর্থবছরে মৌলভীবাজার অঞ্চলের প্রতিটি শাখার অর্জিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পর্যালোচনা করা হয়। আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. ছোলায়মান জানান, গত অর্থবছরে (২০০৯-১০) ব্যাংক মৌলভীবাজারে ১৫টি শাখার মাধ্যমে ১১ কোটি ৯৫ লাখ টাকা মুনাফা অর্জন করেছে।