মহান বিজয় দিবস উপলক্ষে আজ বিকেল চারটা ৩১ মিনিটে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের দক্ষিণ প্লাজায় সমবেত কণ্ঠে গাওয়া হবে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। আমার দেশ আমার গর্ব শিরোনামের এই আয়োজন করেছে গ্রামীণফোন। সহযোগিতা করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। জাতীয় সংগীত গাওয়ার পুরো অংশটি পরিচালনা করবেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। কথা হলো তাঁর সঙ্গে।‘আমার দেশ আমার গর্ব’ আয়োজন নিয়ে কিছু বলুন।১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যে সময়টিতে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল, ঠিক সেই সময় আমরা সবাই মিলে জাতীয় সংগীত গাইব। এ আয়োজন করেছে গ্রামীণফোন। শুনেছি, এ প্রতিষ্ঠানের চার হাজার ৮০০ জন কর্মীর বেশির ভাগই এখানে উপস্থিত থাকবেন। সঙ্গে প্রায় অর্ধশত শিল্পীও থাকবেন। শিল্পীদের মধ্যে আছেন রুনা লায়লা, আব্দুল জব্বার, খুরশিদ আলম, সৈয়দ আবদুল হাদী, রফিকুল আলম, আবিদা সুলতানা, এন্ড্রু কিশোর, ফাতেমা তুজ জোহরা, আইয়ুব বাচ্চু, বাপ্পা মজুমদার, রিজিয়া পারভীন, এলিটা, তিশমাসহ ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ ও চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার শিল্পীরা। এরই মধ্যে আমরা পাঁচ দিন মহড়া করেছি। আজও অনুষ্ঠানের আগে দুই ঘণ্টা মহড়া করব।গানের সঙ্গে কী ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করছেন?বাদ্যযন্ত্র হিসেবে আটটা বেহালা, তিনটা অক্টোপ্যাড, তিনটা খোল ও তবলা, পাঁচটা কি-বোর্ড, দুইটা ড্রামস, বাঁশি, একতারা, সামরিক বাহিনীর কুচকাওয়াজে ব্যবহার করা ড্রাম ও ব্রাস থাকছে। আজ বিকেল চারটা ৩১ মিনিটে দুটি শিশু বিউগল বাজিয়ে অনুষ্ঠানের সূচনা করবে। বাজানো হবে ঢাক। এর পরই জাতীয় সংগীত গাওয়া শুরু হবে। পুরো আয়োজনটি দেশের ১০টি বেসরকারি টিভি চ্যানেল ও চারটি এফএম রেডিওতে সরাসরি সম্প্রচার করা হবে।আপনাদের পোশাক কেমন হবে?ছেলেরা সবুজ রঙের পাঞ্জাবি পরবে। তাতে লাল সুতার কাজ থাকবে। সঙ্গে থাকবে সাদা পাজামা। আর মেয়েরা পরবে লাল পাড়ের সাদা শাড়ি। পুরো ব্যাপারটিতে একটা শৃঙ্খলা থাকবে। যেন গান, পোশাক এবং পুরো আয়োজনের মধ্য দিয়ে দেশাত্মবোধ প্রখর হয়।এমন আয়োজনে আপনি গানটিতে নেতৃত্বে দিচ্ছেন। কেমন লাগছে?এটি আমার জীবনের সবচেয়ে সম্মানজনক কাজ। আমি বলব, সর্বশ্রেষ্ঠ। আমার সৌভাগ্য, এমন একটি কাজ করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।