বিকেলে সংবাদ সম্মেলন করে ২৬ ডিসেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল করার ঘোষণা দিয়েছেলেন সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দিন খান। তবে সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২৬ তারিখের পরে হরতাল আহ্বান করে’। বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার থেকে সারা দেশে লাগাতার বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।গতকাল সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে মাসিক মদিনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে হরতালের কর্মসূচি ঘোষণা করেন মাওলানা মুহিউদ্দিন খান। প্রস্তাবিত শিক্ষানীতি বাতিলের দাবিতে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ পূর্বঘোষিত কর্মসূচি জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দিতে বাধা ও পুলিশের লাঠিপেটার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে।সংবাদ সম্মেলনে মুহিউদ্দিন খান বলেন, ‘যদি জানতাম স্মারকলিপি দিতে গিয়ে বর্বরতার শিকার হতে হবে, তাহলে আমরাও সেভাবে যেতাম, সিন ক্রিয়েট করতাম।’ এরপর আজ মঙ্গলবার বিক্ষোভ ও সামনে হরতাল করার ঘোষণা দেন তিনি।‘কবে হরতাল দেবেন’—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কয়েকজন সহকর্মী হজে গেছেন। এখনো তাঁরা আসেননি। ডিসেম্বরে অনেক স্কুলের ভর্তি পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, আবার বিজয় দিবস আছে। সব শেষ হয়ে এলে ২৬ ডিসেম্বর দেশব্যাপী হরতাল।’ তিনি আরও বলেন, ‘কাল থেকে লাগাতার বিক্ষোভ করব, দেখি কয়দিন বানচাল করতে পারে। মসজিদে মসজিদে আলোচনা করব, দেখি কয়টা মসজিদ দখল করতে পারে।’সংবাদ সম্মেলনে ওলামা নেতারা অশোভন আচরণকারী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতা মাওলানা মুহাম্মদ ইসহাক, আবদুল লতিফ নেজামী, যাইনুল আবেদীন, আলমগীর মজুমদার, মহিউদ্দিন রব্বানী, খলিলুর রহমান মাদানী প্রমুখ উপস্থিত ছিলেন।সন্ধ্যায় ওলামা মাশায়েখ পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মৎস্য ভবনের সামনে পুলিশ ওলামা-মাশায়েখদের ওপর লাঠিপেটা করেছে। এরপর ওলামা নেতারা পায়ে হেঁটে প্রেসক্লাবে এলেও তাঁদের সেখানে ঢুকতে বা রাস্তায় দাঁড়াতে দেয়নি। ‘পরবর্তী সময়ে তাদের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে। আগামীকাল বিক্ষোভ সমাবেশ এবং ২৬ তারিখের পরে হরতাল আহ্বান করে’ বলে উল্লেখ করা হয়।সংবাদ সম্মেলন ও প্রেস বিজ্ঞপ্তিতে দুই ধরনের বক্তব্যের বিষয় জানতে চাইলে পরিষদের নেতা ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, ‘ঠিক নির্দিষ্ট করে তারিখ ঘোষণা করা হয়নি। তবে ২৫ তারিখের পর যেকোনো দিন হরতাল করব।’এদিকে লাঠিপেটার কথা অস্বীকার করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান সাংবাদিকদের বলেন, অনুমতি ছাড়া তাঁরা মৎস্য ভবনের সামনের রাস্তায় দাঁড়িয়ে সমাবেশ করার চেষ্টা করেছিলেন। পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল ঠিক রাখার চেষ্টা করে।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুর আড়াইটার দিকে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের নেতা-কর্মীরা মৎস ভবনের মোড়ের রাস্তায় অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে, উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ তাদের ব্যানার কেড়ে নিয়ে লাঠিচার্জ শুরু করলে পরিষদের কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। অবশ্য অল্প সময়ের মধ্যেই তারা রাস্তা ছেড়ে পালিয়ে যায়।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এক বিবৃতিতে ওলামা মাশায়েখ পরিষদের নেতা-কর্মীদের ওপর পুলিশ আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ করেন। তিনি এই ঘটনায় উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানান।সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মুহিউদ্দিন খান জমিয়তে ওলামায়ে ইসলামীর নির্বাহী সভাপতি হলেও সংগঠনটি মূলত জামায়াতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়। জামায়াতে ইসলামীর নেতা মাওলানা যাইনুল আবেদিন এ সংগঠনের অন্যতম নীতিনির্ধারক হলেও কোনো পদে থাকেন না।