বিকেলে ‘অপহূত’ রাতে অস্ত্রসহ গ্রেপ্তার!
আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফেরার পথে ‘অপহূত’ ব্যক্তিকে পরদিন অস্ত্রসহ গ্রেপ্তার দেখিয়েছে কুষ্টিয়ার মিরপুর থানার পুলিশ।পুলিশ দাবি করছে, গ্রেপ্তার হওয়া ইসমাইল হোসেন ওরফে পাঞ্জের (৫৫) চরমপন্থী সংগঠন গণবাহিনীর আঞ্চলিক নেতা। তাঁকে বৃহস্পতিবার গভীর রাতে আহম্মদপুরের একটি বাগান থেকে গ্রেপ্তার করা হয়।এদিকে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া গতকাল এক বিবৃতিতে পাঞ্জেরকে দলের কুষ্টিয়া জেলার নেতা দাবি করেছেন। বিবৃতিতে বলা হয়, হাইকোর্টের নির্দেশে পাঞ্জের বৃহস্পতিবার কুষ্টিয়ার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে একটি মামলায় জামিন পান। এরপর নিজ বাড়িতে প্রবেশের আগ মুহূর্তে পাঞ্জেরকে সাদা পোশাকধারী একদল লোক অপহরণ করে নিয়ে যায়। তাঁর পরিবার ও জাসদের পক্ষ থেকে বারবার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। বৃহস্পতিবার রাত পর্যন্ত পুুলিশ পাঞ্জেরকে গ্রেপ্তারের কথা স্বীকার করেনি।পাঞ্জেরের পারিবারিক সূত্র অভিযোগ করে, এর আগে ২০০৯ সালেও পাঞ্জের, তাঁর দুই ছেলে ও প্রতিবেশী আবদুল আলিমসহ একই কায়দায় ‘অপহরণ’ করার পর পুলিশ অস্ত্রসহ গ্রেপ্তার দেখায়। পরে আলিমকে কথিত ক্রসফায়ারে হত্যা করা হয়। এ ব্যাপারে আদালতে মামলাও হয়েছে।মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিচালক মো. নূর খান প্রথম আলোকে বলেন, ২০০৯ সালের ২ সেপ্টেম্বর রাতে পাঞ্জের, তাঁর দুই ছেলে জাহেদুল ইসলাম (২৬) ও আবদুল্লাহ আল মামুন (২২) ও প্রতিবেশী আলিমকে (৩৬) বাড়ি থেকে ধরে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। তখন পরিবারের পক্ষ থেকে আশংকা করা হয়েছিল, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এঁদের সবাইকে ক্রসফায়ারের নামে হত্যা করা হতে পারে। এ খবর পেয়ে আসকের পক্ষ থেকে তখন সঙ্গে সঙ্গে পুলিশের স্থানীয় ও ঢাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এ বিষয়ে খোঁজ নেয়। কিন্তু পুলিশ প্রথমে আটকের কথা অস্বীকার করে। পরদিন সবাইকে অস্ত্রসহ গ্রেপ্তার দেখায়।আসক পরিচালক জানান, এঁরা সবাই ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান। একই বছরের ৩ মে আলিম কথিত ক্রসফায়ারে নিহত হন। এরপর থেকে পাঞ্জের ও তাঁর দুই ছেলে ক্রসফায়ারে খুন হওয়ার ভয়ে অন্যত্র আশ্রয় নেন। সর্বশেষ গত বৃহস্পতিবার উচ্চ আদালতের নির্দেশে কুষ্টিয়ার আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে আবার একই পরিস্থিতির শিকার হন পাঞ্জের। মো. নূর খান বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত আসকের পক্ষ থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), কুষ্টিয়ার পুলিশ সুপার ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে দফায় দফায় যোগাযোগ করা হয়। কিন্তু পুলিশ আটকের কথা স্বীকার করেনি। তিনি এ ব্যাপারে বিচার বিভাগীয় বা সংসদীয় কমিটির মাধ্যমে তদন্তের দাবি করেন।এদিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দাবি করেন, বৃহস্পতিবার রাতে জিকে চ্যানেলের কাছে ইপিল ইপিল বাগানে ১০-১২ জন সশস্ত্র চরমপন্থীকে নিয়ে পাঞ্জের বৈঠক করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। টের সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় পাঞ্জের ধরা পড়েন। পরে সেখান একটি দেশীয় তৈরি বন্দুক, পাঁচটি গুলি ও পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়।