বিক্রি কমেছে, তবু দুই লাখ বেল বেশি পাট কিনছে বিজেএমসি
অভ্যন্তরীণ বাজারে পাটের বিক্রি কমেছে। মধ্যপ্রাচ্য-সংকটের কারণে আন্তর্জাতিক বাজারেও পাট রপ্তানিতে চলছে মন্দা। এই অবস্থায় সরকারি পাটকলগুলো গতবারের চেয়ে দুই লাখ বেল অতিরিক্ত পাট ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) সূত্রে জানা গেছে, চলতি বছর সরকারি পাটকলগুলোর জন্য বাজারদরে ১৩ লাখ বেল পাট কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৩৫টি সংগ্রহকেন্দ্রের মাধ্যমে এরই মধ্যে দুই লাখ বেল পাট কেনা হয়ে গেছে।গত বছরের চেয়ে দুই লাখ বেল বেশি পাট কিনতে বিজেএমসির অতিরিক্ত ১৬৫ কোটি টাকা লাগবে। গত বছর সরকার পাটকলগুলোকে কাঁচা পাট কিনতে ৫০০ কোটি টাকার তহবিল দিয়েছিল। তবে ক্রয় মৌসুম শুরু হলেও এখনো সরকারি তহবিল পায়নি বিজেএমসি।সূত্র জানায়, পাটকলগুলো তাদের ব্যবস্থাপনা খরচের টাকায় পাট কিনছে। ফলে, পাটের দাম এখনো আশানুরূপ বাড়েনি। গত বছরের চেয়ে প্রতি মণ পাটের দাম পাঁচ শ থেকে এক হাজার টাকা কম। জানা গেছে, মধ্যপ্রাচ্য-সংকটের ফলে গত তিন মাসে বিশ্ববাজারে পাটের দর ও কেনা-বেচার পরিমাণ কমে গেছে। বিশ্ববাজারে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা ইরান, সিরিয়া ও লিবিয়া রাজনৈতিক অস্থিরতা ও ডলার-সংকটের মধ্যে আছে। চলতি বছরের পুরো সময় এই সংকট থাকায় পাট আমদানি কমবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।গত বছর এবং এর আগের বছরের তুলনায় অভ্যন্তরীণ বাজারে পাটের ব্যাগ বিক্রির পরিমাণ কমে গেছে। বেসরকারি কলকারখানা তো দূরে থাক, সরকারি সার, সিমেন্ট ও চিনিকলগুলো এখনো পাটের ব্যাগ ব্যবহার শুরু করেনি। তাই পাটের চাহিদা বাড়ছে না।পণ্যের মোড়ক হিসেবে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক আইন, ২০১০ জাতীয় সংসদে অনুমোদন পাওয়ার পর পাটজাত পণ্যের অভ্যন্তরীণ বিক্রি বাড়বে—এমনটা আশা করা হয়েছিল। কিন্তু ২০০৯ সালের তুলনায় ২০১০-১১ অর্থবছরে বিজেএমসির পাটের ব্যাগ বিক্রি সাত হাজার মেট্রিক টন কমেছে।পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব আশরাফুল মকবুল প্রথম আলোকে বলেন, বন্ধ দুটি সরকারি পাটকল চালু হওয়ায় সোয়া লাখ বেল অতিরিক্ত পাট দরকার হবে। এ ছাড়া অন্য পাটকলগুলোর উ ৎ পাদন বাড়ানোর ফলে পাট কেনার পরিমাণ দুই লাখ টন বাড়ানো হয়েছে।আইন করার পরও অভ্যন্তরীণ বাজারে পাটের বিক্রি না বেড়ে বরং কমেছে। আন্তর্জাতিক বাজারও মন্দা। এই পরিস্থিতিতে সরকারি কলগুলোর উ ৎ পাদিত বাড়তি পণ্য কোথায় বিক্রি হবে? তারপর কি আবার লোকসানের বৃত্তে ঢুকবে জানতে চাইলে পাটসচিব বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো পাটের ব্যাগ ব্যবহার করবে—এমন অঙ্গীকার থেকে এখনো সরে আসেনি।পাট ও বস্ত্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছিল, দীর্ঘ তিন যুগ পর গত ২০১০-১১ অর্থবছরে সরকারনিয়ন্ত্রিত পাটকলগুলো নয় কোটি ৭০ লাখ টাকা মুনাফা করেছে। বিশ্ববাজারে পাট ও পাটজাত পণ্যের দাম প্রায় ৪০ শতাংশ বেড়ে যাওয়ায় লোকসান সামলে পাটকলগুলো এই মুনাফা করে। চলতি বছর অতিরিক্ত দুই লাখ বেল পাট ক্রয় ও দুটি পাটকল চালু করায় বিজেএমসির ২০০ কোটি টাকা খরচ বাড়বে।বিজেএমসির বিপণন বিভাগের পরিচালক শামসুল হক বলেন, সরকারি পাটকলগুলো উ ৎ পাদন চালু রাখায় পাটের দর বেড়েছে, কৃষক লাভবান হচ্ছে। অতিরিক্ত পাট কেনায় বিজেএমসির খরচ বাড়বে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, অভ্যন্তরীণ বাজারে বিক্রি না বাড়লে শুধু বিদেশি বাজারের ওপর নির্ভর করে পাট খাতকে টিকিয়ে রাখা যাবে না। এ জন্য সরকারি কলগুলোর পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে হবে।দাম ও বিক্রি কমেছে: খোঁজ নিয়ে জানা গেছে, বেশির ভাগ পাটকলে গত বছরের জমে থাকা পাট রয়ে গেছে। বেসরকারি কলগুলো সতর্কতা হিসেবে গত বছরের তুলনায় পাট কেনার পরিমাণ বাড়ায়নি। বিক্রি না হওয়ায় কৃষক পর্যায়ে ১৫ লাখ বেল পাট রয়ে গেছে। উ ৎ পাদন বেশি হওয়ায় দেশের প্রধান হাটগুলোতে চলতি বছর কাঁচা পাটের দাম গত বছরের তুলনায় প্রতি মণে কমপক্ষে ৫০০ টাকা কম।বিশ্বের পাট ও পাটজাত পণ্যের বাজার পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাচারাল ফাইবার্স ওয়াল্ড ওয়াইডের গত ২০ জুলাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর বাংলাদেশে পাটের উ ৎ পাদন ভালো হবে। কিন্তু মধ্যপ্রাচ্য-পরিস্থিতি ও বিশ্ব অর্থনীতির মন্দার কারণে আন্তর্জাতিক ক্রেতারা এখনো পাট কেনা শুরু করেনি। জুলাই থেকে বাংলাদেশ থেকে পাট কেনার কার্যাদেশ দেওয়া শুরু করলেও চলতি বছর তারা এখনো বাজার পর্যবেক্ষণ করছে।বিজেএমসি সূত্রে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে সরকারি পাটকলগুলো সরকারি বিভিন্ন কারখানায় ৩৩ হাজার ৬৮৩ মেট্রিক টন পাটজাত পণ্য বিক্রি করেছিল। ২০১০-১১ অর্থবছরে তা কমে ২৬ হাজার ৫৬০ টনে নেমে এসেছে। এর মধ্যে খাদ্য বিভাগ এককভাবে চার কোটি পিস পাটের ব্যাগ কিনেছিল। ২০১০ সালে পণ্যের মোড়ক হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করার পর খাদ্য বিভাগ পরিমাণ কমিয়ে দেড় কোটি পিস পাটের ব্যাগ কেনে।সরকারি কারখানা কথা রাখেনি: জানা গেছে, সরকারের মালিকানাধীন সার কারখানাগুলোয় ছয় কোটি ও চিনিকলগুলোতে কমপক্ষে ৪০ লাখ পিস ব্যাগের চাহিদা রয়েছে। কিন্তু আইন অমান্য করে এই সরকারি সার ও চিনিকলগুলো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে আসছে। বেসরকারি কলগুলো এখনো পাটের ব্যাগের ব্যবহার শুরুই করেনি। ফলে, পাট খাত আবার চাপে পড়তে যাচ্ছে।পাটবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির গত ১৫ জুনের সভায় সিদ্ধান্ত হয়, বেসরকারি কারখানায় উ ৎ পাদিত পণ্যের মোড়ক হিসেবে পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে বাংলাদেশ ব্যাংক একটি পরিপত্র জারি করবে। ব্যাংকগুলোর কোনো প্রতিষ্ঠানকে ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে শর্ত থাকবে যে ওই প্রতিষ্ঠান তাদের উ ৎ পাদিত পণ্যের মোড়ক পাটজাত উপাদান দিয়ে করবে। তিন মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ওই নির্দেশসহ পরিপত্র জারি করেনি।উ ৎ পাদন ও দাম: ফরিদপুর, মাদারীপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের হাটগুলোতে নতুন পাট উঠতে শুরু করেছে। নিম্নমানের পাট এক হাজার ৪০০ টাকা ও অন্যান্য পাট এক হাজার ৭০০ থেকে এক হাজার ৮০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। গত বছর একই সময়ে প্রতি মণ পাটের দর দুই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত উঠেছিল।পাটের সুতা রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন (বিজিএসএ) সূত্রে জানা যায়, গত বছর পাটের সুতা প্রস্তুতকারী কলগুলো মোট ২২ লাখ টন পাট কিনেছিল। কাঁচা পাট রপ্তানিকারকেরা কিনেছিল ১৭ লাখ বেল। বেসরকারি পাটকলগুলো কিনেছিল ১০ লাখ বেল। তাদেরও এক লাখ ২০ হাজার বেল পাট উদ্বৃত্ত রয়ে গেছে।২০০৯ সাল থেকে বিশ্ববাজারে পাটজাত পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশেও কাঁচা পাটের দাম বেড়ে যায়। ফলে, ২০১০ সাল থেকে পাটের উ ৎ পাদন বাড়তে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থকরী বিভাগের হিসাবে গত ২০১০-১১ অর্থবছরে চার লাখ আট হাজার হেক্টর জমিতে পাটের চাষ হয়েছিল। চলতি বছর তা বেড়ে আট লাখ ৩৩ হাজার হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে।