বিক্রি শুরুর দিনেই শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে। এমনই দাবি পরিবহন কোম্পানিগুলোর। ফলে গতকাল বুধবার ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও নির্দিষ্ট দিনের টিকিট পাননি অনেকে।কল্যাণপুরে টিকিটপ্রত্যাশীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিলে পুলিশ মৃদু লাঠিচার্জ করে।গতকাল ছিল বাসের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন। টিকিট কাটতে ভোর থেকেই রাজধানীর শ্যামলী, কল্যাণপুর ও গাবতলীতে বিলাসবহুল পরিবহন কোম্পানিগুলোর কাউন্টারে ছিল মানুষের উপচে পড়া ভিড়, দীর্ঘ লাইন। এসব কাউন্টার থেকে দেশের উত্তর, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলাচলকারী বাসের টিকিট বিক্রি করা হয়। বৃষ্টির কারণে অনেকে ছাতা মাথায়, আবার অনেকে বর্ষাতি গায়ে লাইনে দাঁড়িয়েছিলেন। বিকেল পর্যন্ত কাউন্টারগুলোর সামনে ছিল ভিড়। অবশ্য সোহাগসহ কয়েকটি কোম্পানি অগ্রিম টিকিট বিক্রি শুরু করে গত সোমবার থেকে।টিকিট কিনতে আসা মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের অনেকে আগের রাতে কিংবা সেহির খেয়ে লাইনে দাঁড়িয়েছেন। কিন্তু এর পরও কাঙ্ক্ষিত দিনের টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরতে হয়েছে তাঁদের বেশির ভাগকে।দুপুরে কল্যাণপুরের কাউন্টারগুলোতে গিয়ে জানা যায়, বিক্রি শুরু হতে না হতেই ২৯ ও ৩০ আগস্টের টিকিট শেষ হয়ে গেছে। ২৭ ও ২৮ আগস্টের অল্প কিছু টিকিট আছে। পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি যেতে বাধ্য হয়ে অনেকে এ দুই দিনের টিকিট কিনছেন।কল্যাণপুরে শ্যামলী পরিবহনের কাউন্টারে দেখা যায়, কাউন্টারের সামনে টিকিটপ্রত্যাশী মানুষের তিন-চারটি দীর্ঘ লাইন। লাইন সামনে এগোচ্ছে না বলে অপেক্ষারত কেউ কেউ চেঁচামেচি করছেন। গাইবান্ধার টিকিট কিনতে আসা বেসরকারি সংস্থার কর্মকর্তা মো. মাহবুব প্রথম আলোকে বলেন, ‘সকাল আটটায় এসে ৫০ জনের পেছনে দাঁড়িয়েছি। এখন বেলা একটা বাজে। এখনো কাউন্টারে ঢুকতে পারিনি। শুনছি ২৯ ও ৩০ তারিখের টিকিট শেষ। এত তাড়াতাড়ি সব টিকিট কীভাবে শেষ হলো বুঝতে পারছি না।’ওই কাউন্টার থেকে ২৮ আগস্টের বগুড়া যাওয়ার দুটি টিকিট কিনেছেন নজরুল ইসলাম। সেহির খেয়ে কাউন্টারে এসেছেন। বেলা ১১টায় তাঁর পালা এলে জানলেন, ২৯ আগস্টের টিকিট নেই। বাধ্য হয়ে ২৮ তারিখের টিকিট কিনেছেন।ওই কাউন্টারের কর্মী মো. শামীম জানান, ২৫ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বাসের অগ্রিম টিকিট সকাল আটটায় বিক্রি শুরু হয়।কল্যাণপুরে সোহাগ পরিবহনের কাউন্টারে গিয়ে দেখা যায়, ২৫ থেকে ৩০ আগস্ট পর্যন্ত খুলনা-যশোর পথের সব টিকিট বিক্রি শেষ। এই কাউন্টারের কর্মী মো. জাহিদ প্রথম আলোকে বলেন, ১৫ আগস্ট থেকে এই পথের টিকিট বিক্রি শুরু হয়। ২৮, ২৯ ও ৩০ আগস্টের টিকিট শেষ। ২৫ ও ২৬ তারিখে চেয়ার কোচের দু-একটি টিকিট থাকতে পারে। ভলভো বাসের টিকিট নেই।গ্রীন লাইনের কাউন্টারেও খুলনা, যশোরের ২৯ ও ৩০ আগস্টের টিকিট শেষ।গাবতলী টার্মিনালে সাকুরা ও হানিফ পরিবহনের কাউন্টারে বেলা দুইটায় গিয়ে জানা যায়, ২৯ আগস্টের টিকিট শেষ। সাকুরার ৩০ তারিখের অল্প কিছু টিকিট আছে।পুলিশের লাঠিপেটা: কল্যাণপুরে উত্তরবঙ্গে চলাচলকারী টিআর ট্রাভেলসের কাউন্টারের সামনে সকাল সাড়ে ১০টার দিকে লাইনে দাঁড়ানো টিকিটপ্রত্যাশীদের মধ্যে বিশৃঙ্খলা শুরু হলে পুলিশ মৃদু লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ওই কাউন্টারের সামনে লাইনে থাকা তানভির আহমেদ বেলা দুইটায় জানান, ২৯ আগস্ট বগুড়া যাওয়ার জন্য দুটি টিকিট কিনতে ভোর পাঁচটায় তিনি লাইনে দাঁড়িয়েছেন। তখনই তিনি ২০-৩০ জনের পেছনে ছিলেন। সকাল আটটার বদলে টিকিট বিক্রি শুরু হয় এক ঘণ্টা পর। তিনি বলেন, টিকিট বিক্রি শুরুর পর লাইনে ধাক্কাধাক্কি শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এসে লাঠিপেটা করে। তখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ফিরে এসে তাঁদের নতুন করে লাইনে দাঁড়াতে হয়। তাঁকেও আবার অর্ধশতাধিক লোকের পেছনে দাঁড়াতে হয়েছে।তাৎক্ষণিক টিকিট: এদিকে কয়েকটি পরিবহন সংস্থা কোনো অগ্রিম টিকিট বিক্রি করছে না। এগুলো তাৎক্ষণিক টিকিট বিক্রি করবে। সংস্থাগুলো জানিয়েছে, মহাসড়কের বেহাল দশা, যানজটের কারণে সঠিক সময়ে বাস না আসা প্রভৃতি আশঙ্কায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে। এসব পরিবহনের মধ্যে আসে উত্তরবঙ্গে চলাচলকারী আল-হামরা এবং সাতক্ষীরা পথের কে লাইন।কল্যাণপুরে কে লাইনের কাউন্টারম্যান মো. হান্নান জানান, ২৫ আগস্ট থেকে তাঁরা তাৎক্ষণিক ভিত্তিতে টিকিট বিক্রি করবেন। বাস থাকলে টিকিট বিক্রি করা হবে, না থাকলে হবে না। এতে যাত্রীরা হয়রানির শিকার হতে পারেন জানালে তিনি বলেন, ‘কিছু করার নেই। এখনই সকাল সাতটার বাস দুপুর ১২টার সময় ছাড়তে হচ্ছে। ঈদের সময় বাসের সময়সূচি মেনে চলা খুব কঠিন হবে।’