বিক্রির টাকা পান নেতারা, নিধনে অর্থ যায় ওয়াসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাগলায় ঢাকা ওয়াসার পয়োশোধনাগারের লেগুনের (কৃত্রিম জলাশয়) বিষাক্ত পানিতে প্রতিবছর অবৈধভাবে মাছ চাষ হয়। এ মাছ বিক্রির টাকা পান মাছ চাষ ও বিক্রি নিয়ন্ত্রণকারী স্থানীয় নেতারা। একসময় মাঠে নামে ঢাকা ওয়াসা। লেগুনে বিষ ঢেলে নিধন করে মাছ। খরচ হয় কয়েক লাখ টাকা। পরের বছর আবার একই ঘটনা।কয়েক বছর ধরে চলছে এ অবস্থা। এবারও আজ শনিবার থেকে ওয়াসা শুরু করছে বিষ ঢেলে মাছ নিধন অভিযান। ওয়াসা জানায়, ১০ দিনের এ অভিযানে ব্যয় হবে ১০ লাখ টাকারও বেশি। অথচ ২০০২ সাল থেকে মাছ চাষ নিষিদ্ধ এ লেগুনগুলোয় পাহারায় আছেন আনসারের ২০ সদস্য। আছে ওয়াসার স্থায়ী কার্যালয়ও।অভিযোগ রয়েছে, লেগুনে মাছ চাষে জড়িত থাকেন যখন যে রাজনৈতিক দল ক্ষমতায়, সেই দলের স্থানীয় কিছু নেতা। আর তাঁদের সহযোগিতা করেন ওয়াসারই কিছু কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা।রাজধানীর শ্যামপুর বাজার থেকে কিছু দূর গেলে দক্ষিণ দিকে রয়েছে একটি সংযোগ সড়ক। সড়কের মুখেই ‘ঢাকা ওয়াসার পাগলা পয়োশোধনাগার’ লেখা বিশাল সাইনবোর্ড। এর প্রায় এক কিলোমিটার দূরে শোধনাগার ও এর ১৬টি লেগুন। রাজধানীর পয়োবর্জ্যের প্রায় ৩০ শতাংশ এ শোধনাগারে যায়। শোধনাগারে পরিশোধিত বা অপরিশোধিত তরল বর্জ্য থাকে লেগুনগুলোয়। তবে ১ ও ২ নম্বর লেগুনেই মাছ চাষ হয় বেশি।ইতিপূর্বে বিজ্ঞান ও শিল্প গবেষণাগার এবং মৎস্য অধিদপ্তরের পরীক্ষায় এসব লেগুনের মাছে মাত্রাতিরিক্ত কলিফর্ম, ইকোলাই, অ্যালুমিনিয়াম, দস্তা, ক্যাডমিয়াম, পারদসহ বিভিন্ন বিষাক্ত পদার্থ ও অণুজীব পাওয়া যায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এসব মাছ খেলে জন্ডিস, ডায়রিয়া, পেটের পীড়াসহ নানা রোগ হতে পারে।সপ্তাহ খানেক আগে সকাল পৌনে সাতটার দিকে ওই এলাকায় গিয়ে লেগুনে অবৈধ মাছ চাষের বিষয়ে জানতে চাইলে কয়েকজন বাসিন্দা প্রথমে কথা বলতে চাননি। ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের পাশে এক চায়ের দোকানে বসে থাকা কয়েকজন বললেন, ‘ওরা ভয়ংকর। আপনাকে তথ্য দিচ্ছি জানলে আমাদেরও বিপদ হবে।’ নাম প্রকাশ করা হবে না, এ আশ্বাসে তাঁরা বলেন, প্রতিদিন মধ্যরাত ও ভোরে লেগুনে জাল ফেলে মাছ ধরেন জেলেরা। পাড়ে দাঁড়িয়ে পাহারা দেন এই মাছ চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ও তাঁদের কর্মচারীরা। এলাকাবাসী জানলেও মুখ খোলার সাহস নেই।এলাকার বাসিন্দারা জানান, আগে যাঁরা মাছ চাষ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের হটিয়ে এখন নিয়ন্ত্রণ নিয়েছেন বর্তমানে ক্ষমতাসীন দলের থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।নিশ্চিন্তপুরের বয়োজ্যেষ্ঠ এক বাসিন্দা বলেন, কয়েক দিন আগে ফজরের নামাজের পর লেগুন এলাকায় গিয়ে জাল ফেলে মণ-মণ মাছ ধরে পিকআপ ভ্যানে বোঝাই করতে দেখেছেন। এখন গেলেও মাছের গাড়ি দেখা যাবে।ওই ব্যক্তির কথামতো গিয়ে দেখা যায়, বিশাল ১ নম্বর লেগুনের পাড়জুড়ে রয়েছে মাছ ধরার জাল। কয়েকটি পিকআপ ভ্যানে মাছ তোলায় ব্যস্ত কয়েকজন দিনমজুর ও জেলে। জেলেরা বলেন, লেগুনগুলোয় বেশি আছে তেলাপিয়া মাছ। কিছু পাঙাশও আছে। ১ ও ২ নম্বর লেগুনেই মাছ চাষ হয়। বাকিগুলোতে প্রাকৃতিকভাবেও মাছ জন্মায়। মাছ কিনতে কার সঙ্গে কথা বলতে হবে—জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, এখান থেকে সবার কাছে সরাসরি মাছ বিক্রি হয় না। এখানকার মাছ প্রথমে যায় যাত্রাবাড়ী, শনির আখড়াসহ ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন আড়তে। আড়ত থেকে অন্যান্য বাজারে যায়।শোধনাগারে পাহারার দায়িত্বে থাকা কয়েকজন আনসার সদস্য মাছ চাষে সহায়তার অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা যতটুকু সম্ভব তাঁদের দায়িত্ব পালন করেন।নিয়ন্ত্রণে আছেন যাঁরা: এলাকাবাসী ও ওয়াসা সূত্র জানায়, বর্তমানে এই মাছ চাষ নিয়ন্ত্রণ করেন স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতা। তাঁদের সঙ্গে জড়িত ওয়াসার স্থানীয় কার্যালয়ের অন্তত তিনজন কর্মকর্তা-কর্মচারী। এ কাজে সহায়তা করেন আনসার সদস্যরা।অভিযোগ রয়েছে, শ্যামপুর থানা আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান ও শ্যামপুর শ্রমিক লীগের নেতা, ঢাকা ম্যাচের সাবেক ইউনিয়নের নেতা মো. শাজাহান (শাজাহান সেক্রেটারি নামে পরিচিত) লেগুনে মাছ চাষের সঙ্গে জড়িত। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মো. শাজাহান বলেন, ‘ভাগের টাকা কিছু পাই, কিন্তু নিজে সরাসরি জড়িত নই। এলাকার নেতা-কর্মীরা সবাই কমবেশি এই মাছ বিক্রির টাকা পান।’অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে মিজানুর রহমানকে পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, এ মাছের ব্যবসার লাভের ভাগ পান থানা আওয়ামী লীগের নেতা তাজুল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান, থানা যুবলীগের সভাপতি মো. আলমগীর, ছাত্রলীগের সভাপতি আজিজ আহমদও। তাঁদের পক্ষে কাজ করেন হারুন, ফজলুসহ কয়েকজন। তাঁদের সবাইকে পাওয়া যায়নি। যাঁদের পাওয়া গেছে, তাঁদের কেউ কেউ অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন, কেউ বা পরোক্ষভাবে জড়িত থাকার কথা জানিয়েছেন।এলাকাবাসী অভিযোগ করেন, লেগুনে মাছ চাষের সঙ্গে কদমতলী থানার স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহাবুবুর রহমান মামুনও জড়িত। তবে প্রথম আলোর কাছে তিনি দাবি করেন, তিনি জড়িত নন। মিঠা পানিতে মাছ চাষের জন্য শোধনাগারের বাইরে একটি জলাশয় বরাদ্দের জন্য তিনি ওয়াসার কাছে আবেদন করেছেন। তিনি বলেন, ‘স্থানীয় অনেক নেতাই লেগুনে মাছ চাষের সঙ্গে জড়িত। তবে ওয়াসা ও আনসার সদস্যদের সহযোগিতা ছাড়া এ মাছ চাষ বা ধরা সম্ভব নয়।’স্থানীয় লোকজন জানান, চারদলীয় জোট সরকারের আমলে ওই সরকারের একজন প্রতিমন্ত্রীর ভাই লেগুনে মাছ চাষের নেপথ্যে ছিলেন। তৎকালীন সরকার-সমর্থক ওয়াসার কয়েকজন সিবিএ নেতাও এর সঙ্গে জড়িত ছিলেন।মাছ নিধনে এ পর্যন্ত ব্যয় প্রায় ৬০ লাখ টাকা: ওয়াসা জানায়, ২০০২ সালের ফেব্রুয়ারিতে লেগুনে মাছ চাষ নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে ওয়াসা প্রথম বিষ ঢেলে মাছ মারে। সে বছর দুই দফায় মাছ নিধনে খরচ হয় প্রায় ২০ লাখ টাকা। মাছ নিধনে ২০০৭ সালে প্রায় ১৫ লাখ ও ২০০৮ সালে ব্যয় হয় প্রায় ১৫ লাখ টাকা। গত অর্থবছরে ১৫ দিনের মাছ নিধন কর্মসূচিতে ব্যয় হয় ১০ লাখ ১০ হাজার টাকা।লেগুনে মাছ চাষের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান গতকাল প্রথম আলোকে বলেন, লেগুনে জন্মানো মাছ খাওয়া অবশ্যই ক্ষতিকর। নিয়মমাফিক এবারও সেখানে মাছ মারা হবে। তিনি বলেন, মাছ চাষ বা বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিরা স্থানীয় প্রভাবশালী বা ওয়াসার কর্মকর্তা যেই হোন, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। যাঁদের পাহারায় নিয়োগ করা হয়েছে, তাঁরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন, তাহলে সমস্যা আরও বেড়ে যায়।