বিক্রয় ও বিপণনকে আলাদা করা যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ৫ এপ্রিল এসেছিলেন মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক রাজীব আহমেদ। কথা বলেছেন কথাবন্ধু পম্পা ঘোষের সঙ্গে। বিক্রয় বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।কথাবন্ধু: বিপণনের শুরু পণ্য বিক্রি দিয়ে—কথাটি আপনি কীভাবে দেখেন?রাজীব আহমেদ: বিক্রয় বিভাগ হচ্ছে বিপণন বা মার্কেটিংয়ের একটি অংশ। মার্কেটিংয়ে ফোর-পি অর্থাত্ পণ্য, মূল্য, বাজারজাতকরণ প্রক্রিয়া এবং নতুন পণ্যের বাজার সৃষ্টি করা—এই চারটি প্রক্রিয়া রয়েছে। মার্কেটিংয়ের কাজ হচ্ছে পণ্যের উন্নয়ন এবং নতুন পণ্য সৃষ্টির মাধ্যমে তা বাজারজাত করা। আর এই কাজটা করে বিক্রয় বিভাগ, যা বিপণনের অংশ। তাই বিক্রয় ও বিপণনকে আলাদা করার কোনো অবকাশ নেই। কথাবন্ধু: ক্লায়েন্ট ও কাস্টমার অর্থাত্ গ্রাহক ও ভোক্তা—এ দুইয়ের মধ্যে তফাত্ কী? একজন বিক্রয় প্রতিনিধিকে কাদের সঙ্গে বেশি কাজ করতে হয়?রাজীব আহমেদ: প্রতিটি শব্দেরই সুনির্দিষ্ট অর্থ আছে। যখন পণ্যটি একজন ক্রেতা কিনবেন তখন তিনি কাস্টমার। শুরুতেই কোম্পানি একজন ডিলারের কাছে পণ্য বিক্রি করে, ডিলার একজন পাইকারি বিক্রেতার কাছে, পাইকারি বিক্রেতা সেগুলো খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে। আর সবশেষে খুচরা বিক্রেতা সাধারণ ক্রেতার কাছে বিক্রি করে। প্রত্যেকেই একজন আরেকজনের কাস্টমার। আর পণ্যটি যিনি ব্যবহার করবেন বা ভোগ করবেন তিনি হচ্ছেন ভোক্তা বা কনজ্যুমার। আর ক্লায়েন্ট বা গ্রাহক হচ্ছেন তিনি, যিনি বারবার পণ্যটি কিনছেন। একবার কিনলে তিনি কাস্টমার, বারবার কিনলে তিনি গ্রাহক। এটুকুই তফাত্। বিক্রয় প্রতিনিধি হচ্ছেন কোম্পানি এবং ভোক্তার সঙ্গে সংযোগ স্থাপনকারী; যিনি কোম্পানির হয়ে পণ্য বিক্রি করেন। এ ক্ষেত্রে একজন বিক্রয় প্রতিনিধিকে সব সময় কাস্টমার অর্থাত্ ভোক্তাদের সঙ্গে কাজ করতে হয়। কথাবন্ধু: বিক্রয় বিভাগে কাজ করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী হওয়া উচিত?রাজীব আহমেদ: সারা বিশ্বেই বিক্রয় বিভাগের এক বিশাল ক্ষেত্র রয়েছে। এ শাখায় কাজ করতে হলে যেকোনো বিষয়ে পড়াশোনা করেই আসা যায়। তবে বাণিজ্য বিভাগ থেকে এলে এখানে অনেকেই ভালো করবেন। দক্ষতা ও আগ্রহ থাকলে যে কেউ এ বিভাগে ভালো করতে পারেন। বিক্রয় বিভাগে প্রথম চাকরিটি আপনাকে খুঁজে নিতে হবে। পরে চাকরি আপনাকে খুঁজে নেবে। যদি আপনি সেই মানের একজন বিক্রয় প্রতিনিধি হন।কথাবন্ধু: একজন বিক্রয় প্রতিনিধির আচরণ কেমন হওয়া উচিত?রাজীব আহমেদ: একজন বিক্রয় প্রতিনিধির সবকিছু নির্ভর করে তাঁর আচার-আচরণের ওপরে। কোনো কিছুই বিক্রি হয় না, বিক্রি করতে হয়। এ জন্য বিক্রয় প্রতিনিধির দক্ষতা থাকা প্রয়োজন। সব ধরনের কলাকৌশল সম্পর্কে জানতে হবে। সম্পর্ক রক্ষা এবং সম্পর্ক ব্যবস্থাপনা সম্পর্কে সব সময় সজাগ থাকতে হবে।কথাবন্ধু: এ ক্ষেত্রে কোনো বিশেষ প্রশিক্ষণের দরকার আছে কি না?রাজীব আহমেদ: বিক্রয় বিভাগ হচ্ছে ক্রমাগত শেখার জায়গা। অবশ্যই এখানে প্রশিক্ষণের দরকার রয়েছে। এ জন্য প্রথম আলো জবস একাধিক প্রশিক্ষণের আয়োজন করছে। তবে পণ্য বিক্রির আসল প্রশিক্ষণ হয় মাঠপর্যায়ে। কথাবন্ধু: বর্তমানে তরুণদের এ পেশায় আরও উদ্বুদ্ধ করতে আপনার দিকনির্দেশনা কী হবে?রাজীব আহমেদ: যাঁরা বিক্রয় বিভাগে কাজ করতে চান তাঁদের বলব, এ জন্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে এর সুযোগ রয়েছে। এ জন্য প্রয়োজন পেশাগত দক্ষতা এবং আগ্রহ। সফলতা আসবেই। গ্রন্থনা: সুদীপ দে