বিক্ষোভ ও শোক দিয়ে শুরু হবে নববর্ষ
ভারতে চলন্ত বাসে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজধানী নয়াদিল্লিতে আজ সোমবার বিক্ষোভ দেখানোর উদ্দেশ্যে জড়ো হচ্ছে লোকজন। হাজার হাজার মানুষ ও বিভিন্ন সভা-সংগঠন ওই ছাত্রীর প্রতি শোক প্রকাশ করে খ্রিষ্টীয় নববর্ষ উদযাপনের অনুষ্ঠান বাতিল করেছে। আজ সোমবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।আজ নয়াদিল্লির কেন্দ্রস্থলে জন্তর মন্তরে ওই ছাত্রীর স্মরণে শোকসভা হবে। একদল শিক্ষার্থী, যাঁরা গণধর্ষণের খবর ছড়িয়ে পড়ার পর থেকে ক্ষোভ প্রকাশ করছেন, তাঁরা জানান, নারীদের রক্ষায় আরও কঠোর আইনের দাবিতে তাঁরা সমবেত হচ্ছেন। ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারাও এ বিক্ষোভে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ওই ছাত্রীর পরিবারের সদস্যরাও দোষী ব্যক্তিদের মৃত্যুদণ্ড দাবি করেছেন। তাঁর ভাই ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকাকে বলেন, ‘লড়াই মাত্র শুরু হয়েছে। আমরা দায়ী ব্যক্তিদের ফাঁসি চাই। এ জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাব।’ওই পত্রিকার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিহত তরুণীর বাবা বলেন, ‘ওর মা তো ভেঙে পড়েছে। আমার ধারণা, মেয়ের মৃত্যুর জন্য ও প্রস্তুত ছিল না। মেয়েটা এ বাড়িতেই জন্ম নিয়েছে, বেড়ে উঠেছে। এখনো ওর বইপত্র, কাপড়চোপড় সেভাবেই পড়ে আছে। ওর ঘরে আমার আর পা পড়বে না, ওর কণ্ঠে আর ইংরেজি শুনতে পাব না—এমনটি আমার জন্য মেনে নেওয়া খুব কঠিন।’বিপর্যস্ত নারীদের সহায়তায় টেলিফোনের একটি নতুন হেলপলাইন খোলার পরিকল্পনা রয়েছে নগর কর্তৃপক্ষের। কর্তৃপক্ষ জানায়, ২৪ ঘণ্টা খোলা থাকবে নম্বরটি (১৮১)। এটি দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের কার্যালয় থেকে পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে নগরের ১৮৫টি পুলিশ স্টেশনে এর সংযোগ থাকবে। ১৬ ডিসেম্বর রাতে দক্ষিণ দিল্লিতে ২৩ বছর বয়সী ওই ছাত্রী গণধর্ষণের শিকার হন। এরপর তাঁকে ও তাঁর ছেলেবন্ধুকে বেদম মারধর করে দুর্বৃত্তরা। বন্ধুকে রড দিয়ে বেধড়ক পেটায় এবং চলন্ত বাস থেকে তাঁদের ফেলে দেওয়া হয়। এরপর ওই ছাত্রীকে নয়াদিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়।ওই হাসপাতালে ১০ দিন চিকিত্সার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ২৭ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গত শনিবার স্থানীয় সময় ভোর চারটা ৪৫ মিনিটে মারা যান তিনি। তাঁর মৃত্যুর খবরে নয়াদিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে আবারও বিক্ষোভ শুরু হয়। সহিংস বিক্ষোভের আশঙ্কায় নয়াদিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। রাস্তায় মোতায়েন করা হয় হাজার হাজার দাঙ্গা পুলিশ। অনেক সড়ক, বিপণিবিতান ও মেট্রোরেল স্টেশন বন্ধ করে দেওয়া হয়। জনগণের পক্ষ থেকে সন্ধ্যায় দিল্লিতে মোম জ্বালিয়ে ওই ছাত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয় ও অভিযুক্তদের শাস্তি দাবি করা হয়। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার অভিযোগ প্রমাণিত হলে তাঁদের মৃত্যুদণ্ড হতে পরে। ওই ছাত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। এ ঘটনায় জনগণের ক্ষুব্ধ প্রতিক্রিয়াকে তিনি ‘যথার্থ অনুধাবনযোগ্য’ বলে মন্তব্য করেন। কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, ‘ধর্ষকদের উপযুক্ত শাস্তি দিতে হবে। আমরা ও আমাদের প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করব দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার।’বাসে আরেক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগপুরো ভারতে যখন এ ঘটনায় তোলপাড় চলছে, এর মধ্যেই গত শনিবার রাতে নয়াদিল্লিতে চলন্ত বাসে আরেক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। রাত ১১টার দিকে মধ্য দিল্লির মানদি হাউসের কাছে এ ঘটনা ঘটে। এনডিটিভির খবরে বলা হয়, ওই নারী অভিযোগ করেন, খায়ালা থেকে লাজপাত নগরগামী দিল্লি পরিবহন করপোরেশনের (ডিটিসি) একটি গাড়িতে তাঁকে উত্ত্যক্ত করা হয়। অন্য একটি বাসের সহকারী কাজের অবসরে তাঁর বাসে উঠে তাঁকে উত্ত্যক্ত করে। তবে ডিটিসি বাসের চালক ও সহকারী পুলিশের কাছে বিবৃতি দেওয়ার পর ওই সহকারী চালককে পুলিশ গ্রেপ্তার করে। তাঁকে ১২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ছাড়া আরও দুজনকে আটক করা হয়েছে। দিল্লির পরিবহনমন্ত্রী রামাকান্ত গোস্বামী বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করেছি। অভিযুক্ত ওই সহকারী এবং ডিটিসি বাসের চালক ও সহাকারীকে বরখাস্ত করা হয়েছে।’পুলিশ জানায়, পশ্চিম দিল্লির খায়ালাতে ওই নারীর বাড়ি। পরিবারের সঙ্গে মনোমালিন্য হওয়ায় রাত সাড়ে নয়টার দিকে তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। পরে তাঁর পরিবার থেকে থানায় ‘নিখোঁজ’ হওয়ার অভিযোগ জানানো হয়। পরে এটিকে অপহরণের মামলা হিসেবে তালিকাভুক্ত করা হয়। রাত ১১টার দিকে পুলিশ বাসে ওই নারীকে শনাক্ত করে।