বিক্ষোভ দমনে লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ ও ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষ হয়। পুলিশ আন্দোলনরত ছাত্রছাত্রীদের নির্বিচারে লাঠিপেটা করে। তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়া হয়। এতে পুলিশের ১৯ জন সদস্যসহ প্রায় ৫৬ জন আহত হন।ছাত্রছাত্রীদের ওপর পুলিশের চড়াও হওয়ার খবরে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ, প্রশাসনিক ভবন এবং কমপক্ষে ২০টি যানবাহনে ভাঙচুর চালান। এ ঘটনায় পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অন্তত ২৪১ জনকে গ্রেপ্তার করেছে। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। ছাত্রদের গতকাল সন্ধ্যা ছয়টা ও ছাত্রীদের আজ মঙ্গলবার সকাল ১০টার মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে গত ২৬ জুলাই থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জেড মোর্শেদ প্রথম আলোকে বলেন, আন্দোলনকারীদের হামলায় হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বাবুল আক্তারসহ পুলিশের ১৯ সদস্য আহত হন। তাঁরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৩১১টি ছররা গুলি ও ১০৪টি কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। সোহরাওয়ার্দী, শাহজালাল ও শাহ আমানত হলে অভিযান চালিয়ে এবং ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করা হয় ২৪১ জনকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৭০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের অনেকে হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশের পক্ষ থেকে আরেকটি মামলার প্রস্তুতি চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের হালিশহর পুলিশ লাইনে রাখা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণ শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে ক্যাম্পাসের স্টেশন গোলচত্বর থেকে মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন অনুষদ ঘুরে সাড়ে ১০টায় চাকসু ভবনের সামনে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা হাবিলদার আরিফ ও কনস্টেবল হাবিবের ওপর চড়াও হন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় স্টেশনসহ বিভিন্ন এলাকায় দায়িত্বরত পুলিশ চাকসু ভবনের সামনে জড়ো হয়। সেখানে তারা ছাত্রছাত্রীদের বেপরোয়া লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় গোটা ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়।প্রত্যক্ষদর্শীরা আরও জানান, পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে মুখোশধারী ৭০-৮০ জন যুবক প্রশাসনিক ভবন থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরে গিয়ে ১৭টি গাড়ি ভাঙচুর করেন। আবার বিভিন্ন হল থেকে বিপুল শিক্ষার্থী চাকসু ভবনের সামনে জড়ো হন। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং বিভিন্ন অনুষদ ভবনের দরজা-জানালা ভাঙচুর করেন। পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের গুরুত্বপূর্ণ নথিপত্র বের করে নষ্ট করার চেষ্টা করেন। পুলিশ তাঁদের বাধা দিলে সেখানেও দফায় দফায় সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ সেখান থেকে সরে গেলে প্রশাসনিক ভবন ঘেরাও করে আন্দোলনকারীরা উপাচার্যবিরোধী স্লোগান দিতে থাকেন।দুুপর একটার দিকে পুলিশ শহীদ মিনারের সামনে অবস্থান নেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। পুলিশও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে ছাত্ররা মিছিল নিয়ে শহীদ মিনারের সামনে আসেন। ছাত্রীরাও হল থেকে একটি মিছিল নিয়ে সেখানে আসেন। সেখানে কয়েকজন ছাত্রী মাটিতে শুয়ে পড়েন। এক ঘণ্টার বেশি সেখানে অবস্থান করে ছাত্রছাত্রীরা উপাচার্যবিরোধী স্লোগান দেন। বেলা সোয়া দুইটার দিকে পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ক্যাম্পাসে আবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিকেল পর্যন্ত থেমে থেমে চলে সংঘর্ষ।গতকাল পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের জন্য উপাচার্যকে দায়ী করছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, উপাচার্যের একগুঁয়েমি আচরণের কারণে এ ঘটনা ঘটেছে। এক সপ্তাহ ধরে আন্দোলন চললেও কর্তৃপক্ষ কোনো আলোচনায় বসতে চায়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, বেতন-ফি বাড়ানোর আগে ছাত্রনেতাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক করা উচিত ছিল। কিন্তু প্রশাসন কাউকে পাত্তা দেয়নি।নাম প্রকাশ না কারার শর্তে চট্টগ্রাম মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও পরিস্থিতির জন্য উপাচার্যের একগুঁয়েমিকে দায়ী করেন। তিনি বলেন, ছাত্রছাত্রীদের আন্দোলন নগরে ছড়িয়ে পড়লে পুলিশ উপাচার্যের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু তিনি আন্দোলনকে পাত্তা না দিয়ে বরং পুলিশ দিয়ে দমনের পরামর্শ দেন।উপাচার্য আবু ইউসুফ অবশ্য দাবি করেন, ‘বর্ধিত বেতন-ফি বাতিলের দাবিতে কোনো শিক্ষার্থী আমাকে স্মারকলিপি দেয়নি। তারা বরং আমার শিক্ষকদের গায়ে হাত তুলেছে। এ অবস্থায় আমি তাদের সঙ্গে আলোচনায় বসতে পারি না।’সিন্ডিকেট সদস্য ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক এ কে এম তফজল বলেন, ‘শিক্ষার্থীদের ভাঙচুরে বিশ্ববিদ্যালয়ের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন তাণ্ডব এর আগে কখনো আমরা দেখিনি।’যাঁরা আহত: পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও ছররা গুলিতে পুলিশের ১৯ সদস্যসহ ৫৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।আহত শিক্ষার্থীদের মধ্যে নয়জনের নাম-পরিচয় জানা গেছে। তাঁরা হলেন আকন্দ (বিবিএ), কাজল (লোকপ্রশাসন), মনিরুজ্জামান (রাজনীতিবিজ্ঞান), নজরুল ইসলাম (দর্শন), ইরফান মাহমুদ (অর্থনীতি), নুরুল আমিন (রাজনীতিবিজ্ঞান), নুরুল আমিন (দর্শন), তানজিনা সরকার (রাজনীতিবিজ্ঞান) ও আল আমিন (দর্শন)।সিন্ডিকেটের বৈঠক: গতকাল দিনভর তাণ্ডবের মধ্যে বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি সভায় বসে। উপাচার্য আবু ইউসুফের সভাপতিত্বে সভায় নয়জন সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে বিশ্ববিদ্যালয় ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে ঘটনা তদন্তের জন্য আইন অনুষদের ডিনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি করা হয়। বিশ্ববিদ্যালয় আগাম বন্ধ রমজানের ছুটি হিসেবে গণ্য হবে বলে বৈঠক সূত্র জানায়।ক্ষয়ক্ষতি নিরূপণ কমিটি: হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে সিন্ডিকেট তিন সদস্যের একটি কমিটি তদন্ত করেছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আইন অনুষদের ডিন জাকির হোসেনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। গতকালের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ক্ষয়ক্ষতি কয়েক কোটি টাকা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদের ওপর পুলিশের হামলা এবং গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। বাংলাদেশ ছাত্র ফেডারেশন এ ঘটনার প্রতিবাদ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তারা গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এ ছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্রমৈত্রী (পুনর্গঠিত), বিপ্লবী ছাত্রমৈত্রী, প্রগতিশীল ছাত্রজোটের নেতারা পৃথক বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনায় নিন্দা জানান।