বিক্ষোভ ন্যায়সংগত, তবে সংঘাত সমাধান নয়
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সম্প্রতি নয়াদিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে বলেছেন, ওই পৈশাচিক ঘটনায় বিক্ষোভ দেখানো ন্যায়সংগত। তবে সংঘর্ষ কোনো সমাধান নয়।বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় একজন পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন প্রণব। তিনি তরুণদের ‘আবেগ নিয়ন্ত্রণে রাখার’ও তাগিদ দেন। একই সঙ্গে ধর্ষণের ঘটনায় সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।আজ মঙ্গলবার ভারতের মতিলাল নেহরু ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির (এমএনএনআইটি) সমাবর্তন বক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভারতের রাষ্ট্রপতি।ধর্ষণের শিকার তরুণীকে ‘সাহসী মেয়ে’ উল্লেখ করে ভারতের রাষ্ট্রপতি তাঁর ‘দ্রুত আরোগ্য’ কামনা করেন। ‘নারীদের সম্পর্কে সমাজে প্রচারিত ও লালিত নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত হয়’ উল্লেখ করে প্রণব মুখোপাধ্যায় বলেন, ‘এ ধরনের আচরণ অবশ্যই পরিবর্তন করতে হবে। সমাজের সব পর্যায়ে নারীদের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। এ ক্ষেত্রে নামী প্রতিষ্ঠানের তরুণদের এগিয়ে আসতে হবে।’ একটি দেশের উন্নতি নির্ভর করে জাতি গঠনে সব শ্রেণীর অংশগ্রহণের মধ্য দিয়ে—এ কথা উল্লেখ করে প্রণব বলেন, ‘আমাদের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নারীদের সমভাবে এবং কোনো কোনো ক্ষেত্রে বেশি গুরুত্বের সঙ্গে নিতে হবে।’ তিনি বলেন, ‘নারীদের এ অংশগ্রহণ সাধারণত কম, প্রকৌশলে এ সংকট আরও তীব্র।’ভারতের রাষ্ট্রপতি আরও বলেন, ‘এমএনএনআইটিতে গত ১০ বছরে নারীর সংখ্যা ছিল প্রায় আট শতাংশ। এ ধরনের অংশগ্রহণ আমাদের সমতাভিত্তিক সমাজের জন্য এক হতাশার চিত্র।’ তিনি বলেন, ‘আমি মনে করি, পঠনযোগ্য ও ক্যারিয়ার গঠনের বিষয় হিসেবে অনেক নারী শিক্ষার্থীই আগামী দিনে প্রকৌশল শিক্ষায় আগ্রহী হবে।’