বিক্ষোভ রূপ নিল আনন্দ মিছিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা তিনটা। চারপাশ থেকে পিলপিল করে আসছে মানুষ। কারও হাতে লাঠি, কারও হাতে দা। জড়ো হচ্ছে তারা নবাবগঞ্জ উপজেলার মুন্সিনগর মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে। ক্ষোভে ফুঁসছে তারা। চলছে স্লোগান, ‘রক্ত দিয়ে বিমানবন্দর বন্ধ করব’। এর মাঝে হঠাৎ করেই মাইকে ঘোষণা এল, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আড়িয়ল বিলে বিমানবন্দর হচ্ছে না।’মুহূর্তেই আনন্দে আত্মহারা হয়ে উঠল বিক্ষুব্ধ মানুষ। বিশাল মাঠজুড়ে ঘুরছে সেই আনন্দ মিছিল। নারী-শিশু-পুরুষ সবাই উল্লাস করছে। শূন্যে ছোড়া হচ্ছে চকলেট। কোন ফাঁকে মিষ্টিও চলে এসেছে। একজন শুরু করলেন মিষ্টি বিতরণ। এর মধ্যেই কয়েকজন রং জোগাড় করে বোতলে ভরে তা ছিটানো শুরু করলেন। শীতের বিকেলে উল্লাসরত জনতা সেই রং মেশানো পানি গায়ে মাখছে। আর তাতেই যেন ধুয়ে যাচ্ছে তাদের যত ক্ষোভ। রঙে ভিজেছে আবালবৃদ্ধবনিতা। পরস্পরকে জড়িয়ে উল্লাস প্রকাশ করছে তারা। কেউ কেউ ভেঙে পড়ছে কান্নায়—আনন্দের কান্না। তাদের কাছে এ যেন এক বিজয়। চৌদ্দপুরুষের ভিটেমাটি রক্ষার আনন্দ।গতকাল বুধবার পাল্টাপাল্টি এই চিত্র ছিল আড়িয়ল বিলসংলগ্ন গ্রামগুলোতে। সকাল থেকে বেলা তিনটার আগ পর্যন্ত এখানকার গ্রামগুলো ছিল বিক্ষোভের জনপদ, আর বেলা তিনটার পর শুরু হয় জয়ের আনন্দ।দুপুর একটা। ঢাকার নবাবগঞ্জের চুড়াইন বাজার থেকে মুন্সিনগর মডেল উচ্চবিদ্যালয় পর্যন্ত আসতে মরিচপট্টি, কালাইমারা ও মুন্সিনগর মোড় পার হতে হবে। প্রতিটি স্থানেই গ্রামবাসীর কড়া পাহারা। এই পথে যারাই আসছে, তাদের প্রত্যেককে নাম, পরিচয়, গ্রামের বাড়ি—সব বলে ঢুকতে হচ্ছে।লোকজনের ইশারায় প্রতিটি মোড়েই মোটরসাইকেল থামাতে হলো। সাংবাদিক পরিচয় পেয়ে গতকাল তারা সাগ্রহে এলাকায় ঢুকতে দিল। বেলা দুইটায় স্কুলমাঠে গিয়ে চোখে পড়ল একটি অস্থায়ী ঘর। এর চারপাশে ‘রক্ত দিব, প্রয়োজন হলে প্রাণ দিব, তবু পৈতৃক ভিটা ও জমি দিব না’ লেখা ব্যানার। এটি আড়িয়ল বিল রক্ষা কমিটির ক্যাম্প।ক্যাম্পের পাশে গিয়ে দেখা গেল, কয়েকজনের চিৎকার-চেঁচামেচি চলছে। একজন বলছেন, মন্ত্রীর এক লোক নাকি তাঁদের দেখে দৌড়ে পালিয়ে গেছে। সে নাকি ইনফরমার। আরেকজন বলছেন, ‘মারামারির দরকার নেই। ঝামেলা হবে।’ লোকজনকে নানা বিষয়ে বোঝানোর চেষ্টা করছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মজিবুর রহমান। তিনি এ প্রতিবেদককে বললেন, ‘আপনারা সাংবাদিক। আপনারা বাস্তব জিনিসটা তুলে ধরেন। তাইলে আমাদের বুকের ওপর দিয়ে আপনাদের এই এলাকায় নিয়ে আসব।’ ক্ষোভে যেন তাঁর গা কাঁপছে। বললেন, ‘আমরা তো এত দিন শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। মঙ্গলবার মাওয়া সড়কে শান্তিপূর্ণ মানববন্ধন করতে চাইছিলাম, কিন্তু পুলিশ আমাদের ওপর হামলা চালাল কেন? এখন তারা গ্রামের লোকদের ধরছে। তাদের সবাইরে মুক্তি দিতে হবে।’মজিবুর রহমান বলেন, ‘সরকারের লোকজন নাকি বলছে, যারা আন্দোলন করে তারা বিএনপির লোক। শেখ হাসিনাকে গিয়ে বলেন, তিনি যখন ১৯৮১ সালে প্রথম দেশে আসেন, আমি তাঁকে একনজর দেখার জন্য গিয়েছি। সারা জীবন আমি নৌকায় ভোট দিছি। আমাদের চৌদ্দগুষ্টির সবাই আওয়ামী লীগ করে।’এগিয়ে এলেন হাশেম মিয়া নামের আরেকজন। বলেন, ‘আমার ৪০ বছরের জীবনে চুড়াইন বাজার কোনো দিন বন্ধ দেখি নাই, কিন্তু এখন সব বন্ধ। কারণ, এটা আমাদের বাঁচা-মরার লড়াই। সরকার বিমানবন্দর করবে, করুক। এ জন্য তারা পতিত জায়গা খুঁজুক। আমাদের বাপ-দাদার জমি কেন?’ স্কুলমাঠ থেকে ঢুকলাম গ্রামের দিকে। ইসা নামের এক ব্যক্তি আমাদের দেখে ডাকলেন। তাঁর হাতে বিশাল এক রামদা। তাঁকে এড়িয়ে যাওয়ারও উপায় নেই। তিনি বললেন, ‘আমি লেবাননে যুদ্ধ করেছি। এখন আরেকবার যুদ্ধ করমু। কেউ যদি এই বিলে এয়ারপোর্ট করতে আসে, তাইলে কোপাইয়া মাইরে ফালামু।’মদনখালী গ্রামে ঢুকতেই চোখে পড়ল একদল লোক, সবার হাতে লাঠি কিংবা বঁটিদা। তারা যাচ্ছে মুন্সিনগর স্কুলমাঠে সমাবেশে যোগ দিতে। তাঁদের কয়েকজন জানালেন, গ্রামের লোকজন গত দুই রাত না ঘুমিয়ে কাটিয়েছে। পুলিশ যেন আসতে না পারে, তাই বিভিন্ন রাস্তার মোড়ে লাঠিসোঁটা হাতে নিয়ে পাহারা দিয়েছেন। এ ছাড়া ঢাকা-মাওয়া মহাসড়কসংলগ্ন গ্রাম হাসাড়া থেকে চুড়াইন পর্যন্ত বিভিন্ন সংযোগ সড়কে গাছ কেটে ফেলে রাখা হয়েছে। গত সোমবার মহাসড়কে সহিংস বিক্ষোভ, হতাহতের ঘটনার পর রাতে গ্রামে অভিযানে নামতে পারে—এ আশঙ্কায় এটা করা হয়েছে।বেলা তিনটার দিকে মুন্সিনগর স্কুলমাঠে নির্ধারিত সমাবেশ ছিল আড়িয়ল বিলে প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে। এর আগে অনেকক্ষণ ধরেই গ্রামের মসজিদের মাইকগুলো থেকে ঘোষণা আসছিল, সবাই মাঠে আসেন। তিনটার আগেই শত শত মানুষ জড়ো হয়েছে। বিভিন্ন গ্রাম থেকে আরও মানুষ দলে দলে আসছে। কিন্তু তিনটা বাজার কয়েক মিনিট পরে মাইকের ঘোষণাও বদলে গেল। বলা হতে থাকল, ‘আমাদের বিজয় হয়েছে। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, বিমানবন্দর হবে না। টিভিতে এই খবর দেখাইছে।’মুহূর্তেই স্কুলের মাঠে শুরু হলো উৎসব। নারী-শিশু-বৃদ্ধ সবাই বাড়ি থেকে ছুটতে লাগল স্কুলমাঠে। বিভিন্ন বাড়ি থেকে ভেসে আসছে বিজয়ের উল্লাস। চারদিকে আনন্দ মিছিল। বাচ্চারা স্কুলের মাঠের চারদিকে দৌড়াতে লাগল। কেউ কেউ তাদের দিকে চকলেট ছুড়ে মারা শুরু করল।বিভিন্ন বাড়ি থেকে আসা নারীরাও যোগ দিল এই আনন্দ মিছিলে। লাঠিতে ভর দিয়ে মাঠের দিকে যাচ্ছিলেন বৃদ্ধ আজগর মিয়াও। ৬৫ বছরের এই বৃদ্ধ বলেন, ‘আজ আমাগো জীবনের অনেক আনন্দের দিন। আমাগো আজ বিজয় হইছে।’ এক পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন এক বৃদ্ধ। নাম জানালেন হাজি আয়নাল হক। সৌম্য চেহারার এই বৃদ্ধ তাঁর বাড়িটি দেখিয়ে বললেন, ‘ওই যে আমার ভিটা। এই ভিটা ছেড়ে আমি কোথায় যেতাম, বলেন? সরকার আমাগো বাঁচায় দিছে।’ চুড়াইন ইউনিয়ন পরিষদের সদস্য ঈমান আলী বললেন, ‘শেখ হাসিনাকে ধন্যবাদ। তিনি বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।’স্কুলমাঠের মিছিলে প্রতি মিনিটে লোক বাড়তে লাগল। একসময় আনন্দ মিছিল মাঠ থেকে উঠে গেল রাস্তায়।আকারচর হয়ে আনন্দ মিছিলটি যাচ্ছে কামারখোলার দিকে। মোটরসাইকেল নিয়ে আমরাও মিছিলের পিছু নিলাম। মিছিলের লোকজন রং ছিটিয়ে ভিজিয়ে দিল আমাদেরও। বাধা দেওয়ার সুযোগ নেই।মিছিলটি যতই এগোচ্ছিল, তত লম্বা হচ্ছে। পথে পথে বিভিন্ন বাড়ি থেকে লোকজন এসে যোগ দিল সেই মিছিলে। বাড়ৈখালী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করল। বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা, কিন্তু আড়িয়ল বিলের মানুষের উৎসব থামে না।একই রকম আনন্দ মিছিলের খবর আসছিল মরিচপট্টি, কালাইমারা, কামারখোলা, মুন্সিনগর, দক্ষিণ চুড়াইন, গোবিন্দপুর, শংকরখালী, সোনাতলা, পাইকশা, বাড়ৈখালী, হাসাড়া, ষোলঘর, আলমপুর, লস্করপুরসহ অন্যান্য গ্রাম থেকেও। শত বছরের স্মৃতিবিজড়িত বসতভিটে, ‘শস্যভান্ডার’ আড়িয়ল বিলের জমি থাকছে তাদের কাছেই, এর চেয়ে বড় সুখবর আর কী হতে পারে? আনন্দের পাশাপাশি অনেকে স্থানীয় দুই সাংসদ ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভের কথাও বলছিলেন।আওয়ামী লীগের মিছিল: আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিলের কথা জেনে একে স্বাগত জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে এবং প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে গতকাল বিকেলে মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগও। একই সঙ্গে বিলবাসীর নামে দায়ের করা মামলা প্রত্যাহার করে অবিলম্বে এলাকার শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার দাবি জানান দলটির নেতারা। আওয়ামী লীগ সন্ধ্যায় সমাবেশ করে হরিঠাকুর ঘাট এলাকায়। স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুল বাসেত, এম এ ওয়াদুদ শিকদার, শাহ আলম, আবদুল হাই, আবুল বাশার, মজিবর মেম্বর, শেখ শামছু প্রমুখ এ সময় বক্তব্য দেন।বিল রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, জনগণের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, তা সময়োপযোগী। জনমতের প্রতি সম্মান দেখানোয় বিলবাসী তাঁকে মনে রাখবে।বিল রক্ষা কমিটির সদস্যসচিব জিয়াউর রহমান বলেন, বিলবাসী যে যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করেছে, সরকারের সিদ্ধান্তে সেটা প্রমাণিত হয়েছে। তাঁর দাবি, নিরীহ জনগণের ওপর হামলা, ভাঙচুর ও পুলিশি নির্যাতনের বিচার ও মামলা প্রত্যাহার করতে হবে। বিএনপির মিছিল: বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসায় গতকাল সোনাতলা এলাকায় মিছিল বের করে বিএনপি। মিছিলটি শংকরখালী হয়ে গোবিন্দপুর বাজারে এসে শেষ হয়। সেখানে হাজি ঈমান আলীর সভাপতিত্বে পথসভায় স্থানীয় বিএনপির নেতা আনিস মেম্বার, ভিপি মাসুদ, সুরুজ কামাল, সেলিম, তোফাজ্জল, কুব্বাত মোল্লা প্রমুখ বক্তব্য দেন। তাঁরা খালেদা জিয়াসহ আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান।গ্রেপ্তার ২০: গত সোমবার ঢাকা-মাওয়া মহাসড়কে গ্রামবাসীর সহিংস বিক্ষোভের ঘটনায় পুলিশ গতকাল দুপুর পর্যন্ত অন্তত ৫০ জনকে আটক করেছে বলে এলাকাবাসী জানান।তবে মুন্সিগঞ্জের শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা, হামলা, ফাঁড়িতে অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় পুলিশ বাদী হয়ে করা তিনটি মামলায় এঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার রাতে গ্রামবাসীর বাধা ও সড়কে গাছ কেটে ফেলে রাখায় এবং আলমপুরের কাছে একটি বেইলি সেতু খুলে ফেলায় পুলিশ অভিযান চালাতে পারেনি।