বিক্ষোভকারীকে চিকিত্সা দেওয়ায় কারাদণ্ড!
আহত বিক্ষোভকারীদের চিকিত্সা দেওয়ার ‘অপরাধে’ বাহরাইনের ২০ জন চিকিত্সককে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে সর্বোচ্চ ১৫ বছর করে কারাদণ্ড দেন আদালত। তবে কারাদণ্ড দেওয়ার পর চিকিত্সকেরা অনশন শুরু করলে তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়।চিকিত্সকদের বিরুদ্ধে অভিযোগ, সুন্নি-শাসিত বাহরাইনে অধিকারের দাবিতে শিয়া সম্প্রদায়ের ডাকে আন্দোলন চলার সময় এই চিকিত্সকেরা আহত বিক্ষোভকারীদের চিকিত্সা দেন।সরকারের একজন মুখপাত্র বলেন, সরকার পরিবর্তনের দাবিতে আন্দোলনরত কট্টর বিক্ষোভকারীদের সঙ্গে এই চিকিত্সকেরা যুক্ত ছিলেন। বিবিসির খবরে বলা হয়েছে, বিভিন্ন দাবিতে দেশটির মানামায় পার্ল রাউন্ডাবোটের কাছে বিক্ষোভকারীরা বিক্ষোভ করছিল। কিন্তু পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। গত ১৬ মার্চ নিরাপত্তাকর্মীরা পার্শ্ববর্তী সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সে অভিযান চালায়। ওই হাসপাতালেই চিকিত্সকেরা কাজ করতেন। বাহরাইনের তথ্যমন্ত্রী শেখ আবদুল আজিজ বিন মোবারক অভিযোগ করেন, বিক্ষোভকারীরা ওই হাসপাতালকে ‘সমন্বয় কেন্দ্র’ হিসেবে ব্যবহার করত। এ কাজে হাসপাতালের কিছু চিকিত্সক তাঁদের সহায়তা করতেন। তিনি বলেন, বাহরাইনের ইতিহাসে এমন কালো অধ্যায়ে তাঁরা (চিকিত্সকেরা) নিজেদের কোনো পক্ষের সঙ্গে যুক্ত করতে পারেন না। তিনি আরও বলেন, হাসপাতালসংলগ্ন এলাকায় রাজনৈতিক সমাবেশ এবং আহতদের শুধু ওই হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে বলে সরকারের কাছে প্রমাণ রয়েছে। তবে চিকিত্সকদের শাস্তি দেওয়ার ঘটনায় মানবাধিকার কর্মীরা বিস্ময় প্রকাশ করেছেন।শাস্তি পাওয়া চিকিত্সক ফাতমা হাজি বলেন, ‘আমি জানি, আমি অবশ্যই শতভাগ নিরপরাধী। আমাদের অপরাধ—বিক্ষোভ করতে গিয়ে আহত নিরপরাধ ও অসহায় মানুষকে আমরা সাহায্য করেছি।’