থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে গতকাল বুধবার নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু হয়েছে। এ সময় তাদের গুলিতে ইতালির একজন সাংবাদিকসহ পাঁচজন বিক্ষোভকারী নিহত হয়েছে। বিক্ষোভকারীদের একটি অংশ ব্যাংককে ব্যাপক লুটপাটসহ অন্তত ২০টি স্থানে আগুন ধরিয়ে দিয়েছে। এ অবস্থায় সরকার রাজধানী ব্যাংককসহ ২৩টি প্রদেশে কারফিউ জারি করেছে।এদিকে নিরাপত্তা বাহিনী অভিযান জোরদার করার পর গতকাল বিক্ষোভকারীদের কয়েকজন নেতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তাঁরা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে সমর্থকদের ঘরবাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান। থাই প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া আশা প্রকাশ করেন, এর মাধ্যমে রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে দেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে। জাতীয় টেলিভিশনে কারফিউ জারির ঘোষণা দিয়ে সরকারের একজন মুখপাত্র বলেন, গত রাতে ব্যাংককসহ ২৩টি প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। নিরাপত্তা বাহিনী কয়েকটি নির্দিষ্ট এলাকায় বিক্ষোভকারীদের আটকে ফেলেছে। ব্যাংককের বাসিন্দা ও বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।পুলিশের এক মুখপাত্র বলেন, ব্যাংককের গুরুত্বপূর্ণ সব এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লুটপাট বা অগ্নিসংযোগকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ জানায়, বিক্ষোভকারীরা ব্যাংককের স্টক এক্সচেঞ্জ, ব্যাংক, সিনেমা হল, বিপণিবিতান, টেলিভিশন কেন্দ্রসহ কমপক্ষে ২০ স্থানে আগুন ধরিয়ে দেয়। কয়েকটি সরকারি ভবন ও পত্রিকার কার্যালয়েও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বিপণিকেন্দ্র সেন্ট্রাল ওয়ার্ল্ড থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। টেলিভিশন কেন্দ্র চ্যানেল থ্রির ভবনে আগুন ধরিয়ে দেওয়ায় অন্তত ১০০ কর্মী ভেতরে আটকা পড়েন। পরে তাঁদের উদ্ধার করা হয়। ব্যাংককের আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। নিরাপত্তা বাহিনী ও অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।পুলিশের মুখপাত্র মেজর জেনারেল পিয়া উত্থাইয়ো বলেন, গতকাল নিরাপত্তা বাহিনীর অভিযানে ইতালির এক সাংবাদিকসহ ছয়জন বিক্ষোভকারী নিহত হন। আহত হন অন্তত ৫৮ জন।গতকাল সকালে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের অবস্থানস্থলে সাঁড়াশি অভিযান শুরু করলে বিক্ষোভ বন্ধ করে ওই এলাকা থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ‘লাল শার্ট’ বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীদের উদ্দেশে তাঁদের নেতা জতুপর্ণ প্রমপান বলেন, ‘আমি জানি, আপনাদের কষ্ট হচ্ছে। কিন্তু আমরা আর মৃত্যু চাই না।’ অন্যরা বলেন, ‘আমরা আন্দোলনের ইতি টানছি না। নিজেদের নিরাপত্তার জন্য এ স্থান ত্যাগ করছি মাত্র।’এ সময় আন্দোলন বন্ধের বিরোধী বিক্ষোভকারীদের একটি অংশ নিজেদের আসল ‘লাল শার্ট’ বলে ঘোষণা দেয়। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ব্যাংককের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। পরে এরাই শহরটিতে লুটপাট ও অগ্নিসংযোগ শুরু করে।পুলিশের কাছে আত্মসমর্পণ করে টেলিভিশনে সাক্ষাৎকার দেন বিক্ষোভকারীদের নেতা নাতাউত সাইকুয়ার। তিনি বলেন, ‘আমি সবাইকে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। পুলিশ আপনাদের নিরাপত্তা দেবে। আশা করি, আপনারা নিরাপদেই বাড়ি ফিরতে পারবেন।’‘লাল শার্ট’ বলে পরিচিত দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকেরা প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়ার পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে দুই মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন। এ সময় সহিংসতায় এ পর্যন্ত ৭৩ জন নিহত হন। আহত হন অন্তত এক হাজার ৭৫৮ জন। এর মধ্যে গত সাত দিনেই অন্তত ৪৪ জন নিহত হন। এএফপি, বিবিসি।