বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে থাই সেনাসদস্য নিহত
ব্যাংককে থাইল্যান্ডের সেনাবাহিনী ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে আজ সোমবার সকালে একজন থাই সেনাসদস্য নিহত হয়েছেন। থাই কর্মকর্তারা বলেন, দুই মাস ধরে চলমান রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনা করতে বিক্ষোভকারীদের প্রস্তাব সরকার নাকচ করে দেওয়ার পর এ সংঘর্ষ ঘটে।বার্তা সংস্থা রয়টার্সের একজন আলোকচিত্রী জানান, লাল শার্ট বিক্ষোভকারীদের তিন বর্গকিলোমিটার অবস্থান স্থলের চারপাশে গড়ে তোলা ব্যারিকেডগুলোর একটির ঠিক উল্টো দিকে অবস্থিত সিলোম এলাকার দুসিত থানি নামের একটি বিলাসবহুল হোটেলে রাতব্যাপী তীব্র লড়াই চলে।দুই পক্ষের সংঘর্ষে গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত ৩৫ জন মারা গেছেন বলে জানিয়েছে এরাওয়ান মেডিকেল সেন্টার। এদিকে থাই টিএনএন টিভি জানায়, সহিংসতায় এ নতুন পর্বে সিলোম রোডের বাণিজ্যিক এলাকায় ঘটা সংঘর্ষে এই প্রথম একজন সেনাসদস্য নিহত হলেন।থাই টিভি এক প্রতিবেদনে বলে, দুসিত থানি হোটেলকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হলে এক ব্যক্তি নিহত হন, যদিও তাত্ক্ষণিকভাবে সংবাদটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।গত রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া বলেন, ‘আমরা এখন আর পিছু হটতে পারি না।’ বিবৃতিতে আপিসিত ভেজ্জাজিওয়া জানিয়ে দেন তাঁর সরকার ক্ষমতাসীন ছয় দলীয় জোটকে উত্খাত করার লক্ষ্যে চলমান বিক্ষোভ দমন করার জন্য চরম কর্মসূচি গ্রহণ করেছে।মধ্য মার্চে লাল শার্টরা বিক্ষোভ শুরু করার পর থেকে এ পর্যন্ত অন্তত ৬৪ ব্যক্তি নিহত এবং এক হাজার ৬০০ জনেরও বেশি লোক আহত হয়েছে।