বিক্ষোভকারীরা অটল ব্যাংককে যেকোনো সময় সেনা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে যেকোনো সময় বড় ধরনের অভিযান চালাতে পারে সেনাবাহিনী। ব্যাংকক থেকে বিক্ষোভকারীদের সরে যেতে সরকারের বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলে সরকারের পক্ষ থেকে এমন আভাস দেওয়া হয়েছে। তার পরও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিরোধীরা।এদিকে গুলিতে আহত সরকারবিরোধী বিক্ষোভকারী ‘লাল শার্ট’ পরাদের ‘রেড কমান্ডার’ বলে পরিচিত মেজর জেনারেল খাত্তিয়া সোয়াশদিপল গতকাল সোমবার মারা গেছেন। গত রোববার রাতে সেনাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে সেনাসদস্যসহ আরও দুজন নিহত হয়েছেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা এই ‘গভীর সংকট’ থেকে উত্তরণে সরকার ও তার সমর্থক ‘লাল শার্ট’ পরাদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।থাকসিনের সমর্থকেরা প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়ার পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে দুই মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বিক্ষোভ চলাকালে সহিংসতায় এ পর্যন্ত ৬৬ জন নিহত ও দেড় হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। গত চার দিনেই নিহত হয়েছেন অন্তত ৩৬ জন।গতকাল স্থানীয় সময় বিকেল তিনটায় সরকারের বেঁধে দেওয়া সময় পার হলেও অন্তত পাঁচ হাজার বিক্ষোভকারী সেখানে রয়ে গেছেন। বিক্ষোভকারী আমনার্ট বলেন, ‘আমি গণতন্ত্র চাই। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ঘরে ফিরতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।’প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্তমন্ত্রী সাতিত ওংনংতায়ে বলেন, বিক্ষোভকারীদের হটিয়ে দিতে শিগগিরই অভিযান চালানো হবে। বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে সরিয়ে দিতে টেলিভিশন ও রেডিওতে ঘোষণা দেওয়া হয়েছে। মাইক দিয়ে পুলিশ বারবার তাঁদের সরে যেতে বলেছে। গতকাল বিভিন্ন সময়ে বিক্ষোভকারীদের অবস্থান নেওয়া এলাকায় নিরাপত্তাবাহিনীর হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে।উপ-স্বাস্থ্যমন্ত্রী পানসিরি কুল্লানারসিরি বলেন, ব্যাংককসহ ২০টিরও বেশি প্রদেশের হাসপাতালগুলো জরুরি অবস্থা মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে।ব্যাংককের দিন দায়েং এলাকায় বিভিন্ন সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সরকারবিরোধীরা।সেহ দায়েং বা রেড কমান্ডার বলে পরিচিত মেজর জেনারেল খাত্তায়ি গত বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসকে সাক্ষাৎকার দেওয়ার সময় গুলিতে আহত হন। গতকাল স্থানীয় সময় সকাল নয়টা ২০ মিনিটে তিনি মারা যান। গতকাল সকালে ব্যাংককের একটি বিলাসবহুল আবাসিক হোটেলে বাইরে থেকে গুলি চালানো হয়েছে। এর কাছেই বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ সময় সেখানে অবস্থানরত সবাই বেসমেন্টে আশ্রয় নেয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।গতকাল ব্যাংককের অস্ট্রেলিয়ার দূতাবাসে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে দেশটিতে মার্কিন ও ব্রিটিশ দূতাবাস বন্ধ করে দেওয়া হয়। এএফপি, বিবিসি।