বিক্ষোভকারীরাই বর্ষসেরা ব্যক্তিত্ব (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ‘টাইম’-এর ২০১১ সালের শ্রেষ্ঠ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় সবার ওপরে স্থান করে নিয়েছে ‘আরব বসন্ত’ ও ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনের বিক্ষোভকারীরা। টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘রাশিয়া, লন্ডন, ওয়াল স্ট্রিট এবং সমগ্র মধ্যপ্রাচ্যজুড়ে হঠাত্ করে শুরু হওয়া এ বিক্ষোভ রাজনৈতিক ক্ষমতা জনগণের হাতে নেওয়ার পন্থায় পরিণত হয়েছে। এ জন্য বিক্ষোভকারীরা তাদের জীবনকে প্রতিদিন ঝুঁকির মধ্যেও ফেলেছে।’আন্দোলনকারীদের অবদানকে স্বীকৃতি দিয়ে বলা হয়েছে, ‘বিক্ষোভকারীরাই টাইম ম্যাগাজিনের ২০১১ সালের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।’চলতি বছরের শুরুর দিকে প্রথমে তিউনেসিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ দেখা দেয়। গণ-অভ্যুত্থানে দেশটির ২৩ বছরের স্বৈরশাসক বেন আলী দেশ ছেড়ে পালিয়ে যান। পরে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের দেশে দেশে। পতন ঘটে মিসরের হোসনি মোবারকের, লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির। এখনো মধ্যপ্রাচ্যের অনেক দেশেই চলছে সরকারবিরোধী বিক্ষোভ। বিশ্লেষকেরা মধ্যপ্রাচ্যের এই গণজাগরণকে ‘আরব বসন্ত’ নামে অভিহিত করছেন। এর পরই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয় পুঁজিবাদবিরোধী ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলন। একপর্যায়ে আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। পুঁজিবাদবিরোধী আন্দোলনের পাশাপাশি লন্ডনে নানা দাবিতে বিক্ষোভ হয়। সম্প্রতি রাশিয়ায় শুরু হয়েছে পুতিন-বিরোধী বিক্ষোভ। হঠাত্ করে শুরু হওয়া এসব আন্দোলন কখনো থেকেছে শান্তিপূর্ণ। আবার কখনো তা সহিংস রূপ নিয়েছে। প্রতিবছর ভালো বা মন্দ কিংবা বছরের সেরা আলোচিত ঘটনার নায়কদের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব নির্বাচন করে টাইম ম্যাগাজিন। সবাইকে চমক দিয়ে টাইম ম্যাগাজিনের চলতি বছরের শ্রেষ্ঠ ব্যক্তিত্বের স্থান দখল করে নিল বিক্ষোভকারীরা।