বিক্ষোভে অগ্নিগর্ভ সিরিয়া, গুলিতে নিহত ১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় গতকাল শুক্রবার সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর দেরায় বিক্ষোভ মিছিলে সেনাদের গুলিতে ১৯ জন বিক্ষোভকারী নিহত ও বহু মানুষ আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল জুমার নামাজের পর দেরা শহরের তিনটি মসজিদ থেকে কয়েক হাজার লোক সরকারবিরোধী মিছিল বের করে। তারা সরকারবিরোধী স্লোগান দেয়। মিছিলটি শহরের আদালত চত্বরের দিকে যাওয়ার চেষ্টা করলে সেনারা বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে সেনাদের সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ১৯ জন বিক্ষোভকারী নিহত ও বহু মানুষ আহত হয়।দেরা শহরের আল ওমারি মসজিদের কাছের বাসিন্দারা সাংবাদিকদের জানান, তাঁরা ওই এলাকাতেই ১৩টি মৃতদেহ দেখেছেন। আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন অনেক বিক্ষোভকারীকে। একজন প্রত্যক্ষদর্শী জানান, বিক্ষোভকারীরা দেরায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রয়াত ভাইয়ের একটি ভাস্কর্য গুঁড়িয়ে দিয়েছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাও দেরায় বিক্ষোভ ও গুলির খবর দিয়েছে। তবে তারা জানায়, দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। এতে বেশ কয়েকজন পুলিশ ও অধিবাসী আহত হয়। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়, সংঘর্ষে একজন অ্যাম্বুলেন্স-কর্মী নিহত হয়েছেন।এদিকে রাজধানী দামেস্কের শহরতলি হারাসতায়েও গতকাল গুলির শব্দ শোনা গেছে। এ ছাড়া হামা শহরেও সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। এখানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। স্থানীয় বাসিন্দারা জানান, বিক্ষোভ মিছিলে প্রায় দুই হাজার লোক অংশ নেয়। মুসলিম ব্রাদারহুড এ মিছিলের নেতৃত্ব দেয়।দেশটির পূর্বাঞ্চলেও গতকাল সংস্কারের দাবিতে হাজার হাজার কুর্দি বিক্ষোভ করেছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ গত বৃহস্পতিবার কুর্দিদের নাগরিকত্ব দেওয়ার ওপর থেকে বিধিনিষেধ শিথিল করার প্রস্তাব দেওয়ার পরও এ বিক্ষোভ হলো।তিন সপ্তাহ ধরে অধিকতর স্বাধীনতার দাবিতে সিরিয়ায় বিক্ষোভ চলছে। এই অস্থিরতার মুখে প্রেসিডেন্ট আসাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি ব্যবহারের পাশাপাশি সংস্কারের উদ্যোগও নিয়েছেন।বিক্ষোভ দমানোর সর্বশেষ চেষ্টা হিসেবে তিনি কুর্দিদের নাগরিকত্ব মঞ্জুরের প্রস্তাব দিয়েছেন। ৪৮ জন কুর্দিকে জেল থেকে মুক্তি দেওয়ার পদক্ষেপ নিয়েছেন। কিন্তু তার পরও বিক্ষোভ দমনে তাঁর কোনো চেষ্টাই কাজে আসছে না। এএফপি, রয়টার্স ও বিবিসি।