বিক্ষোভে উত্তাল আশুলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকেরা গতকাল মঙ্গলবার রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ায় অন্তত ২০টি কারখানা ও দুই শতাধিক যানবাহন ভাঙচুর করেছেন। এ সময় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি। শ্রমিকদের ব্যাপক বিক্ষোভের মুখে প্রায় ২০০ কারখানায় ছুটি দেওয়া হয়। একই দাবিতে আশুলিয়ার পোশাকশ্রমিকেরা গত সোমবারও ব্যাপক ভাঙচুর করে বিক্ষোভ দেখান।যেভাবে বিক্ষোভ শুরু: প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল সকালে আশুলিয়ার সব পোশাক কারখানা খোলা ছিল। কিন্তু সোমবারের শ্রমিক বিক্ষোভের কারণে বাংলাবাজার এলাকায় হা-মীম গ্রুপের আর্টিস্টিক ডিজাইন কারখানাটি ছিল বন্ধ। সকাল আটটার দিকে শ্রমিকেরা কারখানা বন্ধ পেয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে বিক্ষোভ মিছিল করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন শ্রমিকেরা। এই সংঘর্ষ চলে প্রায় তিন ঘণ্টা ধরে।ওই সংঘর্ষের খবরে নরসিংহপুরে হা-মীম ও শারমিন গ্রুপের হাজার হাজার শ্রমিক কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন। এর পরপর ছুটি ঘোষণা করা হয় বাইপাইল, ইউনিক, জামগড়া, সরকার মার্কেট ও জিরাব এলাকার প্রায় ২০০ পোশাক কারখানায়। এসব কারখানার শ্রমিকদের অধিকাংশই আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে যোগ দিয়ে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মুখলেছুর রহমানসহ ১৫ জন কনস্টেবল ও অর্ধশত শ্রমিক আহত হন।হামলা ও ভাঙচুর: সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল নয়টার দিকে একদল শ্রমিক জামগড়া এলাকায় যানবাহন ভাঙচুর করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাধে। শ্রমিকদের নিবৃত্ত করতে রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে সামসুন্নাহার, রোকেয়া, শম্পা, ইয়াসমিন, সাগরসহ বেশ কয়েকজন শ্রমিক ও পথচারী গুলিবিদ্ধ হন। তাঁদের স্থানীয় নারী ও শিশুস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে অন্য কারখানার বেশ কয়েকজন পোশাকশ্রমিক ও কর্মকর্তা আহত হন।বিক্ষুব্ধ শ্রমিকেরা সকাল ১০টার দিকে আবারও জামগড়া এলাকায় মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে। শ্রমিকেরা তখন ওই এলাকার ইউনাইটেড এক্সেসরিজ কারখানায় হামলা চালিয়ে শ্রমিকদের থাকার ঘরে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। শ্রমিকেরা একের পর এক হামলা চালিয়ে ভাঙচুর করেন মেডলার, উইন্ডি গ্রুপ, স্ক্যান্ডাক্স, এএম ডিজাইন, সেড ফ্যাশন, মদিনা, দাদা, সাফা সোয়েটারসহ অন্তত ২০টি পোশাক কারখানা।সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা সরকার মার্কেটের সামনে অবস্থান নিয়ে যানবাহন ভাঙচুর করেন। শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। শ্রমিকেরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের উভয় পাশের গলিতে ঢুকে চোরাগোপ্তা হামলা চালিয়ে শতাধিক যানবাহন ভাঙচুর করেন। দুপুর ১২টার দিকে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত হয়ে শ্রমিকদের ধাওয়া দিলে শ্রমিকেরা চলে যান। এর আগে নিশ্চিন্তপুর এলাকার শ্রমিকেরা দফায় দফায় হামলা চালিয়ে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেন। সেখানে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলে। শ্রমিকেরা শিল্পাঞ্চল পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুস সালামের সরকারি গাড়ি ভাঙচুর করেন।শ্রমিকেরা যা বলেন: আন্দোলনরত শ্রমিকেরা জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার পাশাপাশি বাড়িভাড়াও বাড়ানো হচ্ছে। কিন্তু সেই সঙ্গে বেতন না বাড়ায় তাঁদের সংসার চালানোই কষ্টকর হয়ে পড়েছে। এ কারণেই তাঁরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছেন।হা-মীম গ্রুপের নির্বাহী পরিচালক (উৎপাদন) সুনীল কুমার সরকার প্রথম আলোকে বলেন, বাড়িভাড়া ও জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবি জানাচ্ছেন। কিন্তু সরকার-ঘোষিত বেতনকাঠামোর বাইরে তাঁদের পক্ষে শ্রমিকদের বেতন বাড়ানো সম্ভব নয়।ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া বলেন, পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।