বিক্ষোভে উত্তাল তাহরির স্কোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোর ঐতিহাসিক তাহরির স্কোয়ার আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।প্রত্যাশার চেয়ে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারককে লঘু দণ্ড প্রদান এবং বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ থেকে বেশ কয়েকজন কর্মকর্তাকে খালাস দেওয়ায় প্রতিবাদে ফেটে পড়েছে বিক্ষুব্ধ জনতা।গতকাল শনিবার দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন দেশটির একটি আদালত। গত বছরের শুরুর দিকে তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের হত্যার দায়ে আদালত এ রায় দিয়েছেন।একই সঙ্গে মোবারকের আমলের স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল আদলিকেও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তবে পুলিশের শীর্ষস্থানীয় ছয়জন কর্মকর্তা খালাস পেয়েছেন। তা ছাড়া মোবারকের দুই ছেলে গামাল ও আলাকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।আদালতের এ রায়ে হতাশ ও ক্ষুব্ধ হয়ে গতকাল রাত থেকে তাহরির স্কোয়ারে বিক্ষোভে যোগ দেয় হাজার হাজার জনতা। মধ্যরাতের আগেই সেখানে পাঁচ হাজারেরও বেশি বিক্ষোভকারী জড়ো হয়। বিক্ষোভকারীদের অনেকেই আবারও একটি অভ্যুত্থানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে।১৯৮১ সালে মিসরের ক্ষমতা গ্রহণ করেন মোবারক। আরব-বসন্তের জেরে গত বছরের শুরুর দিকে মিসরে হোসনি মোবারক-বিরোধী আন্দোলন শুরু হয়। টানা ১৮ দিনের গণ-আন্দোলনের মুখে ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি হোসনি মোবারকের ৩০ বছরের শাসনের অবসান ঘটে। ওই গণ-আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর হাতে নয় শতাধিক ব্যক্তি নিহত হয়।পতনের পর মোবারক, তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যা, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগে মিসরে বিচার শুরু হয়।