বিক্ষোভে উত্তাল মিসরের তাহরির স্কয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির জারি করা ডিক্রির প্রতিবাদে গতকাল শুক্রবার রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। এটিকে মুরসির ক্ষমতা কুক্ষিগত করার পদক্ষেপ হিসেবে অভিহিত করে বিক্ষোভে নামা হাজার হাজার তরুণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশের ট্রাকে আগুন লাগিয়ে দেয়। বার্তা সংস্থা রয়টার্স ও আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।বিভিন্ন শহরে গতকাল শুক্রবার প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়। বিরোধীদলীয় নেতারা এ বিক্ষোভের ডাক দেন। বিক্ষোভের সময় রাজধানী কায়রো, আলেকজান্দ্রিয়া, পোর্ট সাঈদ, সুয়েজ প্রভৃতি স্থানে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে।আলেকজান্দ্রিয়ায় অবস্থিত মুরসির ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির সদর দপ্তরে গতকাল আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এ নিয়ে পাঁচ জায়গায় দলটির কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে। সেখানে হাজার হাজার মানুষ মুরসির জারি করা ডিক্রির প্রতিবাদে বিক্ষোভ করেছে। অনেক বিক্ষোভকারী তাঁবু টানিয়ে রাতভর সেখানে অবস্থান করেছে। আগামী মঙ্গলবার আরও বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছেন বিরোধীরা। মুরসির জারি করা ডিক্রিকে প্রেসিডেন্টের ক্ষমতা কুক্ষিগত করার পদক্ষেপ বলে সমালোচনা করেছেন বিরোধীরা।প্রেসিডেন্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো নিষিদ্ধ করে বৃহস্পতিবার ডিক্রি জারি করেন মুরসি। ডিক্রির আওতায় তাঁর সিদ্ধান্ত কোনো কর্তৃপক্ষ, এমনকি বিচার বিভাগও বাতিল করতে পারবে না। দেশটির সাবেক স্বৈরশাসক হোসনি মোবারককে উত্খাতে ২০১১ সালে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের হত্যায় অভিযুক্তদের পুনর্বিচারের পথও ডিক্রির মাধ্যমে উন্মুক্ত করা হয়েছে।এদিকে মোহাম্মদ মুরসি গতকাল কায়রোতে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, তিনি মিসরের স্বাধীনতা ও গণতন্ত্রের স্বার্থে নিজের ক্ষমতা সম্প্রসারিত করেছেন। বিক্ষোভের কারণে তিনি পাকিস্তানে তাঁর এক সরকারি সফর বাতিল করেছেন।