বিক্ষোভে উত্তাল সিলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী ঢাকায় ‘নিখোঁজ’ হওয়ার প্রতিবাদে গতকাল বুধবার সিলেটের কয়েকটি স্থানে মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হন। আটক করা হয় ১০ জনকে।এর আগে সিলেট জেলা ও মহানগর বিএনপি নগরে বিক্ষোভ মিছিল করে। তারা সিলেটে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।মহানগর বিএনপির সভাপতি এম এ হক প্রথম আলোকে বলেন, ‘আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল সিলেটে ঘোষণা করা হলেও এই কর্মসূচি বিভাগজুড়ে পালন করা হবে।’সিলেট বিএনপির নেতারা জানান, ইলিয়াস আলী তাঁর বিরুদ্ধে গাড়ি পোড়ানোর পাঁচটি মামলায় সিলেট দ্রুত বিচার আদালতে গত মঙ্গলবার হাজিরা দেন। বিকেলে তিনি ঢাকায় যান। রাতে তাঁর ঢাকার বাসা থেকে বের হওয়ার পর ‘নিখোঁজ’ হন। এই খবর পেয়ে সিলেটের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। সিলেট জেলা ও মহানগর বিএনপি গতকাল সকাল ১০টার দিকে নগরের কোর্ট পয়েন্টে সমাবেশ করে আজ সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে। এর পরপরই বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষুব্ধ নেতা-কর্মীরা দুপুর ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরান, সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজী ও গোবিন্দগঞ্জ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এসব এলাকা প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখা হয়।এ ছাড়া সকাল থেকেই ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা ও গ্রামের বাড়ি বিশ্বনাথের রামধানা থেকে তাঁর সমর্থকেরা ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর এলাকায় জড়ো হতে থাকে। একপর্যায়ে মহাসড়কে গাছের ডাল ও ইট ফেলে তারা যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। একজন বিক্ষোভকারী পুলিশ কনস্টেবল নয়ন মিয়ার কাছ থেকে গ্যাসগান ছিনিয়ে নেয়। বিক্ষোভকারীরা নয়নের পরনে থাকা জ্যাকেট, হেলমেট ও ঢাল ছিনিয়ে নেয়। নয়ন তাঁর গ্যাসগান ও পোশাক ফিরিয়ে নিতে চাইলে বিক্ষোভকারীদের হাতে প্রহূত হন। সহকর্মীরা তাঁকে রক্ষা করতে ব্যর্থ হন। একপর্যায়ে কনস্টেবল নয়ন অচেতন হয়ে পড়েন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।এ খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াতের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। বিক্ষোভকারীরা তাদেরও অবরুদ্ধ করে। পরে দাঙ্গা পুলিশ, আর্মড পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় তাঁদের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ও রাবার বুলেট ছুড়ে বেলা আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পুলিশের দুজন সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়। এর আগে মহাসড়কের পাশের খাদ থেকে পুলিশের ছিনিয়ে নেওয়া গ্যাসগান ও পোশাক উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে শামসুল ইসলাম, আবদুর রকিব, সেলিম, সাজন মিয়া, জুয়েল আহমদসহ ১০ জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।ওসি আবু শামা মো. ইকবাল হায়াত বলেন, গ্যাসগান ছিনতাইয়ের ঘটনার পর পুলিশ অ্যাকশনে যেতে বাধ্য হয়। আড়াইটার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।এদিকে বালাগঞ্জ ও ওসমানীনগর এলাকার বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর, সাদিপুর, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর, কুরুয়া এলাকায় অবস্থান নিতে থাকে। বিক্ষোভকারীরা মহাসড়কের ওপর গাছ ও বাঁশ ফেলে এবং টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।মহাসড়কের তাজপুর বাজারে বিক্ষোভের সময় বেলা ১১টার দিকে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) তৈমুর বখত চৌধুরী, উপপরিদর্শক (এসআই) মো. মোজাফ্ফর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফ আলীসহ পুলিশের ছয়জন সদস্য আহত হন। একই সময়ে তাজপুর বাজারে শ্যামলী পরিবহনের একটি বাসসহ কয়েকটি যান ভাঙচুর করা হয়।ওসি তৈমুর বখত চৌধুরী বলেন, পুলিশ তাজপুর বাজারে অবস্থান নিলে বিএনপির নেতা-কর্মীরা কোনো কারণ ছাড়াই ইটপাটকেল ছোড়েন। এতে তিনিসহ পুলিশের ছয়জন সদস্য আহত হন। এ ব্যাপারে মামলা করা হবে বলে জানান তিনি।বালাগঞ্জে মহাসড়ক অবরোধে অংশ নিয়ে সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক আনহার মিয়া বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে ইলিয়াস আলীকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।’সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘পুলিশ অবরোধস্থলে গিয়ে বিক্ষোভকারীদের হামলার মুখে পড়ে। রশিদপুরে গ্যাসগান ও পোশাক ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটলে পুলিশ চার থেকে পাঁচটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং ১৫ থেকে ২০টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন।পুলিশের দায়িত্ব পালনে বাধা ও গ্যাসগান ছিনতাইয়ের ঘটনায় সিলেটের দক্ষিণ সুরমা থানায় দুটি মামলা হয়েছে বলে জানান তিনি।‘২৪ ঘণ্টার মধ্যে ইলিয়াসের খোঁজ চাই’: ২৪ ঘণ্টার মধ্যে ইলিয়াস আলীর খোঁজ না পাওয়া গেলে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের হরতাল করা হবে। গতকাল বিকেলে নগরের কোর্ট পয়েন্টে সমাবেশ করে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা এই ঘোষণা দেন। সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হকের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সাবেক সাংসদ দিলদার হোসেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গাফ্ফার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমদ, বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী প্রমুখ।হরতালের আওতামুক্ত: সিলেট মহানগর বিএনপি ও জেলা বিএনপির যৌথ বিবৃতিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় হরতাল চলাকালে রোগী বহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।আরও বিক্ষোভ: ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার প্রতিবাদে গতকাল হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিএনপি।