বিক্ষোভে ফেটে পড়লেন বিএনপির নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে আজ মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা মহানগর বিএনপি ওই সমাবেশ করে। সমাবেশে বিএনপির নেতারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। সরকারের কর্মকাণ্ডে ক্ষোভ ও নিন্দা জানান বিএনপির নেতারা।সরকার ইচ্ছাকৃতভাবে নৈরাজ্য তৈরি করে একদলীয় নির্বাচন দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম। তিনি এই একদলীয় সরকারের প্রেতাত্মাকে দূর করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করার জন্য নেতা-কর্মীদের পাড়া-মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানান।সরকার মেয়াদের শেষ বছরে এসে নার্ভাস হয়ে গেছে। আর এ কারণেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে তাঁকে কারারুদ্ধ করে রাখছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রীর অধীনে দলীয় সরকারের নির্বাচন কেমন হবে, তা তিনি ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন। সরকারি খরচে জনসভা করে সরকারি কর্মকর্তা আর দেহরক্ষী নিয়ে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। তাঁর অধীনে নির্বাচন হলে এই কর্মকর্তারাই তো মাঠে থাকবেন।রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে উদ্দেশ করে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, ‘আপনি কী একবারও বলেছেন, আওয়ামী লীগ বিরোধী দলের নেতা-কর্মীদের কেন এভাবে হত্যা-নির্যাতন করছে? আপনি নুরুল ইসলাম ও নাটোরের উপজেলা চেয়ারম্যানের খুনিদের ক্ষমা করে দিয়ে এখন নিজের স্ত্রীর হত্যার বিচার চাইছেন। এই দ্বিমুখী নীতির আমরা নিন্দা জানাই।’বিএনপির নেতা মির্জা আব্বাস প্রধানমন্ত্রীকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের স্বপ্ন দেখা ভুলে যেতে আহ্বান করেন। আন্দোলন কত প্রকার ও কী কী তা বিএনপি দেখাবে বলেও মন্তব্য তাঁর। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের অভিযোগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সরকার উপহাস করছে। তিনি বলেন, ‘তাই এখন দৌড় দেওয়া চলবে না, অলিগলিতে পালানো যাবে না। স্লোগান তুলে হাত-পা চালাতে হবে। নইলে আওয়ামী লীগের চাপাতি হাতে গণতন্ত্র নিহত হবে।’সাদেক হোসেন খোকার সভাপতিতে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির নেতা আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, আমানউল্লাহ, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম প্রমুখ।